রমানায়েকের নতুন ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রমানায়েকেকে স্বাগত জানালেন ওয়ালশ
রমানায়েকেকে স্বাগত জানালেন ওয়ালশ

বাংলাদেশ তাঁর কাছে পুরোনো জায়গা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পুরোনো কর্মস্থল। সেই পুরোনো কর্মস্থলে ৫২ বছর বয়সী চম্পকা রমানায়েকে কাল ফিরলেন নতুন করে, নতুন পরিচয়ে।

একাডেমির পেস বোলিং কোচের দায়িত্ব থেকে একসময় বাংলাদেশ জাতীয় দলেরও পেস বোলিং কোচ হয়েছিলেন ১৮টি টেস্ট ও ৬২টি ওয়ানডে খেলা সাবেক এই শ্রীলঙ্কান পেসার। ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত সে দায়িত্ব পালন করে ফিরে গিয়েছিলেন দেশে। সর্বশেষ শ্রীলঙ্কা জাতীয় দলের পেস বোলিং কোচের পদে থাকা রমানায়েকে এবার দুই বছরের চুক্তিতে এসেছেন বিসিবির হাইপারফরম্যান্স ইউনিটের পেস বোলিং কোচ হয়ে।

কাল বিমানবন্দর থেকে সোজা বিসিবি কার্যালয়ে এসে নিয়োগের আনুষ্ঠানিকতা সেরেছেন। জাতীয় দলের প্রস্তুতি চলছিল বলে স্বদেশি চন্ডিকা হাথুরুসিংহে ও মারিও ভিল্লাভারায়ন এবং জাতীয় দলের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশকে পেয়ে গেলেন মাঠেই। বিসিবি কার্যালয় ছেড়ে যাওয়ার সময় জানালেন নতুন দায়িত্বে তাঁর কার্যপরিধির কথা, ‘আমি হাইপারফরম্যান্সের ফাস্ট বোলারদের দায়িত্ব নিয়ে এসেছি। মূলত তরুণদের নিয়েই কাজ করব। জাতীয় দল থেকে যারা বাদ পড়বে বা এ দলের খেলোয়াড়েরাও হয়তো আমার কাছে আসবে।’

নিজের কাজের পরিধিটা এবার আগের চেয়ে একটু বাড়াতে আগ্রহী রমানায়েকে। আগে তো শুধু বোলিংই শিখিয়েছেন, এবার যুক্ত হতে চান প্রতিভা অন্বেষণেও, ‘নতুন প্রতিভা খুঁজে বের করতে দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর ইচ্ছা আছে আমার। প্রতিভা অবশ্যই আছে, কারণ ক্রিকেটটা এখানে অনেক ছড়িয়ে পড়েছে। স্বভাবজাত প্রতিভাসম্পন্ন অনেক খেলোয়াড় থাকার কথা এ দেশে। আমি এমন এমন খেলোয়াড় খুঁজে বের করতে চাই, যাদের কখনো কেউ দেখেনি।’

বিদেশি কোচ বাংলাদেশে অনেকই এসেছেন। তবে এই চিন্তাটা দেখা যায়নি কারও মধ্যেই। অবশ্য জাতীয় দলের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশের চিন্তাভাবনাও কিছুটা ভিন্ন। কোচিং স্টাফের অন্য বিদেশিরা যেখানে সুযোগ পেলেই ছুটিটাকে টেনে লম্বা বানিয়ে ফেলেন, সেখানে বিশেষ ক্যাম্প করাতে এই ক্যারিবিয়ানের ছুটি কম কাটিয়ে ঢাকায় ফেরারও নজির আছে। অস্ট্রেলিয়া সিরিজের পর যেখানে জাতীয় দলের অন্য কোচরা ছুটিতে যাওয়ার বন্দোবস্ত করে ফেলেছেন, তখন সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগ পর্যন্ত ওয়ালশ থেকে যাবেন বাংলাদেশেই। তাঁর অন্য সহকর্মীরা দলের সঙ্গে যোগ দেবেন দক্ষিণ আফ্রিকায়।

ওয়ালশের প্রশংসা শোনা গেল রমানায়েকের মুখেও, ‘তিনি আমার সময়েরই খেলোয়াড়। অসাধারণ মানুষ। তার সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি আমি।’ তবে শ্রীলঙ্কান এই কোচ সবচেয়ে বেশি খুশি অন্য কারণে, ‘২০১০ সালে যখন বাংলাদেশ ছেড়ে যাই, তখনকার কিছু খেলোয়াড় এখনো খেলছে। তরুণদের সঙ্গে অভিজ্ঞরাও আছে, এটা ভালো লক্ষণ। সে জন্যই দলটা ভালো করছে।’