রজার্সকে নিয়ে শঙ্কা

এই অ্যাশেজটা খেলেই অবসরে যাবেন বলে ঘোষণা দিয়েছেন। কিন্তু সিরিজের মাঝপথেই কি বিদায় নিতে হবে ক্রিস রজার্সকে? শঙ্কাটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। লর্ডসে অস্ট্রেলিয়ার দুর্দান্ত জয়ে কাঁটা হয়ে আছে এটিই। দ্বিতীয় দিনে জেমস অ্যান্ডারসনের প্রথম বলটাই লেগেছিল রজার্সের মাথায়। সেদিন কোনো সমস্যা হয়নি। কিন্তু রোববার চতুর্থ দিন নন-স্ট্রাইকিং প্রান্তে থাকা রজার্স অস্বস্তি বোধ করতে থাকায় হাঁটু গেড়ে বসে পড়েন। এরপর আর ব্যাটিংই করতে পারেননি। মাঠ ছেড়ে চলে গেলেও অবশ্য ড্রেসিংরুমেই ছিলেন।
রজার্সের সমস্যাটা বড় হয়ে উঠছে ইতিহাসের কারণে। গত মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে মাথায় বল লেগেছিল প্রথম টেস্টের আগে অনুশীলনে। রজার্স তখন পাত্তাই দেননি ব্যাপারটিকে। কিন্তু পরের দিন অস্বস্তির পাশাপাশি একটু ব্যথাও হচ্ছে দেখে গেলেন অস্ট্রেলিয়া দলের চিকিৎসকের কাছে। সমস্যাটার কথা বলে অনুরোধ করেছিলেন, তাঁকে যেন টেস্ট দল থেকে বাদ দেওয়া না হয়। চিকিৎসক কথা রাখেননি! দুই টেস্ট থেকেই বিশ্রাম দেওয়া হয় রজার্সকে। সমস্যাটা যে গুরুতর ছিল, এখন নিশ্চয়ই বুঝতে পারছেন রজার্স। এএফপি।