রজার্সের গুরুতর কিছু হয়নি
শঙ্কা তৈরি হয়েছিল তাঁকে নিয়ে। ক্রিস রজার্সকে নিয়ে অস্ট্রেলিয়ার সেই শঙ্কা পুরোপুরি না কাটলেও অনেকটাই দূর হয়ে গেছে। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর সমস্যাটা গুরুতর বলে মনে হচ্ছে না চিকিৎসকদের। অস্ট্রেলিয়াও তাই আশা করছে, এজবাস্টনে ২৯ জুলাই থেকে শুরু হতে যাওয়া অ্যাশেজের তৃতীয় টেস্টে খেলতে পারবেন রজার্স।
লর্ডস টেস্টের দ্বিতীয় দিনে জেমস অ্যান্ডারসনের বল লেগেছিল রজার্সের মাথায়। তাৎক্ষণিক কোনো সমস্যা না হলেও চতুর্থ দিন নন-স্ট্রাইকিং প্রান্তে থাকা অস্ট্রেলিয়ান ওপেনার অস্বস্তি বোধ করতে থাকায় হাঁটু গেড়ে বসে পড়েন। আহত হয়ে মাঠ ছাড়তে হয়। এরপর আর ব্যাটিংই করতে পারেননি। ডার্বিশায়ারের বিপক্ষে আগামীকাল থেকে শুরু তিন দিনের প্রস্তুতি ম্যাচটায় তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। পরের টেস্টেও তিনি খেলতে পারেন কি না, সেই শঙ্কা ছিল। তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার চিকিৎসক পিটার ব্রাকনার বলেছেন, ‘ক্রিসের অবস্থার উন্নতি হচ্ছে। মাথা ঘোরানোর কারণ বোঝার জন্য সে একজন বিশেষজ্ঞ দেখিয়েছে, পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় এটা পরিষ্কার, কোনো মারাত্মক চোট নেই ওর। আমরা আরও কিছু পরীক্ষার ফল দেখার অপেক্ষায় আছি।’ তবে রজার্সকে নিয়ে চিন্তিত হওয়ার মতো কিছু নেই বলেই মনে করেন ব্রাকনার, ‘মনে হচ্ছে, টেস্টের দ্বিতীয় দিনে বল লাগার কারণে কানে কিছু একটা সমস্যা হয়েছে। আশা করছি, এজবাস্টনে তৃতীয় টেস্টের আগেই এটা ঠিক হয়ে যাবে।’ বুধবার অর্থাৎ আজ সকালে লন্ডনে রজার্স আরও একজন বিশেষজ্ঞকে দেখাবেন বলেও জানিয়েছেন ব্রাকনার।
এই অ্যাশেজের পরেই ক্রিকেট থেকে অবসর নেবেন বলে ঘোষণা দিয়ে রেখেছেন রজার্স। এএফপি।