রনির পর মজিদ

পরশু রাতটা আবদুল মজিদের নির্ঘুম কেটেছে কি না কে জানে! ঢাকা বিভাগের ওপেনার দিন শেষ করেছিলেন ক্যারিয়ারে প্রথম ডাবল সেঞ্চুরি থেকে ২৭ রান দূরে দাঁড়িয়ে। আগের দিন রনি তালুকদারের সঙ্গে রেকর্ড ওপেনিং জুটি গড়া মজিদ কাল পেয়ে গেছেন আরাধ্য ডাবল সেঞ্চুরিটা। ১৭৩ রান নিয়ে দিন শুরু করা এই ওপেনারকে কালও আউট করতে পারেননি ঢাকা মহানগরের কোনো
বোলার। বলের আঘাতে হাতে ব্যথা পেয়ে অবসর নেওয়ার আগে মজিদ করেছেন ২৫৩ রান। প্রসঙ্গত, আগের ম্যাচেই ডাবল সেঞ্চুরি পেয়েছেন রনি।
ফতুল্লায় তাঁর দল ইনিংস ঘোষণার আগে করেছে ৯ উইকেটে ৫২৫। এরপর মহানগরকে মাত্র ৯০ রানে অলআউট করে প্রথম ইনিংসে ৪৩৫ রানে এগিয়ে গেছে দলটি। বিকেএসপির ২ নম্বর মাঠে ৩৯০ রানে অলআউট হলেও বরিশালের প্রথম ইনিংসের চেয়ে ১১৯ রানে এগিয়ে খুলনা। সেঞ্চুরি করেছেন জাতীয় দলের বাইরে থাকা ব্যাটসম্যান ইমরুল কায়েস। মিরপুরে সেঞ্চুরি পেয়েছেন জাতীয় দলের আরেক সাবেক ব্যাটসম্যান জুনায়েদ সিদ্দিকও।

ঢাকা বিভাগ-ঢাকা মহানগর
২ উইকেটে ৩৬০ রান নিয়ে দিন শুরু করা ঢাকা আরও ১৬৫ রান যোগ করার পর ইনিংস ঘোষণা করে। ডাবল সেঞ্চুরিয়ান মজিদ ও সেঞ্চুরিয়ান রনি তালুকদার ছাড়া ফিফটিও ছুঁতে পারেননি অন্য কেউ। নবম উইকেটে মাহবুবুল আলমের সঙ্গে ১২ রান যোগ করার পর হাতে ব্যথা পেয়ে মাঠে ছাড়েন ২৪ বছর বয়সী মজিদ। প্রায় সাড়ে নয় ঘণ্টা ব্যাট করে ৩৮৩ বলে ২৬ চার ও ২ ছয়ে ২৫৩ রান করেছেন মজিদ। চা-বিরতির ঠিক আগে ইনিংস ঘোষণার পর দিন শেষ হওয়ার আগেই মহানগরকে ৯০ রানে অলআউট করে দেয় ঢাকা বিভাগের বোলাররা। অফ স্পিনার শুভাগত হোম (৫/১৭) ও লেগ স্পিনার জুবায়ের হোসেন (৪/২৩) মিলেই নিয়েছেন ৯ উইকেট।
বরিশাল-খুলনা
২ উইকেটে ৭৩ রান নিয়ে দিন শুরু করে অলআউট হওয়ার আগে ৩৯০ রান করে খুলনা। দলটির তিন নম্বর ব্যাটসম্যান ইমরুল কায়েস ২৯৩ বলে করেছেন ১৬৬ রান। প্রথম শ্রেণির ক্রিকেট ইমরুলের দশম সেঞ্চুরিটি সাজানো ২৬ চার ও ৩ ছয়ে। খুলনা ১৮৭ রানে ৫ উইকেট হারিয়ে ফেলার পর ইমরুল ষষ্ঠ উইকেটে জিয়াউর রহমানের সঙ্গে ১০৬ ও সপ্তম উইকেটে ডলার মাহমুদের সঙ্গে ৮৭ রান যোগ করেন।
চট্টগ্রাম-রাজশাহী
১৬২ বলে ১১৩ রান করেছেন জুনায়েদ। এই বাঁহাতির পঞ্চম প্রথম শ্রেণির সেঞ্চুরির পরও ২৩১ রানে ৭ উইকেট হারায় রাজশাহী। এরপর দিন শেষে ওই ৭ উইকেটেই ৩৭৯ রান দলটির। অবিচ্ছিন্ন অষ্টম উইকেটে ১৪৮ রান যোগ করেছেন মুক্তার আলী ও সানজামুল ইসলাম। ১০৬ বলে ১১ চার ও ৪ ছয়ে ৮৮ রানে অপরাজিত মুক্তার। সানজামুল অপরাজিত ৬৭ রানে।
রংপুর-সিলেট
আগের দিনের স্কোরের সঙ্গে আরও ৭১ রান যোগ করেই অলআউট রংপুর। এরপর ৪৫ রানে সিলেটের ৪ উইকেট তুলে নেয় দলটি। দিন শেষে অবশ্য আর মাত্র ১ উইকেট হারিয়ে ১৯১ রান করেছে সিলেট। অলক কাপালি অপরাজিত ৭০ রানে।
সংক্ষিপ্ত স্কোর
ঢাকা বিভাগ-ঢাকা মহানগর, ফতুল্লা
ঢাকা বিভাগ ১ম ইনিংস: ১৩৬.১ ওভারে ৫২৫/৯ ডি. (মজিদ ২৫৩*, রনি ১৬৩, তাইবুর ৩৪; শহীদ ৪/১০০, ইলিয়াস ৪/১১০, হায়দার ১/৮২)। ঢাকা মহানগর ১ম ইনিংস: ৩৪.২ ওভারে ৯০ (সৈকত ৩১, শামসুর ১২; শুভাগত ৫/১৭, জুবায়ের ৪/২৩, মোশাররফ ১/১৮)।
বরিশাল-খুলনা, বিকেএসপি-২
বরিশাল: ২৭১ ও ১ ওভারে ০/০।
খুলনা ১ম ইনিংস: ১২০ ওভারে ৩৯০ (ইমরুল ১৬৬, জিয়া ৩৮, ডলার ৩৮, মিঠুন ৩৪, অমিত ৩০, রবি ২৬, নুরুল ২০; সোহাগ ৫/৯৪, নাসুম ৩/১০২, মোসাদ্দেক ২/৩৬)।
রংপুর-সিলেট, বিকেএসপি-৩
রংপুর ১ম ইনিংস: ১১২.৫ ওভারে ৩৬৭ (তানভীর ৭৩, মাহমুদুল ৬০, লিটন ৪৯, আরিফুল ৪৭, ধীমান ৪১, তারিক ৩৫, সাজেদুল ৩৪*; এনামুল ৫/১০৭, রাহাতুল ২/৯৪, অলক ১/৪৪, জায়েদ ১/৬১)। সিলেট ১ম ইনিংস: ৬৫ ওভারে ১৯১/৫ (অলক ৭০*, রোমান ৪০, মিলন ৩১*, সায়েম ২৮; সাজেদুল ২/২৩, আরিফুল ১/১২, মাহমুদুল ১/২০, শুভাশিস ১/২৬)।
চট্টগ্রাম-রাজশাহী, মিরপুর
চট্টগ্রাম ১ম ইনিংস: ২০৯।
রাজশাহী ১ম ইনিংস: ৯০ ওভারে ৩৭৯/৭ (জুনায়েদ ১১৩, মুক্তার ৮৮*, সানজামুল ৬৭*, হাবিবুর ৩৮, ফরহাদ হোসেন ৩৭; ইফতেখার ৬/১০৯, আলাউদ্দিন ১/৭১)।
জাতীয় লিগে ব্যক্তিগত সর্বোচ্চ
ম্যাচ ভেন্যু মৌসুম
৩১৩* রকিবুল হাসান বরিশাল-সিলেট ফতুল্লা ২০০৬-০৭
২৬৩ মোহাম্মদ আশরাফুল ঢাকা বিভাগ-চট্টগ্রাম চট্টগ্রাম ২০০৬-০৭
২৫৯ ফরহাদ রেজা রাজশাহী-চট্টগ্রাম বিকেএসপি ২০১৩-১৪
২৫৩* আবদুল মজিদ ঢাকা বিভাগ-ঢাকা মহানগর ফতুল্লা ২০১৪-১৫
২২৭ রনি তালুকদার ঢাকা বিভাগ-বরিশাল মিরপুর ২০১৪-১৫