রকিবুলের চুম্বন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকেএসপিতে লিজেন্ডস অব রূপগঞ্জের সঙ্গে কাল হাফ সেঞ্চুরি করেই ড্রেসিংরুমের দিকে ব্যাট উঁচিয়ে উড়ন্ত চুম্বন দিলেন রকিবুল হাসান। প্রাইম দোলেশ্বরের ওপেনারের চুমু কার উদ্দেশে? কেউ একজন ড্রেসিংরুমের সামনে বসা নাসির হোসেনকে দেখিয়ে দিলেন, ‘ওকে দিয়েছে!’ চুমুটা আসলেই তাঁর উদ্দেশে কি না, পরিষ্কার না হলেও নাসির দিলেন দারুণ একটি তথ্য। রকিবুল যে ব্যাটটা দিয়ে খেলছেন, সেটা আসলে নাসিরের। এই ব্যাট দিয়েই লিগে ধারাবাহিক ভালো করেছেন রকিবুল। ১৬ ম্যাচে ১ সেঞ্চুরি ও ৫ হাফ সেঞ্চুরিতে ৬৫.৩৬ গড়ে ৭১৯ রান করে আছেন সবার ওপরে। সৌভাগ্যের ব্যাট কিছুতেই হাতছাড়া করতে চান না রকিবুল। নাসিরও কম যান না। রকিবুলকে ব্যাটটা একেবারে দিয়ে দিতে নারাজ তিনি। ম্যাচ শেষে রকিবুলকে প্রশ্নটা করা হলো, ফিফটির পর চুমু দিয়েছিলেন কাকে? লাজুক হাসিতে তাঁর এক শব্দের উত্তর, ‘দলকে!’