রফিকের ১০ মেডেন

একজন বোলারের সবচেয়ে বড় সাফল্য তো অবশ্যই উইকেট নেওয়া। কিন্তু উইকেট না নিয়েও একজন বোলার সফল হতে পারেন, যদি তাঁর ওভারগুলোতে রান তুলতে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের গলদঘর্ম হতে হয়। ‘মেডেন ওভার’ বলে ক্রিকেটে একটা ব্যাপার আছে, যা উইকেট পাওয়ার মতোই একজন বোলারের সাফল্য হিসেবে ধরা হয়। মেডেনের হিসাবে বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার মোহাম্মদ রফিক।
বিশ্বকাপে বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে বেশি, ১০টি মেডেন ওভার করার কৃতিত্বের মালিক এই মোহাম্মদ রফিক। বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে মেডেন ওভার হয়েছে মোট ৫১টি। মোট ১৩ জন বোলারের করা এই ৫১টি মেডেনের মধ্যে রফিকের ১০টির পরেই অবস্থান করছেন আবদুর রাজ্জাক (নয়টি), খালেদ মাহমুদ (আটটি) ও মাশরাফি বিন মুর্তজা (আটটি)। ১৯৯৯ সালের বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে প্রথম মেডেন ওভারটি করেছিলেন হাসিবুল হোসেন।
১৯৯৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপে অভিষেক ঘটে বাংলাদেশের। সেই ম্যাচে নিউজিল্যান্ডের ইনিংসের তৃতীয় ওভারটি মেডেন করেছিলেন হাসিবুল। ওই ম্যাচেই বাংলাদেশের আরেক স্ট্রাইক বোলার মঞ্জুরুল ইসলাম করেছিলেন তিনটি মেডেন ওভার।
বিশ্বকাপে বাংলাদেশি বোলারদের মধ্যে এক ম্যাচে তিনটি মেডেন ওভার করার কৃতিত্ব মঞ্জুরুল ছাড়াও আছে মাশরাফি বিন মুর্তজার (২০০৭ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে), সৈয়দ রাসেল (২০০৭ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে), মোহাম্মদ রফিকের (২০০৭ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষেই) আর শফিউল ইসলামের (২০১১ বিশ্বকাপে হল্যান্ডের বিপক্ষে)।
একদিনের ক্রিকেটে বাংলাদেশের পক্ষে রফিকের অভিষেক ঘটে ১৯৯৫ সালে, শারজা এশিয়া কাপে, ভারতের বিপক্ষে। ১৯৯৭ সালে আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন দলের অন্যতম গর্বিত সদস্য রফিক এ দেশের ক্রিকেটের বিভিন্ন অধ্যায়ের গুরুত্বপূর্ণ কুশীলব। ১৯৯৯ সালে বাংলাদেশের প্রথম বিশ্বকাপে দুটি ম্যাচ খেলেছিলেন তিনি। কিন্তু মেডেন পাননি একটি ম্যাচেও। তিনি বিশ্বকাপের আসরে প্রথম মেডেন ওভার করেন ২০০৩ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে, কানাডার বিপক্ষে। ওই ম্যাচেই তিনি নিজের দ্বিতীয় মেডেন ওভারটি করেন। তৃতীয় মেডেনটি তাঁর আসে শ্রীলঙ্কার বিপক্ষে।
২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপটি ছিল তাঁর শেষ বিশ্বকাপ। ওই বিশ্বকাপ খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান রফিক। শেষের আগে যেন তিনি জ্বলে ওঠেন নিজের সর্বস্ব দিয়েই। ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে তিনি ছিলেন সাতটি মেডেন ওভারের মালিক। এই মেডেনগুলোর তিনটি ইংল্যান্ডের বিপক্ষে, দুটি ভারতের বিপক্ষে আর দুটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
এবারের বিশ্বকাপে মাশরাফি বিন মুর্তজার সামনে থাকছে মোহাম্মদ রফিকের এই দারুণ রেকর্ডটি ভেঙে দেওয়ার সুবর্ণ সুযোগ!