রণে ভঙ্গ দিলেন ললিত মোদি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুজনের মধ্যে ঝামেলা চলছে বছর ছয়েক ধরে। তবে ক্রিস কেয়ার্নস ও লোলিত মোদির সেই আইনি লড়াই এবার বোধ হয় শেষ হতে যাচ্ছে। ক্ষতিপূরণ চেয়ে কেয়ার্নসের বিরুদ্ধে করা সর্বশেষ মামলাটি প্রত্যাহার করতে যাচ্ছেন মোদি।
মোদির সঙ্গে কেয়ার্নসের এই ঝামেলাটা শুরু হয়েছিল ২০১০ সালে। টুইটার পোস্টে আইপিএলের সাবেক চেয়ারম্যান দাবি করেছিলেন, বিলুপ্ত হয়ে যাওয়া ইন্ডিয়ান ক্রিকেট লিগে (আইসিএল) ম্যাচ পাতানোয় জড়িত ছিলেন সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক ক্রিস কেয়ার্নস। কিন্তু ওই অভিযোগ তোলার কারণে ২০১২ সালে মোদির বিরুদ্ধে লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে মানহানির মামলা করে দেন কেয়ার্নস। জিতে ক্ষতিপূরণও পান ১ লাখ ৪৭ হাজার ডলার।
কিন্তু পরে একই আদালত কেয়ার্নসের বিরুদ্ধে শপথ নিয়ে মিথ্যা বলা ও বিচারকে প্রভাবিত করার অভিযোগ আনে। যে মামলায় সাক্ষ্য দিতে এসে কেয়ার্নসের ম্যাচ পাতানোর কথা বলে গেছেন তাঁর সাবেক সতীর্থ লু ভিনসেন্ট ও ব্রেন্ডন ম্যাককালামরা। দল ভারী দেখে মোদি আবারও নতুন করে কেয়ার্নসের বিরুদ্ধে মাঠে নামেন। কেয়ার্নসের কাছে উল্টো ২১ লাখ ৩০ হাজার ডলার ক্ষতিপূরণ চেয়ে আদালতে আপিল করেন তিনি।
কিন্তু নিউজিল্যান্ড হেরাল্ড-এর এই সপ্তাহান্তের সংস্করণে লিখেছে, ওই ক্ষতিপূরণ পাওয়ার চেষ্টা আর করছেন না মোদি। এই মামলায় কেয়ার্নসের ব্রিটিশ আইনজীবী ররি রবার্টসন দৈনিকটির কাছে নিশ্চিত করেছেন, মামলা চালাতে আর আগ্রহী নন জানিয়ে একটা আবেদন করেছেন মোদি।
কেয়ার্নসের জন্য এই খবরটা তো বিশাল স্বস্তিরই। এএফপি।