রবিচন্দ্রন 'ম্যারাথন' অশ্বিন!

বেঙ্গালুরু টেস্টের দ্বিতীয় দিন বিকেলে রবিচন্দ্রন অশ্বিনকে কি একটু বেশিই ক্লান্ত লাগছিল? ক্লান্ত হওয়ার যথেষ্ট কারণও আছে। এক দিনে ৩৫ ওভার বল করা তো আর যেনতেন কথা নয়! অশ্বিন সত্যিই হয়তো বোলিং করতে করতেই ক্লান্ত। মৌসুমজুড়েই এমন ‘ম্যারাথন’ বোলিং করেছেন ভারতের এই অফ স্পিনার। ২০১৬-১৭ মৌসুমে তিনি যে পরিমাণ বল করেছেন, তাতে নতুন এক রেকর্ডই গড়ে ফেলেছেন। টেস্ট ইতিহাসে এক মৌসুমে সবচেয়ে বেশি বল করে ছাড়িয়ে গেছেন গুরু অনিল কুম্বলেকে।
চলতি মৌসুমে বেঙ্গালুরু টেস্টের প্রথম ইনিংস পর্যন্ত ৩ হাজার ৭৪৯টি বল করেছেন অশ্বিন। টেস্ট ইতিহাসে এক মৌসুমে এত বল এর আগে আর কোনো বোলার করেননি। প্রায় এক যুগ ধরে রেকর্ডটি ভারতের কোচ কুম্বলের অধিকারে ছিল। ২০০৪-০৫ মৌসুমে ৩ হাজার ৬৭৩টি বল করেছিলন সাবেক এই লেগ স্পিনার। প্রথম দিন ৬ ওভার, দ্বিতীয় ও তৃতীয় দিন ৩৫ ও ৮ ওভার মিলিয়ে প্রথম ইনিংসে মোট ৪৯ ওভার বল করেছেন অশ্বিন। ম্যারাথন বোলার তাঁকে বলাই যায়! সূত্র: ক্রিকেট অস্ট্রেলিয়া।