রনি জানেন, বাবা দেখছেন আকাশের ওপার থেকে

ক্রীড়াপ্রেমী মনোরঞ্জন তালুকদারের স্বপ্ন ছিল, তিন ছেলেকেই ক্রিকেটার বানাবেন। তিন ছেলে ক্রিকেটার হলেনও। এবার তাঁর স্বপ্নের পরিধি বাড়ল আরও একটু। অন্তত এক ছেলে জাতীয় দলে খেলবেন। এ স্বপ্নটার বাস্তবায়ন এখনো হয়নি। ভবিষ্যতে যদি হয়ও, তখন নিশ্চিত বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসবে তালুকদার পরিবারের সবার। ঢাকা বিভাগের ওপেনার রনি তালুকদারের বাবা মনোরঞ্জন তালুকদার ১১ মাস আগেই চলে গেছেন জীবনের ওপারে।সেঞ্চুরি হলেই আকাশে বাবাকে খোঁজেন রনি; উৎসর্গ করেন সদ্য খেলা দারুণ ইনিংসটাকে। রনি জানেন, বাবা ইনিংসটি দেখছেন আকাশের ওপার থেকেই! প্রিমিয়ার লিগে প্রাইম দোলেশ্বরের হয়ে দারুণ পারফর্ম করেছেন। সেই লিগে রনির সর্বশেষ পাঁচটি ইনিংস ছিল—৬৩, ২৮, ২৪, ৭৭, ১৩২*, ১১২*। পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখেছেন জাতীয় লিগেও। মিরপুরে বরিশালের বিপক্ষে খেলেছেন ২২৭ রানের দুর্দান্ত ইনিংস, পরের ম্যাচে ফতুল্লায় ঢাকা মহানগরের বিপক্ষে ১৬৩ রানের আরেকটি অনবদ্য ইনিংস।
জাতীয় দলের দরজা খুলে যেত পারত এবারই। গত জানুয়ারিতে বিশ্বকাপ দল যখন ঘোষণা করা হয়, তখন প্রিমিয়ার লিগে দারুণ করেছিলেন (লিগে সর্বোচ্চ ৭১৪ রান)। সৌম্য সরকার, নাসির, সাব্বিররা তো প্রিমিয়ার লিগের ফর্ম দিয়েই ঠাঁই পেলেন বিশ্বকাপ দলে। নির্বাচকেরা অবশ্য ইঙ্গিত দিয়েছিলেন, জাতীয় দলে অভিষেক না হওয়া খেলোয়াড়ের সুযোগ সামান্যই। তবু পারফরম্যান্সের বিচারে ক্ষীণ আশাও কি কাজ করেনি? রনির পরিষ্কার উত্তর—‘না’। ঢাকা বিভাগের এ ২৪ বছর বয়সী ডানহাতি ওপেনার যথেষ্ট বাস্তববাদী। জাতীয় দলে খেলার অভিজ্ঞতা না থাকায় বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার ব্যাপারটি মাথায় আনেননি। রনি বলেন, ‘বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়ে ওভাবে চিন্তা করিনি। আমার ভাবনায় তখন প্রিমিয়ার লিগই ছিল। চেষ্টা করেছি ম্যাচের পর ম্যাচ উন্নতি করতে। আর বিশ্বকাপ খেলতে যারা গিয়েছে, তারা জাতীয় দলে ভালো পারফর্ম করেই গিয়েছে। ১৫ জনই ভালো পারফর্মার।’
জাতীয় দলের দুয়ারে যেভাবে কড়া নাড়ছেন, দরজাটা খুলে যেতে পারে শিগগিরই। তবে রনি ধূমকেতুর মতো এসেই হারিয়ে যেতে চান না। চান, একবার সুযোগ পেলে যেন জাতীয় দলের জায়গাটা পাকা করে নিতে পারেন। এ জন্যই তাড়া নেই।
নারায়ণগঞ্জের ছেলে রনির ক্রিকেটে হাতেখড়ি ভাই রাজিব তালুকদারের মাধ্যমে। শুরুর কথা শোনাতে রনি ফিরে গেলেন ১০ বছর আগে, ‘২০০৫ সালের জালাল স্যারের কাছে নিয়ে এসেছিল আমার বড় ভাই (রাজিব)। ও তখন ধানমন্ডিতে তাঁর অধীনেই অনুশীলন করত। এরপর জালাল স্যারের ওখানে আমিও শুরু করলাম। ব্যস, সেখান থেকেই আমার পথ চলা শুরু।’
বড় ভাই অবশ্য দ্বিতীয় বিভাগের পর আর খেলেননি। ছোট ভাই জনি তালুকদার এখন খেলছেন; সর্বশেষ প্রিমিয়ার লিগে পারটেক্সে খেলেছেন।
তবে রনির এত দূর আসার পেছনে সবচেয়ে বেশি ভূমিকা বাবার। বললেন, ‘বাবার স্বপ্ন ছিল, তিন ভাইয়ের অন্তত একজন জাতীয় দলে খেলি। উনি তো এখন নেই...।’ রনির গলাটা কি কেঁপে উঠল? খানিকটা থেমে বললেন, ‘বাবার স্বপ্ন পূরণে নিজে তো কঠোর পরিশ্রম করছিই। ছোট ভাইকেও (জনি) উৎসাহিত করছি।’
বরিশালের বিপক্ষে করা ডাবল সেঞ্চুরিটা উৎসর্গ করেছেন বাবাকেই। বললেন, ‘সেঞ্চুরি করলেই বাবাকে খুব মনে পড়ে। প্রতিটি সেঞ্চুরি তাঁকেই উৎসর্গ করি। যখন বেঁচে ছিলেন, প্রতি ম্যাচের পরই সবার আগে আমাকে ফোন করতেন। নানা খুঁটিনাটি জিজ্ঞেস করতেন। এখন বাসার অন্যরা, যেমন: মা বা বড় ভাইয়ের সঙ্গে কথা হয় ঠিকই, কিন্তু বাবা তো আর ফোন দেন না! তিনি সারা দিন বসে থাকতেন কখন আমার খেলা শেষ হবে। খেলা শেষের আধা ঘণ্টার মধ্যেই তাঁর ফোন চলে আসত। কখনো-সখনো আমিই আগে দিতাম। সবার আগে কথা হতো তাঁর সঙ্গেই। এখন আর হয় না...।’ থেমে গেলেন রনি। বাষ্পরুদ্ধ কণ্ঠে মৃদু স্বরে কেবল বললেন, ‘প্রতিটি ম্যাচ বা ইনিংস শেষে বাবার সেই ফোনের অপেক্ষায় থাকি...।’