রঙিন পোশাকেও বিবর্ণ শ্রীলঙ্কা
টেস্ট সিরিজে ধবলধোলাইয়ের দুঃস্বপ্ন ভুলে ওয়ানডেতে নতুন শুরুর স্বপ্ন দেখছিল লঙ্কানরা। কোথায় কী! রঙিন পোশাকেও সেই বিবর্ণ শ্রীলঙ্কা। ডাম্বুলায় প্রথম ওয়ানডেতে ভারতের কাছে ১২৭ বল বাকি থাকতে ৯ উইকেটে হেরেছে উপুল থারাঙ্গার দল।
সরাসরি ২০১৯ বিশ্বকাপের টিকিট পেতে হলে সিরিজে দুটি ম্যাচ জিততে হবে শ্রীলঙ্কাকে। শ্রীলঙ্কার ওয়ানডে অধিনায়ক থারাঙ্গাও বলেছিলেন ওয়ানডেতে ভারতকে হারানোর সামর্থ্য তাঁর দলের আছে। কাল শুরুটাও হয়েছিল ভালো। কিন্তু হঠাৎ করেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে শ্রীলঙ্কার ব্যাটিং। ৩৯ রানের মধ্যে ৬ উইকেট হাওয়া! ১ উইকেটে ১৩৯ থেকে চোখের পলকে ৭ উইকেটে ১৭৮। নিরোশান ডিকভেলার ৬৪ রানের পর অ্যাঞ্জেলো ম্যাথুসের অপরাজিত ৩৬ রানে অলআউট হওয়ার আগে অবশ্য ২১৬ রান তুলতে পারে স্বাগতিকেরা।
ভারতের ব্যাটিং লাইআপের কাছে এই রান তো ডালভাত! রোহিত শর্মা শ্রীলঙ্কায় ব্যর্থতার বলয় ভাঙতে না পারলেও জয় পেতে সমস্যা হয়নি। কাল ৪ রান করেছেন রোহিত। শ্রীলঙ্কার মাটিতে সর্বশেষ ১০ ওয়ানডেতে তাঁর রান ৩৭। কিন্তু সফরে শিখর ধাওয়ানের তৃতীয় সেঞ্চুরি (১৩২*, ২০ চার, ৩ ছয়) আর বিরাট কোহলির অপরাজিত ৮২ রানে বিশাল জয় নিয়েই মাঠ ছাড়ে ভারত। সূত্র: সনি সিক্স।