রকিবুল-মারুফের রানে ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবশেষে মেহেদী মারুফের ব্যাটে রান। ভিক্টোরিয়ার বিপক্ষে সেঞ্চুরি করার পর প্রাইম ব্যাংক অধিনায়কের উদ্‌যাপনে মিশে রইল স্বস্তি ও আনন্দের যুগল অনুভূতি। কাল বিকেএসপিতে l প্রথম আলো
অবশেষে মেহেদী মারুফের ব্যাটে রান। ভিক্টোরিয়ার বিপক্ষে সেঞ্চুরি করার পর প্রাইম ব্যাংক অধিনায়কের উদ্‌যাপনে মিশে রইল স্বস্তি ও আনন্দের যুগল অনুভূতি। কাল বিকেএসপিতে l প্রথম আলো

গত ঢাকা প্রিমিয়ার লিগে সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন রকিবুল হাসান, ১৬ ম্যাচে করেছিলেন ৭১৯ রান। এবার প্রথম তিন ম্যাচে করেছিলেন ২৯। কাল অবশেষে রানে ফিরেছেন রকিবুল। ফতুল্লায় খেলাঘরের বিপক্ষে তাঁর দল মোহামেডানও জিতেছে ৪ উইকেটে।
বিকেএসপিতে লিগের অন্য দুই ম্যাচ খুব একটা জমেনি। ভিক্টোরিয়াকে ১৩০ রানের বড় ব্যবধানে হারিয়েছে প্রাইম ব্যাংক, আর ব্রাদার্সের কাছে পারটেক্স হেরেছে ৭ উইকেটে।
রানের মধ্যে থাকা অমিত মজুমদার ও রবিউল ইসলাম কালও খেলাঘরকে বড় রানের স্বপ্ন দেখিয়েছিলেন। কিন্তু মোহামেডানের বোলিং তাঁদের সেই স্বপ্ন পূরণ হতে দেয়নি। দুজনের দুটি ফিফটি নিয়েও খেলাঘরের রান ২০০ পেরোয়নি। ৪২ রানের মধ্যে শেষ ৭ উইকেট হারিয়ে ৪৫.৪ ওভারে তারা অলআউট ১৮৯ রানে।
তবে যথেষ্ট কাঠখড় পুড়িয়েই এই ছোট লক্ষ্যটা ছুঁতে পেরেছে মোহামেডান! ১২৬ রানে ৬ উইকেট হারিয়ে একসময় পরাজয়ের চোখ রাঙানিই দেখতে হয়েছে। ১৭ ওভারে হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া হলেও অফ স্পিনে মোহামেডানের বড় পরীক্ষাই নিয়েছেন রবিউল ইসলাম। সপ্তম উইকেটে রকিবুল-তাইজুল ইসলামের অবিচ্ছিন্ন ৬৪ রানের জুটিতে উদ্ধার হয়েছে মোহামেডান। রকিবুল অপরাজিত থাকেন ৭৬ রানে, তাইজুল ১৪ রানে।
নিজে রানে ফিরেছেন, তাতে দলও জিতেছে—মোহামেডান অধিনায়ক রকিবুলের এটি বড় স্বস্তি, ‘রানে ফিরেছি, তার চেয়ে বেশি ভালো লাগছে কঠিন পরিস্থিতিতে দলকে জিতিয়েছি। এমন জয়ে নিজের ও দলের আত্মবিশ্বাস বাড়ে।’ ব্যাপারটি যে কালই প্রথম ঘটল তা নয়, মোহামেডানের এমন ব্যাটিং বিপর্যয় এবার প্রায় নৈমিত্তিক। এই সমস্যার সমাধান খুঁজছেন রকিবুল।
রানে ফিরেছেন প্রাইম ব্যাংক অধিনায়ক মারুফও। আগের তিন ম্যাচে সাকল্যে ২৮ রান করা মারুফ কাল করলেন সেঞ্চুরি। তাঁর ১০৩ বলে ১০১ রান নিয়ে প্রাইম ব্যাংক পেয়ে যায় ২৮৩ রানের বড় স্কোর। এই রান তাড়া করতে নেমে বিনা রানেই ভিক্টোরিয়া হারিয়ে ফেলে ২ উইকেট। মূলত আল আমিন হোসেন ও আরিফুল হকের বোলিংয়েই ৩৩.৫ ওভারে ভিক্টোরিয়া অলআউট ১৫৩ রানে।
বিকেএসপির অন্য মাঠের ম্যাচটা ছিল আরও নিরুত্তাপ। ব্রাদার্সের দুর্দান্ত বোলিংয়ে পারটেক্স ৩০.৫ ওভারে অলআউট ১০২ রানে। বাঁহাতি স্পিনার নেহাদুজ্জামান ৮.৫ ওভারে ২১ রান দিয়ে নেন ৪ উইকেট। লাঞ্চের আগেই ১৭.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ব্রাদার্স।
সংক্ষিপ্ত স্কোর
খেলাঘর: ৪৫.৪ ওভারে ১৮৯ (রবি ৬৩, অমিত ৫৩; এনামুল জু.৩/৩৩, আজিম ২/২৫, কামরুল ২/২৮, তাইজুল ২/৩৯)। মোহামেডান: ৪৪.৫ ওভারে ১৯০/৬ (রকিবুল ৭৬*, মুকুন্দ ৩৫; রবি ৩/২০)।
ফল: মোহামেডান ৪ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: রকিবুল হাসান।

পারটেক্স: ৩০.৫ ওভারে ১০২ (সাজ্জাদুল ৪২; নিহাদ ৪/২১, নাঈম ২/১৬, কাজী কামরুল ২/৩২)। ব্রাদার্স: ১৭.৫ ওভারে ১০৩/৩ (ফরহাদ ৩৫*, মিজান ৩৩; রাজীবুল ১/৯)।
ফল: ব্রাদার্স ৭ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: নিহাদুজ্জামান।

প্রাইম ব্যাংক: ৪৯.৪ ওভারে ২৮৩ (মারুফ ১০১, আসিফ ৩৭, অভিমন্যু ৩৩; মনির ৩/৪৪, মঈনুল ২/৩৬, ইসলামুল ২/৪৯, রুবেল ২/৫৬)। ভিক্টোরিয়া: ৩৩.৫ ওভারে ১৫৩ (শফিউল ৪২, নাসিরউদ্দিন ২৭; আরিফুল ৩/১৪, আল আমিন ২/১৪)।
ফল: প্রাইম ব্যাংক ১৩০ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: মেহেদী মারুফ।