রজার্সের বিশ্ব রেকর্ড এবং শূন্যকাহন

এই অ্যাশেজ শেষেই বিদায়—ঘোষণাটা আগেই দিয়ে রেখেছেন ক্রিস রজার্স। বিদায়বেলায় কী চাওয়া থাকতে পারে তাঁর? অবশ্যই অ্যাশেজ জয়! সঙ্গে আরেকটি ব্যক্তিগত চাওয়াও থাকার কথা। বাকি দুই টেস্টে সম্ভাব্য চার ইনিংসে সেঞ্চুরি-হাফ সেঞ্চুরি করতে পারুন বা না-পারুন, শূন্য রানে যেন আউট হতে না হয়! তাহলেই যে একটা বিশ্ব রেকর্ডকে সঙ্গী করে বিদায় নিতে পারবেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ওপেনার।
কী সেই বিশ্ব রেকর্ড? টেস্ট ক্যারিয়ারে একবারও শূন্য রানে আউট না হওয়া। এক-দুই টেস্টেই যাঁদের ক্যারিয়ার শেষ হয়ে গেছে, এমন ক্রিকেটারদের অনেকেই এই রেকর্ডের দাবিদার। তবে এসব ক্ষেত্রে কোনো একটা মানদণ্ড ঠিক করে নিতে হয়। তা যদি কমপক্ষে ২০ ইনিংস হয়, এজবাস্টন টেস্টের আগ পর্যন্ত রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার জিমি বার্কের। ১৯৫০-এর দশকে ২৪ টেস্টে ৪৪ ইনিংসে যাঁকে কখনো শূন্য রানে আউট হওয়ার যন্ত্রণায় পুড়তে হয়নি।
এজবাস্টনে দ্বিতীয় ইনিংসে ৬ রানে আউট হয়ে নিশ্চয়ই খুব মন খারাপ করে ফিরেছেন রজার্স। তবে ১২ ইনিংস পর এক অঙ্কের রানে আউট হওয়ার দুঃখে কাতর রজার্স সান্ত্বনা খুঁজতে পারেন বিশ্ব রেকর্ডে। এটি ছিল টেস্ট ক্রিকেটে তাঁর ৪৫তম ইনিংস। আগের ৪৪ ইনিংসে দুবার ১ রানে আউট হয়েছেন, দুবার ২ রানেও—তবে শূন্য রানে কখনোই নয়। ৬ রান করেই রেকর্ড বই থেকে বার্কের নাম মুছে দিয়েছেন, এটা তখন জানতেন না। পরে যখন জানলেন, একটু আমোদিতই বোধ করেছেন। পার্থের এক রেডিওকে রজার্স বলেছেন, ‘জেনে ভালো লাগছে। যদিও এটি (রেকর্ডটি) একটু অদ্ভুতই।’
তবে আজ থেকে শুরু ট্রেন্ট ব্রিজ টেস্ট বা এরপর ওভালে অ্যাশেজের শেষ টেস্টে একটি শূন্য মারলেই কিন্তু রেকর্ডটি আর রজার্সের থাকবে না। রেকর্ড বইয়ে ‘শূন্য ছাড়া টেস্ট ক্যারিয়ার’-এর পৃষ্ঠাটা উল্টিয়ে তখন নিজের নাম খুঁজতে হবে পরের পৃষ্ঠায়। যেটির শিরোনাম—‘টেস্ট ক্যারিয়ারে প্রথম শূন্যের আগে সবচেয়ে বেশি ইনিংস’। সেখানে ক্রিস রজার্স তাঁর আগে আরও বেশ কটি নাম পাবেন। সবার ওপরে এবি ডি ভিলিয়ার্স। টেস্ট ক্যারিয়ারের প্রথম ৭৮ ইনিংসে যাঁর শূন্য হাতে ফেরার অভিজ্ঞতা হয়নি। ৭৯তম ইনিংসে যেটির সঙ্গে ডি ভিলিয়ার্সকে প্রথম পরিচয় করিয়ে দিয়েছিলেন বাংলাদেশেরই এক বোলার—সাকিব আল হাসান। ২০০৮ সালে সেঞ্চুরিয়ন টেস্টে দ্বিতীয় বলেই স্টাম্পিংয়ের শিকার হয়ে মুছে যায় ডি ভিলিয়ার্সের শূন্যহীন থাকার গর্ব।

ডি ভিলিয়ার্স ভেঙেছিলেন অরবিন্দ ডি সিলভার রেকর্ড। টেস্ট ক্যারিয়ারের প্রথম ৭৫ ইনিংসে ডি সিলভার শূন্যের সঙ্গে দেখা হয়নি। অভিষেকের প্রায় ১০ বছর পর দেখা করিয়ে দিলেন যিনি, তাঁর সঙ্গেও চাইলে বাংলাদেশের একটা যোগসূত্র খুঁজে পাওয়া যাচ্ছে। সেই বোলার হিথ স্ট্রিক যে এখন বাংলাদেশ দলের বোলিং কোচ। ডি সিলভা ভেঙেছিলেন ক্লাইভ লয়েডের রেকর্ড। সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান অধিনায়কের প্রথম শূন্য ৫৮তম ইনিংসে। এভাবে পিছিয়ে যেতে থাকলে সেটি শেষ করা কঠিন হবে। এখানেই তাই ক্ষান্ত দেওয়া ভালো। আর একটা কথাই বলার আছে। টেস্ট ক্যারিয়ার শুরু থেকে সবচেয়ে বেশি ইনিংস পর শূন্য—এ তালিকায় আপনার চোখ নিশ্চয়ই নিখাদ ব্যাটসম্যানদেরই খুঁজে বেড়াবে। এবি ডি ভিলিয়ার্স, অরবিন্দ ডি সিলভা, ক্লাইভ লয়েড নামগুলো সেই স্বাভাবিকতার কথাই বলছে। লয়েডের মতোই প্রথম ৫৮ ইনিংস শূন্যহীন থাকা রস টেলরও নির্ভেজাল ব্যাটসম্যান। তবে এর পরের নামটি বিস্ময় জাগাতে বাধ্য—জেমস অ্যান্ডারসন! ইংলিশ পেস বোলারের টেস্টে শূন্যের সঙ্গে প্রথম পরিচয় ৫৫তম টেস্ট ইনিংসে! অ্যান্ডারসন অবশ্য বিস্ময়বোধক চিহ্নটা নিয়ে আপত্তি তুলে বলতে পারেন, এত অবাক হওয়ার কী আছে! টেস্টে আমার গড় ১০.৪৪ হতে পারে, কিন্তু ৮১ রানের একটা ইনিংসও তো আছে।
ক্রিস রজার্সের বিশ্ব রেকর্ড দিয়ে শুরু করে কথা অনেক ডালপালা ছড়াল। তা যখন ছড়ালই, শূন্য নিয়ে আরও দুটি রেকর্ড আর বাদ থাকে কেন! একটির বয়স ২৫ বছর হতে চলল, আরেকটিরও ২০ বছরের বেশি। টেস্টে টানা সবচেয়ে বেশি ইনিংসে শূন্য রানে আউট না হওয়ার রেকর্ডটি ডেভিড গাওয়ারের। ক্যারিয়ারের প্রথম ৭৩ ইনিংসেই ৬ বার শূন্য রানে ফিরেছেন। এর পরই ব্যাটসম্যানদের দুঃস্বপ্নের ওই সংখ্যাটির সঙ্গে বিষম আড়ি। ষষ্ঠ এবং সপ্তম ও শেষ শূন্যটির মাঝখানে টানা ১১৯টি ইনিংসে আর যেটির সঙ্গে দেখা হয়নি। সোয়া শতাব্দী হয়ে যাওয়া মানে রেকর্ডটি প্রায় অবিনশ্বর রূপই নিয়ে ফেলেছে। রিচি রিচার্ডসন যা ভেঙে দেওয়ার হুমকি দিয়েছিলেন, ৯৬ ইনিংসেই থেমে যেতে হয় তাঁকে। এই দুজনের পরই আছেন শচীন টেন্ডুলকার। ক্যারিয়ারে তাঁর ১৪টি শূন্য। তবে এর একটিও শেষ ৯১ ইনিংসে নয়। কাগজে-কলমে গাওয়ারের রেকর্ড ভাঙার একটা সম্ভাবনা তো তাই ছিলই। তবে সে জন্য কমপক্ষে আরও ১৫টি টেস্ট খেলতে হতো তাঁকে। শুনলে নিশ্চয়ই টেন্ডুলকার হাসবেন, আমার যেন রেকর্ডের অভাব!
গাওয়ারের রেকর্ডটিকে প্রায় অবিনশ্বর বলা হলো, কেপলার ওয়েসেলসের ক্ষেত্রে তো ‘প্রায়’ শব্দটা তুলে দিলেও হয়। টেস্ট নিয়েই কথা হচ্ছিল, ওয়েসেলসকে টানায় চলে এল ওয়ানডেও। অস্ট্রেলিয়ার পক্ষে ৫৪টি ওয়ানডে খেলেছেন। ছয় বছর বিরতির পর দক্ষিণ আফ্রিকার পক্ষে আরও ৫৫টি। মোট ১০৯টি ম্যাচে ব্যাটিং করতে নেমেছেন ১০৫ বার, একটিও শূন্য নেই! রেকর্ডটিকে অবিনশ্বর মনে হওয়ার কারণটা বুঝতে একটা তথ্যই যথেষ্ট। শূন্যহীন ওয়ানডে ক্যারিয়ারের রেকর্ডে ওয়েসেলসের পরের নামটি ভারতের যশপাল শর্মার। তাত্ত্বিকভাবে নিকটতম, অথচ দুজনের দূরত্বটা কত, জানেন? ৬৫ ইনিংস!