রমিজকে 'পাল্টা জবাব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

পরপর দুদিন, বাংলাদেশি দুই খেলোয়াড়ের সঙ্গে রমিজ রাজার প্রশ্নবিদ্ধ আচরণ। সামাজিক যোগাযোগমাধ্যমে তো নিন্দা চলছেই, এবার প্রতিবাদ জানানোর একটা অভিনব উপায় বেছে নিয়েছেন কেউ কেউ। রমিজের উইকিপিডিয়া পেজে তাঁর যে ছোট্ট পরিচিতি দেওয়া থাকে, সেটিই ব্যঙ্গাত্মকভাবে পরিবর্তন করে দেওয়া হয়েছে।
উইকিপিডিয়াতে কোনো পেজ চাইলে যে কেউই পরিবর্তন করতে পারেন। গতকাল রাত থেকে রমিজকে নিয়ে লেখা উইকিপিডিয়ার নিবন্ধটি এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪০ বার সম্পাদনা করা হয়েছে। তাতে রমিজের নাম বদলে দিয়েছেন সম্পাদনাকারীরা। রমিজের ক্যারিয়ারের সবগুলো রান করে ফেলা হয়েছে শূন্য! সাবেক পাকিস্তানি ক্রিকেটারের পরিচিতির অংশটা বদলে সেখানে বাংলা ও উর্দু ভাষার কিছু গালি লিখে রাখা হয়েছে।
রমিজের পেজটি কারা পরিবর্তন করেছেন, সেটি ‘এডিট হিস্ট্রি’ থেকেই জানা যাচ্ছে। তাঁদের পরিচয় বিস্তারিত জানা না গেলেও এটা অনুমান করে নেওয়া যায়, বিদ্রূপাত্মক পরিবর্তনগুলো বাংলাদেশেরই কেউ করেছেন।
পাকিস্তান সুপার লিগে ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন রমিজ। তবে তাঁর ‘ফর্ম’টা একদম যাচ্ছেতাই। গত দুদিনে দুবার বাংলাদেশের সাকিব আল হাসান ও তামিম ইকবালকে জড়িয়ে দুটি বিব্রতকর ঘটনার জন্ম দিয়েছেন রমিজ। প্রথম দিন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার ঘোষণা করতে গিয়ে সাকিবের বদলে ওয়েস্ট ইন্ডিজের লেন্ডল সিমন্সের নাম ঘোষণা করে দিয়েছিলেন, যেটিকে পরে নিজেই ‘টাইপো’ বলে সংশোধন করে নিয়েছেন।

.
.


গতকালও রমিজের উপস্থাপনায় ক্ষুব্ধ বাংলাদেশের মানুষ। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নিতে আসা তামিমকে বলে বসেন, ‘আমি তো তোমার ভাষা জানি না, ইংরেজি কি চলবে ? নাকি... ?’ যেটিকে বাংলাদেশের প্রতি তাঁর সূক্ষ্ম অপমান হিসেবেই দেখছেন ক্রিকেটপ্রেমীরা। কেননা আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় ৮ বছর কাটিয়ে ফেলা তামিমের সঙ্গে তাঁর কথা এই প্রথম নয়। আগের দিন ম্যাচ চলাকালে তামিম সাইড লাইনে দাঁড়িয়ে এক উপস্থাপিকাকে নাতিদীর্ঘ সাক্ষাৎকার দিয়েছিলেন। সেটি রমিজের না দেখার কথা নয়। তিনি তখন ছিলেন ধারাভাষ্য কক্ষে। তামিম ইংরেজিতে বলতে পারেন কি না, তা রমিজের জানা না-থাকাটাই বিস্ময়ের।

সবকিছু মিলিয়ে রমিজের পালটা জবাব দিতেই তাঁর উইকি পেজে এভাবে পরিবর্তন আনা হয়েছে বলে মনে করা হচ্ছে। সাবেক পাকিস্তানি খেলোয়াড়ের নামের অংশ পরিবর্তন, ‘রাজা’ অংশকে বদলে শব্দটির সঙ্গে মেলে এমন একটি নিষিদ্ধ মাদকের নাম দেওয়া হয়েছে। এমনকি তাঁর পরিচিতি বোঝাতে হিন্দি চলচ্চিত্রের বিখ্যাত একটি সংলাপের অনুকরণে লেখা হয়েছে একটি বাক্য, যেটি পড়ে থাকলে রমিজের বুক জ্বলুনি হওয়ারই কথা।
উইকি​র যে অংশে খেলোয়াড়দের পরিসংখ্যান বক্সের মধ্যে দেওয়া থাকে, সেখানে রমিজের ম্যাচ খেলার সংখ্যাগুলো ঠিক রেখে রানের ঘরগুলোতে বসিয়ে দেওয়া হয়েছে শুধু শূন্য।