রমিজ রাজা পিসিবির চেয়ারম্যান, হাফিজের এখন কী হবে!
মোহাম্মদ হাফিজের এখন কী হবে! প্রশ্নটা এ মুহূর্তে পাকিস্তান ক্রিকেটে খুব চাউর। রমিজ রাজা এখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান। কিন্তু এর আগেই মোহাম্মদ হাফিজ যে তাঁর সঙ্গে সম্পর্কটাকে ভয়ংকর খারাপ করে ফেলেছেন। এখন পাকিস্তান ক্রিকেটের হর্তাকর্তা হয়ে রমিজ হাফিজের কী করেন, আলোচনাটা এটি নিয়েই। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে ছড়িয়ে পড়েছে দেদার মিম।
রমিজ এর আগে বিশেষজ্ঞ হিসেবে হাফিজের অনেক সমালোচনা করেছেন। সেটি তিনি করতেই পারেন। বছর খানিক আগে হাফিজ অবসর নিলে পাকিস্তান দল উপকৃত হবে বলেও মন্তব্য করেন। এর জবাবটা হাফিজ দিয়েছিলেন একটু চাচাঁছোলাভাবে। বলেছিলেন, ‘খেলোয়াড় হিসেবে রমিজ রাজার অবদান মনে রাখার মতো হলেও তার ক্রিকেটজ্ঞান ও জানাশোনা নিয়ে আমার সংশয় আছে। এমনকি আমার ১২ বছরের ছেলেও রমিজ রাজার চেয়ে ক্রিকেটটা ভালো বোঝে।’
এখন রমিজ যখন পিসিবির চেয়ারম্যান হয়েই গিয়েছেন তখন হাফিজ আর কী করবেন। অভিনন্দনই জানিয়েছেন তাঁকে, ‘অভিনন্দন, পিসিবির চেয়ারম্যান রমিজ রাজা। শুভকামনা।’ নিয়তি ছাড়া এটিকে আর কী-ই বা বলা যেতে পারে!
রমিজের কথামতো হাফিজ অবশ্য ক্রিকেট থেকে অবসর নেননি। ৪১ বছর বয়সেও খেলা চালিয়ে যাচ্ছেন বেশ ভালোমতোই। পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলেও আছেন তিনি।
২০২০ সালের শুরু থেকে এখন পর্যন্ত হাফিজ ছাড়া পাকিস্তানের আর কোনো ব্যাটসম্যান এত স্ট্রাইক রেটে (১৪২.৭৩) আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এত রান (৫২১) করেননি। টি-টোয়েন্টি বিশ্বকাপেও পাকিস্তানের অন্যতম অস্ত্র হতে পারেন ‘প্রফেসর’ নামে পরিচিত হাফিজই।
দায়িত্ব নিয়েই সংবাদ সম্মেলন করেছেন রমিজ। সেখানে অনেক কিছুই বলেছেন। তবে হাফিজকে নিয়ে কিছু বলেননি। হাফিজের সেই মন্তব্যটি তিনি মনে রেখেছেন কিনা এখন কথা সেটিই।