রঙিন পোশাকে মাশরাফিই নেতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এটি এশিয়াড যাত্রার সংবাদ সম্মেলনের ছবি। তবে কোরিয়া থেকে ফেরার পরও কোচ হাথুরুসিংহেকে পাশে নিয়ে হয়তো নিয়মিতই এভাবে সংবাদ সম্মেলনে দেখা যাবে অধিনায়ক মাশরাফিকে! l প্রথম আলো
এটি এশিয়াড যাত্রার সংবাদ সম্মেলনের ছবি। তবে কোরিয়া থেকে ফেরার পরও কোচ হাথুরুসিংহেকে পাশে নিয়ে হয়তো নিয়মিতই এভাবে সংবাদ সম্মেলনে দেখা যাবে অধিনায়ক মাশরাফিকে! l প্রথম আলো

মুশফিকুর রহিমের অনুপস্থিতিতে অধিনায়ক হিসেবে আজ উড়ে যাচ্ছেন দক্ষিণ কোরিয়ায়। তবে সব ঠিক থাকলে, এশিয়ান গেমস শেষেও অধিনায়ক তকমাটা থাকছেই মাশরাফি বিন মুর্তজার নামের পাশে। কিছুদিন ধরেই দেশের ক্রিকেটে উড়ে বেড়াচ্ছে যে গুঞ্জন, সেটা শক্ত ভিত্তি পেল কাল। আরও নির্দিষ্ট করে বললে, গুঞ্জনটাই হতে যাচ্ছে সত্যি। মাশরাফিই হতে যাচ্ছেন বাংলাদেশের রঙিন পোশাকের অধিনায়ক। বিসিবি-প্রধান নাজমুল হাসান কাল যা বললেন, তাতে আনুষ্ঠানিক ঘোষণাই শুধু বাকি থাকে। সেই ঘোষণা আসতে পারে আগামী মঙ্গলবার, বিসিবি সভা শেষে।
উপলক্ষ ছিল এশিয়ান গেমসগামী ক্রিকেট দলের সংবাদ সম্মেলন আর অফিশিয়াল ফটোসেশন। কিন্তু এশিয়াডের সোনা ধরে রাখার মিশন হারিয়ে গেল ভবিষ্যৎ অধিনায়কের আলোচনায়। সংবাদ সম্মেলনে মাশরাফি স্বাভাবিকভাবেই এড়িয়ে গেছেন এই প্রসঙ্গ। তবে বোর্ডপ্রধান যতটা সম্ভব খোলাসাই করে দিয়েছেন। গত ২৬ আগস্ট বিসিবির সভা শেষে নাজমুল হাসান জানিয়েছিলেন ভিন্ন সংস্করণে ভিন্ন অধিনায়ক রাখার ভাবনার কথা। নির্ভরযোগ্য একটি সূত্র সে সময়ই নিশ্চিত করেছিল, সিদ্ধান্ত একরকম হয়ে গেছে সেদিনই। দল সফরে ছিল বলে ঘোষণা করা হয়নি তখন। এশিয়াডে যেহেতু মুশফিক এমনিতেই যাচ্ছেন না, ওয়েস্ট ইন্ডিজ সফর শেষেও তাই তাড়াহুড়ো করা হয়নি। এর মধ্যে মাশরাফির সঙ্গে একান্তে কথাও বলেছেন বোর্ডপ্রধান। সেই আলোচনা যে ফলপ্রসূই হয়েছে, ইঙ্গিত বোর্ডপ্রধানের কথায়। শুধু তা-ই নয়, নাটকীয় এক পালাবদলে নিকট ভবিষ্যতের অধিনায়ক ভাবনায় আছেন সাকিব আল হাসানও!
মাশরাফির প্রসঙ্গে শুরুতে একটু রাখঢাক রাখার চেষ্টা করেছিলেন বোর্ডপ্রধান, ‘এশিয়ান গেমসে যেহেতু মুশফিক নেই, তাই একজনকে অধিনায়ক করতে হতো। তাই মাশরাফিকে অধিনায়ক করা হয়েছে। তবে আমরা ওয়ানডে ও টেস্টের জন্য পৃথক অধিনায়কের কথা চিন্তা করছি। আগামী মঙ্গলবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। বোর্ড মিটিং আছে। ওখানে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পারফরম্যান্স মূল্যায়ন এবং অধিনায়কত্বের বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।’ তবে ওই ‘চূড়ান্তু সিদ্ধান্ত’ যে শুধুই আনুষ্ঠানিকতা, সেটা নিশ্চিত হয়ে যায় আরেকটি প্রশ্নের উত্তরেই, ‘মাশরাফি তো আলোচনায় থাকবেই। টেস্ট ও ওয়ানডে যেহেতু আমরা ভাগ করে ফেলছি, তাহলে একটা তো তার হাতে ছেড়ে দিতে হবে।’ এই কথার পর আসলে বলার আর কিছু বাকি থাকে না!
তবে একটা বিস্ময়ের বাকি ছিল তখনো। মাশরাফির ব্যাপারটি বেশি খোলাসা হয়ে গেছে ভেবেই হয়তো পর একটু ধোঁয়াশা রাখতে চাইলেন বোর্ড সভাপতি, ‘মাশরাফি ছাড়াও কিন্তু বিকল্প আছে। তামিম আছে, সাকিব আছে। ওরা সবাই হতে পারে। আমাদের কোনো বিশেষ পছন্দ নেই। মিটিংয়ে সবার কথা শুনে সিদ্ধান্ত হবে।’
মানে সাকিবও আছেন ভাবনায়! সেই সাকিব, কিছুদিন আগেই যে সাকিবের আচরণ বোর্ডপ্রধানের কাছে ছিল ‘অমানবিক’, দেওয়া হয়েছিল নিষেধাজ্ঞা, এখনো বহাল দেশের বাইরের লিগে খেলায় নিষেধাজ্ঞা, সময়ের প্রয়োজনে সেই সাকিবের দ্বারস্থ হতে পারে বোর্ড! নিকট ভবিষ্যতেই যে সেই সম্ভাবনা আছে, ইঙ্গিত নাজমুল হাসানের কথায়, ‘বোর্ড মিটিংয়ে যদি সবুজসংকেত পাওয়া যায় তাহলে জিম্বাবুয়ে সিরিজে ওয়ানডে ও টেস্টে পৃথক অধিনায়ক হবে। আর বিশ্বকাপের আগে আমরা পৃথক অধিনায়ক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। এখানে মাঠের পারফরম্যান্সও দেখতে হবে। সাকিবও অনেক দিন পর মাঠে নামছে। তারও মাঠের পারফরম্যান্স দেখতে হবে। আমি এখন পর্যন্ত ওর আচার-আচরণে পরিপূর্ণ সন্তুষ্ট। মাশরাফি আমাদের অত্যন্ত প্রিয় খেলোয়াড়। কিন্তু সে যেকোনো সময় ইনজুরিতে পড়ে যেতে পারে। স্বাভাবিকভাবেই ওর জন্য লং টার্ম চিন্তা করা কঠিন।’
এবার চাইলে দুইয়ে-দুইয়ে চার মেলাতে পারেন। জিম্বাবুয়ে সিরিজে রঙিন পোশাকের অধিনায়ক মাশরাফি। তাঁর নেতৃত্বগুণ নিয়ে প্রশ্নও নেই। কিন্তু দীর্ঘ মেয়াদ নিয়ে সংশয় ওই পিছু না-ছাড়া চোটের কারণেই। দৃশ্যপটে তাই সাকিব। হয়তো বিশ্বকাপে, কিংবা বিশ্বকাপের পরপরই...।
তবে চূড়ান্ত কিছুর জন্য অপেক্ষা করাই ভালো। বাংলাদেশের ক্রিকেটে শেষ কথা বলে কিছু নেই!