রবীন্দ্র জাদেজা যখন 'অজয়' জাদেজা!
ভারতীয় দলের জার্সিতে রবীন্দ্র জাদেজার নয় বছর পূর্তি হবে আগামী ফেব্রুয়ারিতে। খেলেছেন ৩৪ টেস্ট, ১৩৬ ওয়ানডে ছাড়াও ৪০ টি-টোয়েন্টি ম্যাচ। কিন্তু তাঁকে যদি কেউ ‘অজয় জাদেজা’ মনে করে ভুল করে! রবীন্দ্র জাদেজা তা কীভাবে মেনে নেবেন? কিন্তু এক ভক্ত যে এমন কাণ্ডই ঘটিয়েছে। ‘অজয় জাদেজা’ সম্বোধন দেখে বেজায় চটেছেন ২৯ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার।
দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্টে দুই ইনিংস মিলিয়ে জাদেজা পেয়েছেন ৫ উইকেট। সে ম্যাচ নিয়েই সেই ভক্তের মন্তব্য, ‘দারুণ বোলিং করেছ অজয়!’ এখন রবীন্দ্র জাদেজার আক্ষেপ, আন্তর্জাতিক ক্রিকেটে নয় বছর কাটিয়ে দেওয়ার পরও মানুষ এখনো তাঁর নাম জানে না! রাগটা টুইটারে ঝেড়েছেন রবীন্দ্র জাদেজা, ‘কেউ একজন আমার কাছে এসে বলেছে, “দারুণ বোলিং করেছ অজয়। গত ম্যাচে সত্যিই ভালো বল করেছ।” দেশের হয়ে নয় বছর খেলে ফেললাম, অথচ মানুষ এখনো আমার নাম জানে না।’
সেই ভক্ত রবীন্দ্র জাদেজার সঙ্গে যাঁর নাম গুলিয়ে ফেলেছেন, তিনিও ভারতীয় ক্রিকেটের বড় তারকাই। তিনি ১৯৯২ থেকে ২০০০ সাল পর্যন্ত ভারতীয় ওয়ানডে দলের নিয়মিত সদস্য অজয় জাদেজা। খেলেছেন ১৫ টেস্টের পাশাপাশি ১৯৬টি ওয়ানডে। সীমিত ওভারের ক্রিকেটে প্রায়ই বোলিং করতে দেখা যেত অজয়কে। কিন্তু টেস্টে কখনোই বোলিং করেননি। টেস্টে ভালো বোলিংয়ের পর ভক্তের কাছ থেকে ‘অজয়’ ডাক শুনে মনটা খারাপ হতেই পারে রবীন্দ্র জাদেজার।
সমস্যাটা হলো, ভক্তের ওপর ক্ষোভ ঝেড়ে বেশ বিপাকেই পড়েছেন রবীন্দ্র জাদেজা। টুইটারে ব্যঙ্গ-বিদ্রূপের শিকার হয়েছেন তিনি। এমনিতেই অনেকেই ব্যঙ্গ করে তাঁকে ‘স্যার’ উপাধি দিয়েছে; নাম-বিভ্রাটের পর বিদ্রূপের সুযোগটা তাঁরা ছেড়ে দেবেন কেন!
রবীন্দ্র জাদেজার সেই টুইটের জবাবে একজনের রি-টুইট, ‘কিছু মনে করো না অজয়। ওঁকে মাফ করে দাও।’ গত ৬ ডিসেম্বর ছিল রবীন্দ্র জাদেজার জন্মদিন। আরেক ভক্ত বিষয়টি টেনে এনে রি-টুইট করেছে, ‘বিলম্ব শুভ জন্মদিন অজয়।’ এখানেই শেষ নয়। অনেকেই সেই ভক্তের অনূকরণে বলেছেন, ‘ভালো বোলিং করেছ অজয়! তবে এক কাঠি সরেস মনু প্রতাপ সিং নামের একজন। বাচ্চাদের কান্না থামানোর ঢংয়ে তাঁর টুইট, ‘আলেলে, এটা কোনো ব্যাপারই না অজয়, কেঁদো না...।’
কী বিপদেই না পড়েছেন রবীন্দ্র জাদেজা! সূত্র: এনডিটিভি