রক্তচাপের ওষুধ খেয়েই বিপাকে ইয়াসির?

ব্যাপারটা একটা ধাক্কার মতো হয়েই এসেছে পাকিস্তান ক্রিকেটে। পাকিস্তান দলের বোলিং আক্রমণের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে ওঠার মুহূর্তেই রক্ত পরীক্ষায় নিষিদ্ধ ওষুধের নমুনা পাওয়া গেল লেগ স্পিনার ইয়াসির শাহর। আপাতত রক্তে নিষিদ্ধ ওষুধের নমুনা পাওয়া গেছে, কিন্তু বিষয়টা প্রমাণিত হলে বেশ কয়েক বছরের নিষেধাজ্ঞার কবলে পড়তে হতে পারে তাঁকে। টি-টোয়েন্টি বিশ্বকাপসহ নতুন বছরে পাকিস্তানের অন্যান্য সূচি সামনে রেখে ইয়াসিরের ঘটনাটিকে নিজেদের পরিকল্পনায় বড় ধরনের বাধা হিসেবেই দেখছেন পাকিস্তানের প্রধান নির্বাচক হারুন রশিদ।
কিন্তু ইয়াসির হঠাৎ করেই বা এমন পরিস্থিতির শিকার হলেন কেন? এমনিতেই আন্তর্জাতিক ক্রিকেটারদের বিভিন্ন ওষুধপত্র সেবনে সতর্ক হতে হয়। বিভিন্ন শারীরিক অসুস্থতায় ডাক্তারের ব্যবস্থাপত্র নিতেও আইসিসি ঘোষিত নিষিদ্ধ উপাদানের নীতিমালা মাথায় রাখতে হয় তাদের। নিতান্ত বাধ্য হয়ে নিষিদ্ধ উপাদান মিশ্রিত কোনো ওষুধ সেবনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ড কিংবা আইসিসিকে আগে থেকেই জানিয়ে রাখাটাও খেলোয়াড়দের দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে। ইয়াসিরের ক্ষেত্রে আসলে কী ঘটেছিল!
প্রধান নির্বাচক হারুন রশিদই জানিয়েছেন ব্যাপারটা। উচ্চ রক্তচাপের প্রতিরোধক ওষুধ সেবন করেই না কি এমন বিপদে পড়েছেন ইয়াসির। তবে হারুন রশিদ জানিয়েছেন, নিয়মানুযায়ী যেকোনো ওষুধ সেবনের সময়ই তা বোর্ডকে জানানোর কথা। ইয়াসির রক্তচাপের ওষুধ খেয়ে তা গোপন করেছিল। এটা তো মস্ত বড় একটা ভুল।’
ইয়াসিরের বিষয়টি এখন পুরোপুরিই আইসিসির হাতে চলে যাওয়ায়, এই অপবাদ থেকে মুক্তি পেতেও যথেষ্ট জটিলতার মধ্য দিয়ে যেতে হবে তাঁকে। আপাতত নিউজিল্যান্ড সফরে যে এই লেগ স্পিনারকে পাকিস্তান পাচ্ছে না—এটা নিশ্চিতই। আগামী ফেব্রুয়ারির এশিয়া কাপ ও মার্চ-এপ্রিলের টি-টোয়েন্টি বিশ্বকাপেও ইয়াসিরকে হারানোর যথেষ্ট শঙ্কা দেখছে পাকিস্তান।
এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি শাহরিয়ার খান নাকি ইয়াসিরের এই ঘটনায় বোর্ড ও পাকিস্তান দলের মেডিকেল প্যানেলের প্রতি উষ্মা প্রকাশ করেছেন। কোনো ক্রিকেটারের শারীরিক অসুস্থতার কারণে ব্যবহৃত ওষুধ সম্পর্কে কেন তাদের ধারণা থাকবে না, সে বিষয়ে তাদের কৈফিয়তও তিনি চেয়েছেন। সূত্র: দ্য ডন।