রদবদলের সভা আজ
অনেক দিন ধরেই গুঞ্জন—বিসিবির কিছু স্থায়ী কমিটির প্রধানের পদে পরিবর্তন আসবে। পরিচালনা পর্ষদের আজকের সভাতেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যেতে পারে। ১৮টি স্থায়ী কমিটির অন্তত ৪-৫টি প্রধানের পদে পরিবর্তন দেখতে পারে।
মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুসও কাল জানালেন, ‘কিছু স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদে রদবদল করা হচ্ছে। এই পরিবর্তনের ব্যাপারে বোর্ড সভাপতিকে আমরা আগেই কর্তৃত্ব দিয়ে রেখেছিলাম। উনিই সব ঠিক করবেন। পরে এটা নিয়ে বোর্ডে আলাপ-আলোচনা হবে।’
সম্ভাব্য পরিবর্তনের মধ্যে সবচেয়ে আলোচিত ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধানের পদ। জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান বর্তমানে এ পদে থাকলেও কমিটির নতুন প্রধান হিসেবে জোরালোভাবে শোনা যাচ্ছে বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক ও সংসদ সদস্য নাঈমুর রহমানের নাম। আকরাম খান অবশ্য আজকের সভায় উপস্থিত থাকবেন না। ব্যক্তিগত সফরে তিনি এখন মালয়েশিয়ায়। এ ছাড়া ওয়ার্কিং কমিটির সম্ভাব্য প্রধান হিসেবে শোনা যাচ্ছে বোর্ড পরিচালক এনায়েত হোসেনের নাম।
২০১৫ সালের চুক্তির জন্য নির্বাচকদের দেওয়া ১৪ ক্রিকেটারের নাম অনুমোদন হওয়ার কথা আজকের সভায়। চূড়ান্ত হবে বিশ্বকাপে বাংলাদেশ দলের ম্যানেজারের নামও। বিশ্বকাপ দলের সঙ্গে ব্রিসবেনের অনুশীলন ক্যাম্পে দুজন স্ট্যান্ডবাই বোলার নেওয়ার যে প্রস্তাব করেছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে, সিদ্ধান্ত হবে সে ব্যাপারেও। কোচের চাহিদা অনুযায়ী নির্বাচক কমিটি পেসার শফিউল ইসলাম এবং লেগ স্পিনার জুবায়ের হোসেনের নাম প্রস্তাব করেছে। তবে অনেক বোর্ড পরিচালকই মনে করেন, দুজন অতিরিক্ত ক্রিকেটার নিয়ে যাওয়াটা বিসিবির জন্য একটা বাড়তি খরচ।
সভায় সিদ্ধান্ত হবে অনূর্ধ্ব-১৯ দলের শ্রীলঙ্কা সফরের টিম ম্যানেজমেন্ট নিয়েও। অস্ট্রেলিয়ার ক্রিকেট কোচ রস টার্নার বাংলাদেশের ক্রিকেট উন্নয়নের জন্য বিসিবিকে একটা কৌশলগত পরিকল্পনা দিতে চাইছেন, যেটির মেয়াদ ২০১৮ সাল পর্যন্ত। এটা নিয়েও আলোচনা হবে সভায়।