রবির আলো সিলেটে

একের পর এক পরাজয়ে সিলেট সুপারস্টারসের আত্মবিশ্বাস চলে গিয়েছিল তলানিতে। আত্মবিশ্বাস ফিরে পেতে একটা জয় বড্ড প্রয়োজন ছিল মুশফিকুর রহিমের দলের। ঢাকায় হতাশার পর্ব পেরিয়ে সিলেট অবশেষে জয়ের দেখা পেল চট্টগ্রামে।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে পাওয়া ৪ উইকেটের জয়টা মুশফিকদের ফিকে হয়ে পড়া স্বপ্নটায় একটু হলেও রং চড়াল।
বল হাতে ভালো করলেও রবি বোপারার ব্যাট ঠিক কথা বলেনি আগের ম্যাচগুলোয়। কুমিল্লার বিপক্ষে অসাধারণ বোলিংয়ের পর ব্যাট হাতেও উজ্জ্বল বোপারা। সঙ্গে পেয়েছিলেন অধিনায়ক মুশফিককে। তৃতীয় উইকেটে দুজনের ৮৭ রানের জুটিটা বড় ভূমিকা রাখল সিলেটের জয়ে। নুয়ান কুলাসেকারার বলে মুশফিক ৪৭ রানে বোল্ড হলেও ফিফটি করেছেন বোপারা। আবু হায়দারের বলে ফেরার আগে কাঁটায় কাঁটায় ৫০ করেছেন।
আগ্রাসী বোলিং ও দলকে ব্রেক থ্রু এনে দেওয়ার সামর্থ্যে এরই মধ্যে নজর কেড়েছেন তরুণ পেসার আবু হায়দার। কালও স্বরূপে কুমিল্লার পেসার। শেষ ওভারে পেয়েছিলেন হ্যাটট্রিকের সুযোগ। সেটি না হলেও ১৮ রানে ৪ উইকেটে কুমিল্লার বোলারদের মধ্যে তিনিই সেরা। এখন পর্যন্ত ১০ উইকেটে সাকিব আল হাসানের সঙ্গে যৌথভাবে শীর্ষে আবু হায়দার।
বিপিএলে প্রথম দুই ম্যাচ খেলেই অসুস্থ হয়ে পড়েছিলেন লিটন দাস। ব্যাট হাসছিল না, সঙ্গে শারীরিক অসুস্থতা—বাজে সময়ই গেল লিটনের। তবে কুমিল্লা ওপেনারের স্বস্তি, দুঃসময় পেরিয়ে ফিরলেন ছন্দে। সিলেটের বিপক্ষে খেললেন ২৪ বলে ৪২ রানের দারুণ এক ইনিংস।
লিটনের ইনিংসে যতটা স্ট্রোক প্লের প্রদর্শনী ছিল, ইমরুল কায়েসের তা নয়। বাঁহাতি ওপেনার ৪৫ বলে করেছেন ৪৮। বাউন্ডারি থেকে এসেছে ১৬। প্রথম বাউন্ডারি মেরেছেন ১৯ বল খেলার পর। বাউন্ডারি ছাড়াও টি-টোয়েন্টিতে রানের চাকা সচল রাখা যায়, ইমরুলের ইনিংস তার প্রমাণ। তাঁর সিঙ্গেলসই ছিল ২২টি। অবশ্য ২৩ রানে দিলশান মুনাবীরার বলে খানিকটা ভাগ্যের ছোঁয়া পেয়েছিলেন। বল বেল ছুঁয়েছিল, তবে পড়েনি।
লিটন-ইমরুলের দারুণ শুরুর পর ১০ রানের ব্যবধানে ৩ উইকেট পড়লেও কুমিল্লাকে চ্যালেঞ্জিং স্কোর দিয়েছিল আসহার জাইদির অপরাজিত ৫৩। আগের ম্যাচগুলোয় বোলিংয়ের সুযোগ পেলেও কালই প্রথম ব্যাটিংয়ে নামলেন পাকিস্তানি ব্যাটসম্যান। নেমেই দেখালেন ঝলক!
ব্যাট হাতে দারুণ করার আগে বোপারা জ্বলে উঠেছিলেন বল হাতেও। ১৮ রানে ৪ উইকেট নিয়ে সিলেটের বোলারদের মধ্যে তিনিই উজ্জ্বলতম। সব মিলিয়ে হতাশার আঁধার পেরিয়ে ‘রবি’তেই আলোর দিশা পেল সিলেট!