রমিজ রাজার কাজে বিরক্ত ওয়াসিম আকরাম
রমিজ রাজা গত মাসে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন। কিছু সিদ্ধান্ত বাস্তবায়ন করতে মোটেও সময় নেননি।
তাঁর একসময়ের জাতীয় দলের সতীর্থ ও কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামের কাছে অবশ্য সেসব সিদ্ধান্ত ভালো লাগেনি। পিসিবি চেয়ারম্যানের কাজে সন্তুষ্ট হতে পারেননি ওয়াসিম।
বোর্ড চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে খুব দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়নের আগে পরিস্থিতি পর্যবেক্ষণ করা উচিত ছিল রমিজ রাজার—এমনটাই মনে করেন সর্বকালের অন্যতম সেরা এ বোলার।
সংবাদমাধ্যমকে ওয়াসিম বলেন, ‘কোনো প্রতিষ্ঠানে প্রধান নির্বাহী হিসেবে যোগ দেওয়ার পর সবারই উচিত পরিস্থিতি পর্যবেক্ষণ করা। অন্তত ৯০ দিন কিংবা দুই মাস কর্মীদের পারফরম্যান্স দেখা। এরপর বিশেষ ক্ষমতাবলে পরিবর্তন নিয়ে আসা। কিন্তু এখানে (পিসিবি) স্বাভাবিক সময়ের আগেই সবকিছু ঘটে যাচ্ছে।’
পিসিবির চেয়ারম্যান হিসেবে রমিজ দায়িত্ব নেওয়ার পর জাতীয় দলের বোলিং কোচের পদ ছেড়ে দেন ওয়াকার ইউনিস। এ ছাড়া পিসিবি প্রধান নির্বাহীর দায়িত্বও ছাড়েন মোহাম্মদ ওয়াসিম।
ওয়াকার সরে দাঁড়ানোর কারণ হিসেবে বলেছিলেন, ‘রমিজ রাজা চেয়ারম্যান হওয়ার পর মনে হয়েছিল, তিনি পরিবর্তন আনতে চান। তাই মিসবাহ পদত্যাগ করার পর আমিও সে পথ অনুসরণ করি।’ রমিজ রাজা পিসিবির চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর থেকেই নানা পরিবর্তনের কথা বলেছেন।’
টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে ওয়াকার–মিসবাহর পদত্যাগেই স্বাভাবিকভাবেই কিছুটা চাপে পড়েছে পাকিস্তান দল। ওয়াসিম এ নিয়ে বলেন, ‘যাই হোক, অতীত তো অতীত–ই। কিন্তু আমি জানি, ওরা (ওয়াকার–মিসবাহ) কঠোর পরিশ্রম করেছে।’
সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমকেও দুষলেন ওয়াসিম, ‘এখন তো মনে হয়, সংবাদমাধ্যম খেলোয়াড়দের ব্যক্তিগত সমালোচনাও করছে। হয়তো সাক্ষাৎকার দেয়নি তাই। সবাইকে তো আর খুশি রাখা সম্ভব না। তাই সামাজিক যোগাযোগমাধ্যম এড়িয়ে চলাই ভালো। শুধু নিজের কাজেই মনোযোগ দেওয়া উচিত।’