রনি, মজিদ, রাজ্জাকের দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুর রাজ্জাক
আবদুর রাজ্জাক

প্রথম দিনটা আসলে কার? রনি তালুকদার, আবদুল মজিদ নাকি আবদুর রাজ্জাকের! প্রথম রাউন্ডের পর ফতুল্লায় কাল জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডেও সেঞ্চুরি পেয়েছেন ঢাকা বিভাগের রনি। সেঞ্চুরি করেছেন তাঁর ওপেনিং সঙ্গী মজিদও। তবে ১৭৩ রানে দাঁড়িয়ে সময় গুনছেন তিনি ডাবল সেঞ্চুরির। বিকেএসপির ২ নম্বর মাঠে বরিশালের বিপক্ষে ১০০ রানে ৮ উইকেট নিয়ে খুলনার বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাকও ছড়িয়েছেন আলো।
রাজ্জাক ৮ উইকেট নেওয়ায় খুলনার কাছে বরিশাল অলআউট ২৭১ রানে। দিন শেষে প্রথম ইনিংসে খুলনা করেছে ২ উইকেটে ৭৩। ফতুল্লায় উদ্বোধনী জুটিতে মজিদ-রনি জুটির ৩১৪ রানে ঢাকা মহানগরের বিপক্ষে রানপাহাড়ে উঠতে চলেছে ঢাকা বিভাগ। দিন শেষ করেছে ২ উইকেটে ৩৬০ রানে। বিকেএসপির আরেক মাঠে প্রথম দিন শেষে সিলেটের বিপক্ষে রংপুরের রান ৬ উইকেটে ২৯৭। আর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ২০৯ রানে প্রথম ইনিংস শেষ হয়েছে চট্টগ্রামের।
ঢাকা বিভাগ-ঢাকা মহানগর
পর পর দুই ম্যাচে সেঞ্চুরিই বলে দিচ্ছে, প্রিমিয়ার লিগের ফর্মটাকে রনি টেনে এনেছেন জাতীয় লিগেও। কাল ২৯২ মিনিট উইকেটে থেকে পেয়ে গেলেন প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের পঞ্চম সেঞ্চুরি। তাঁর ১৬৩ রানের ইনিংসে ১৮ বাউন্ডারির সঙ্গে ছক্কা আছে দুটি। তবে রনিকেও যেন ছাড়িয়ে যাচ্ছেন আরেক ওপেনার মজিদ! ৩৬৯ মিনিট উইকেটে থেকে প্রথম শ্রেণির ক্রিকেটে চতুর্থ সেঞ্চুরি করা মজিদ আর ২৭ রান করলেই পেয়ে যাবেন ডাবল সেঞ্চুরি। তবে একটা দিক দিয়ে কালই ‘প্রথম’ ছুঁয়ে ফেলেছেন মজিদ-রনি। তাদের ৩১৪ রানের জুটিটা জাতীয় লিগের সর্বোচ্চ ওপেনিং জুটি তো বটেই, তিন শ পেরোনো প্রথম জুটিও। ৭২তম ওভারে ইলিয়াস সানির বলে আসিফ হোসেনের হাতে রনির ক্যাচে ভেঙেছে জুটিটা।
খুলনা-বরিশাল
বিশ্বকাপ দল থেকে বাদ পড়ার হতাশাকে যেন শক্তিতে পরিণত করছেন রাজ্জাক! আগের ম্যাচে এক ইনিংসে ৭ উইকেট নেওয়া অভিজ্ঞ বাঁহাতি স্পিনারের শিকার এবার বরিশাল। ২৯ ওভারে ১০০ রানে নিয়েছেন ৮ উইকেট। জাতীয় লিগে এটি ১৪তম বারের মতো ইনিংসে ৮ উইকেট শিকার, চারবারই যা করলেন রাজ্জাক। তাঁর বোলিং বরিশালকে মোটেই স্বস্তি দেয়নি। ষষ্ঠ উইকেটে ফজলে রাব্বি (৮৫) ও আল আমিনের (৬৪) ৯৪ রানের জুটির বাইরে ৫০ রান এসেছে শুধু শাহরিয়ার নাফীসের (৫৫) সঙ্গে রাব্বির প্রথম উইকেট জুটিতে।
রংপুর-সিলেট
৯২ রানে নেই ৪ উইকেট, শুরুটা হয়েছিল টলমল। রংপুরকে সেখান থেকে টেনে তুলেছে তানভীর হায়দার (৭৩) ও মাহমুদুল হাসানের (৬০) ১৩২ রানের পঞ্চম উইকেট জুটি। দুজনেরই বিদায় শেষ সেশনে, এই সেশনেই রংপুরের স্কোরবোর্ডে যোগ হয়েছে ১৩৮ রান। খারাপ শুরুর পরও সে কারণেই তিন শর কাছাকাছি গিয়ে দিন শেষ করতে পেরেছে রংপুর।
রাজশাহী-চট্টগ্রাম
৫ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় চট্টগ্রামও। কিন্তু রংপুরের মতো ঘুরে দাঁড়াতে তারা পারেনি। টপ-মিডল অর্ডারে ইরফান শুক্কুর (৫৫), আবদুল্লাহ আল মামুন (৩৩), নাজিমউদ্দিন (৩৬) আর ফয়সাল হোসেনের (২৫) ইনিংসগুলো শুধু সম্ভাবনা জাগিয়েই থেমে গেছে। বড় জুটি বলতে তৃতীয় উইকেটে ইরফান-মামুনের ৭০ রান। রাজশাহীর পেসার ফরহাদ রেজা প্রথম শ্রেণির ক্রিকেটে পঞ্চমবারের মতো নিয়েছেন ৫ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
 ঢাকা মহানগর–ঢাকা বিভাগ, ফতুল্লা
ঢাকা বিভাগ ১ম ইনিংস: ৯০ ওভারে ৩৬০/২ (মজিদ ১৭৩*, রনি ১৬৩; শহীদ ১/৬৮, সানি ১/৮১)।
 খুলনা–বরিশাল, বিকেএসপি–২
বরিশাল ১ম ইনিংস: ৬২.৩ ওভারে ২৭১ (ফজলে রাব্বি ৮৫, আল আমিন ৬৪, শাহরিয়ার ৫৫, কামরুল ২২; রাজ্জাক ৮/১০০, ডলার ১/২২, রবিউল ১/৬৬)।
খুলনা ১ম ইনিংস: ৩২ ওভারে ৭৩/২ (অমিত ৩০, রবিউল ২৬; মোসাদ্দেক ১/১২, সোহাগ ১/২২)।
 রংপুর–সিলেট, বিকেএসপি–৩
রংপুর ১ম ইনিংস: ৯০ ওভারে ২৯৭/৬ (তানভীর ৭৩, মাহমুদুল ৬০, লিটন ৪৯, আরিফুল ৩৭*, তারিক ৩৫, ধীমান ২৭*; এনামুল ৪/৯০, রাহাত ২/৮২)।
 চট্টগ্রাম–রাজশাহী, মিরপুর
চট্টগ্রাম ১ম ইনিংস: ৯১ ওভারে ২০৯ (ইরফান ৫৫, নাজিম ৩৬, আবদুল্লাহ ৩৩, নূর হোসেন ২৭*, ফয়সাল ২৫; ফরহাদ ৫/৪৫, সাকলাইন ৩/২৫, শফিউল ২/৪৩)।