
২০তম ওভারের শেষ বলে কোরি অ্যান্ডারসনকে এলবিডব্লু করে ফেরালেন লাহিরু থিরিমান্নে।

স্কোরবোর্ডে দেখাচ্ছে নিউজিল্যান্ড ৯৩/৫। ডানেডিনে টস জিতে ফিল্ডিং নেওয়া শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত অধিনায়ক থিরিমান্নের মুখে হাসি। অ্যান্ডারসনের আগেই ফিরে গেছেন ব্রেন্ডন ম্যাককালাম, কেন উইলিয়ামসন, রস টেলর আর মার্টিন গাপটিল। লোয়ার অর্ডার নিউজিল্যান্ডকে টেনেটুনে আর কতদূরই বা নিয়ে যেতে পারবেন! ২-১-এ পিছিয়ে থাকা সিরিজে তাই তখন সমতা ফেরানোর স্বপ্ন শ্রীলঙ্কার।
তারপর? তারপর যেটা হলো সেটাকে স্বপ্ন না বলে শ্রীলঙ্কার দুঃস্বপ্ন বললেও কম হবে। পাঁচ নম্বরে ব্যাট করতে নামা গ্রান্ট এলিয়ট আর ৭ নম্বর লুক রনকি মিলে লিখলেন ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর এক নতুন গল্প। বাকি ৩০ ওভারে নিউজিল্যান্ডের উইকেট আর পড়েনি! মার খেয়ে খেয়ে দিশেহারা হলেন শ্রীলঙ্কার বোলাররা। ষষ্ঠ উইকেটে এলিয়ট-রনকির অবিচ্ছিন্ন জুটিতে এল ২৬৭ রান, ১৮০ বলে। ওয়ানডেতে ষষ্ঠ উইকেট জুটির সর্বোচ্চ, নিউজিল্যান্ডের ইতিহাসে যেকোনো উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ। আর ৭ রান হলেই দুই ব্যাটসম্যান ছুঁতে পারতেন ২০০৮ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে জেমস মার্শাল-ম্যাককালামের উদ্বোধনী জুটিতে করা কিউইদের সর্বোচ্চ ২৭৪। পাঁচ উইকেটে ৯৩ রান থেকে ৫০ ওভার শেষে নিউজিল্যান্ডের রান হলো ৩৬০/৫! মানসিকভাবে বিধ্বস্ত শ্রীলঙ্কা তাড়ায় নেমে থামল এলিয়ট-রনকি জুটির চেয়েও ১৫ রান কমে। ১০৮ রানে ম্যাচ জিতে সিরিজেও ৩-১ ব্যবধানে এগিয়ে গেল ম্যাককালামের দল।
শ্রীলঙ্কান বোলারদের ওপর মূল তাণ্ডব চালিয়েছেন মূলত উইকেটকিপার-ব্যাটসম্যান রনকি। ২০০৮-এর জানুয়ারিতে অভিষেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চারটি ম্যাচ খেলেই বছর পাঁচেকের জন্য হারিয়ে যান জাতীয় দল থেকে। নিয়মিত সুযোগ পাওয়া শুরু ২০১৩ সালের মে থেকে। কিন্তু ব্যাট হাতে পারফরম্যান্স কখনোই খুব আহামরি ছিল না। গতকালের আগ পর্যন্ত ৩৫ ম্যাচে কোনো সেঞ্চুরি নেই। তার পরও কেন ৩৩ বছর বয়সী এ উইকেটকিপার-ব্যাটসম্যানের ওপর নিউজিল্যান্ডের আস্থা সেটাই প্রমাণ করলেন তিনি। ৩৮ বলে ফিফটি, প্রথম ওয়ানডে সেঞ্চুরি ৭৪ বলে। ১৫০ রানে পৌঁছান ৯২ বলে। সেঞ্চুরির পরের ৭০ রান করেছেন মাত্র ২৫ বলে! শ্রীলঙ্কান বোলাররা রনকির হাতে রীতিমতো কচুকাটা। ১৪ চার আর ৯ ছক্কা হাঁকানো রনকির তুলনায় বেশ ‘শান্ত’ ছিলেন এলিয়ট। ১০৪ রান তুলতে বল খেলেছেন ৯৬টি। দুজনের ঝড়ে শেষ ১০ ওভারে নিউজিল্যান্ড তুলেছে ১২২ রান। কিউইদের হাতে সবচেয়ে নিগৃহীত হয়েছেন সুরঙ্গা লাকমল। ১০ ওভারে ৯৩ রান দেওয়া লাকমলের ৪৮তম ওভারে রনকি একাই তুলেছেন ২২ রান! পরে বল হাতে ৪২ রানে ২ উইকেট নিয়ে রনকির সঙ্গে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটা ভাগাভাগি করেছেন এলিয়ট। ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড: ৫০ ওভারে ৩৬০/৫ (গাপটিল ০, ম্যাককালাম ২৫, উইলিয়ামসন ২৬, টেলর ২০, এলিয়ট ১০৪*, অ্যান্ডারসন ৮, রনকি ১৭০*; থিরিমান্নে ২/৩৬, কুলাসেকারা ২/৭১, পেরেরা ১/৪৯)।
শ্রীলঙ্কা: ৪৩.৪ ওভারে ২৫২ (থিরিমান্নে ৪৫, দিলশান ১১৬, সাঙ্গাকারা ৯, জয়াবর্ধনে ৩০, কুলাসেকারা ৩, মেন্ডিস ১৮, চান্ডিমাল ০, পেরেরা ০, করুনারত্নে ১২, সেনানায়েকে ৩*, লাকমল ০; বোল্ট ৪/৪৪, সাউদি ২/৪২, এলিয়ট ২/৪২, ম্যাকক্লেনাঘান ২/৫৬)।
ফল: নিউজিল্যান্ড ১০৮ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: লুক রনকি ও গ্র্যান্ট এলিয়ট।