রজার্সের জন্য অপেক্ষায় বাউন্সার!
বড় ভয় যেটা ছিল, কেটে গেছে। অস্ট্রেলীয়দের দুশ্চিন্তা কাটিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন ক্রিস রজার্স, পরশু এজবাস্টনে অনুশীলনও করেছেন। তবে কাল থেকে শুরু অ্যাশেজের তৃতীয় টেস্টে খেলবেন কি না সেটা নিশ্চিত হয়নি। রজার্স যদি খেলেন, তাঁকে বাউন্সারেই স্বাগত জানানোর ঘোষণা দিয়ে রাখলেন ইংলিশ পেসার মার্ক উড।
লর্ডস টেস্টের দ্বিতীয় দিনে জেমস অ্যান্ডারসনের বল লেগেছিল রজার্সের হেলমেটে। তাৎক্ষণিক কোনো সমস্যা না হলেও চতুর্থ দিন নন-স্ট্রাইকিং প্রান্তে থাকা অস্ট্রেলিয়ান ওপেনার অস্বস্তি বোধ করতে থাকায় হাঁটু গেড়ে বসে পড়েন। পরে আর ব্যাটিং করতে পারেননি। এর আগেও গত জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের আগে অনুশীলনে মাথায় বল লাগায় একই রকম সমস্যায় দুটি টেস্টেই খেলা হয়নি অস্ট্রেলিয়ান ওপেনারের। শঙ্কা তৈরি হয়েছিল এবার এজবাস্টন টেস্টে খেলা নিয়েও। তবে পরীক্ষা-নিরীক্ষায় দেখা গেছে সমস্যাটা তেমন গুরুতর নয়। লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসক জানিয়েছেন, কানের ভেতরের দিকে ভারসাম্যহীনতায় ভুগছিলেন রজার্স। সেটা কাটিয়ে গত শুক্রবারই দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন ৩৭ বছর বয়সী বাঁহাতি ওপেনার। পরশু ঘণ্টা খানেক অনুশীলনও করেছেন। নেটে কোচ ড্যারেন লেম্যান ও স্পিনার নাথান লায়নের বল খেলেছেন, ক্যাচ অনুশীলনও করেছেন।
তবে এজবাস্টনে রজার্সের খেলাটা নির্ভর করছে ফিটনেস পরীক্ষায় উতরাতে পারেন কি না সেটার ওপর। বাউন্সারে চোট পেয়ে এত সমস্যা। কিন্তু যদি ফিট হয়ে রজার্স এজবাস্টনে খেলেন, তাঁকে আবারও বাউন্সার দিতে একটুও দ্বিধা করবেন না ইংলিশ পেসার মার্ক উড! ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফকে উড বলেছেন, ‘যদি সে পরের ম্যাচের জন্য ফিট হয়, ওকে বাউন্সার দিতে আমার একটুও বাধবে না। আমি নিশ্চিত, আমার দলের বাকি পেসাররাও তা-ই করবে। আমি চাই না তার ক্ষতি হোক। কিন্তু সে ফিট মানে সে ফিট।’ রয়টার্স।