রমিজ-সিঁধুর মনে আছে আজহারের নাম?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজহার হোসেন এখন। ছবি: সংগৃহীত
আজহার হোসেন এখন। ছবি: সংগৃহীত

রমিজ রাজা কিংবা নভজোৎ সিং সিঁধুর কি আজহার হোসেন নামটি স্মরণে আছে? পাকিস্তান ও ভারতের সাবেক এই দুই ক্রিকেটার খেলা ছেড়ে এখন পুরোদস্তুর ধারাভাষ্যকার। কতশত ক্রিকেটারের নামই না এঁদের উচ্চারণ করতে হয় পেশার খাতিরে! কিন্তু আজহার হোসেনের নাম শুনে রমিজ কিংবা সিঁধু দুজনেই হয়তো বলে উঠবেন, ‘ইনি কে?’
আজহারের নাম স্মরণ করাতে রমিজ-সিঁধু দুজনকেই ফ্ল্যাশব্যাকে নিয়ে যেতে হবে আশির দশকের দিনগুলোতে। রমিজ রাজার হয়তো এখন আর স্মরণ নেই ১৯৮৬ সালে ‘ওমর কোরেশি একাদশ’ নামে গোটা পাকিস্তান দলই ইমরান খানের নেতৃত্বে বাংলাদেশ সফর করেছিল। সেই সফরের একটি ম্যাচে রাজা দারুণ বিভ্রান্ত হয়েছিলেন ঝাঁকড়া চুলের চশমাধারী এক অফ স্পিনারের ঘূর্ণিতে। সেই ম্যাচে সেই চশমাধারীর অফব্রেকেই ব্যাট আর প্যাডের ফাঁক গলে বল এলোমেলো করে দিয়েছিল রাজার স্টাম্প।
সিঁধুকে নিয়ে যেতে হবে ১৯৮৮ সালে চট্টগ্রাম স্টেডিয়ামে (বর্তমানে এম এ আজিজ স্টেডিয়াম)। বাংলাদেশে সেবারই প্রথমবারের মতো বসেছিল একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের আসর। উইলস এশিয়া কাপের বর্ণাঢ্য উদ্বোধনের দিনে চট্টগ্রামে এই আজহার হোসেনের একটি বল সোজাসুজি তুলে মারতে গিয়ে আতহার আলী খানের হাতে ধরা পড়েছিলেন তিনি।
আজহারের নাম রাজা কিংবা সিঁধু এই দুজনের কারোরই যদি মনে না আসে তাহলে কিছুই করার নেই। কিন্তু একটা বিষয় ভেবে তৃপ্তি খুঁজে নিতে পারেন ক্রিকেটপ্রেমীদের অনেকেই। টেলিভিশন ধারাভাষ্যে বাংলাদেশকে তুচ্ছ-তাচ্ছিল্য করে রীতিমতো খলনায়কে পরিণত হওয়া পাকিস্তান ও ভারতের সাবেক এই দুই ক্রিকেটারকে আজ থেকে অনেক বছর আগে ‘বধ’ করেছিলেন বাংলাদেশের আজহার হোসেনই।
তাঁকে প্রথম দর্শনে ঠিক খেলোয়াড় হিসেবে মনে হতো না। ঝাঁকড়া চুল আর চোখের স্টিল ফ্রেমের চশমায় অনেকেই তাঁকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে ধরে নিয়ে ভ্রান্তিতে পড়তেন। কিন্তু সেই ঝাঁকড়া চুলের চশমাধারীই ব্যাটে-বলে আশির দশকে আন্তর্জাতিক ক্রিকেটে ‘শিশু’ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম পুরোধা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন এই আজহার। দারুণ একটি রেকর্ডের জন্যও তিনি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অমরত্ব পাচ্ছেন। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম অর্ধশত রানের ইনিংসটি খেলেছিলেন এই আজহার হোসেনই।

একদিনের ক্রিকেটে দেশের পক্ষে প্রথম ফিফটির মুহূর্তটি। আজহারকে অভিনন্দন জানাচ্ছেন সতীর্থ জাহিদ রাজ্জাক মাসুম। ছবি: সংগৃহীত
একদিনের ক্রিকেটে দেশের পক্ষে প্রথম ফিফটির মুহূর্তটি। আজহারকে অভিনন্দন জানাচ্ছেন সতীর্থ জাহিদ রাজ্জাক মাসুম। ছবি: সংগৃহীত


১৯৯০ সালে শারজায় নিউজিল্যান্ডের বিপক্ষে ৫৪ রানের ইনিংসটি তাঁর ক্যারিয়ারের স্মরণীয় অধ্যায়। প্রথম আলোর সঙ্গে একান্ত আলাপচারিতায় সে প্রসঙ্গ আনতে কিছুটা রসিকতা করেই বললেন, ‘কেন রমিজ রাজা আর নভজোৎ সিং সিঁধুকে আউট করাটাও আমার ক্রিকেট ক্যারিয়ারের স্মরণীয় ঘটনা।’
নিজের ক্রিকেট ক্যারিয়ারটা মাত্র সাতটি আন্তর্জাতিক ম্যাচেই শেষ হয়ে গেছে। ১৯৮৮ সালে চট্টগ্রামে ভারতের বিপক্ষে অভিষেকের পর ১৯৯০ সালের ডিসেম্বরে কলকাতার ইডেন গার্ডেনে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেন তাঁর শেষ ম্যাচটি। ক্রিকেটের সেই শুরুর যুগে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের অনিয়মিত পদচারণ তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার দীর্ঘ হতে দেয়নি। কিন্তু যতটুকু খেলেছেন, তাতেই থাকছে গর্ব করার মতো অনেক কিছুই। আজহার অবশ্য ব্যাপারটি এভাবে দেখেন না। বরং সোনালি অতীতের কথা মনে করে তিনি যেন বিনয়ের অবতারই, ‘ক্রিকেটটা ওই সময় মনের আনন্দেই খেলতাম। ক্রিকেট থেকে কী পেলাম আর কী পাচ্ছি না—এসব নিয়ে কোনো চিন্তাভাবনা ছিল না। এখনকার ক্রিকেটাররা আচার-আচরণ ও কথাবার্তায় কত স্মার্ট। নিজেদের খেলাটাকেও তারা কত উন্নত করেছে। আমাদের সময়টা ছিল অন্য রকম। আন্তর্জাতিক ক্রিকেটের আদব-কায়দা শিখতে শিখতেই তো আমাদের দিন শেষ হয়ে গেছে।’
তার পরও দেশের পক্ষে একদিনের ক্রিকেটে প্রথম ফিফটির ব্যাপারটি অসম্ভব তৃপ্তি দেয় আজহারকে। ১৯৯০ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে শারজার মাঠে ফিফটি পূরণ করে ব্যাট তোলার সেই মুহূর্তটি কোনো দিন ভুলতে পারেন না আজহার, ‘সেই মুহূর্তটি দারুণ তৃপ্তিদায়ক। অথচ, সেই ম্যাচটি আমার খেলারই কথা ছিল না। ম্যাচের আগের দিন ম্যানেজার শফিকুল হক হীরা ভাই আমাকে বললেন যে আমি দলে আছি। ফিফটি করার আগমুহূর্তে আমার ঊরুর মাংসপেশিতে টান লেগেছিল। মাসুমকে (জাহিদ রাজ্জাক মাসুম) রানার বানিয়ে ফিফটি পূরণ করেছিলাম। ওই মুহূর্তের একটা ছবি এখনো আমার কাছে আছে।’
ফিফটি করার মুহূর্তটির অনেক কিছুই মনে নেই আজহারের। আজ থেকে ২৫ বছর আগের কথা। তার পরও হালকাভাবে মনে করতে পারেন কিছু মুহূর্ত, ‘ফিফটি করার পর আমাকে প্রথম অভিনন্দন জানিয়েছিল মাসুম। সে ছিল আমার রানার। এরপর নিউজিল্যান্ডের কয়েকজন ক্রিকেটার আমাকে অভিনন্দন জানিয়েছিল। মনে আছে সেই দলে ছিলেন মার্টিন ক্রো আর জন রাইট। বোলার ড্যানি মরিসনও অভিনন্দিত করেছিল আমাকে। আজ এত বছর পর ওই মুহূর্তটির কথা মনে করে খুব ভালো লাগে। মনে হয় দেশের ক্রিকেটের জন্য একটু হলেও অবদান রাখতে পেরেছি।’
নিউজিল্যান্ডের সঙ্গে ওই ম্যাচে কিউইদের ৩৩৮ রানের জবাবে ৫ উইকেটে ১৭৭ রানে থেমেছিল। সেই সময় পর্যন্ত ১৭৭ রানই ছিল বাংলাদেশের সর্বোচ্চ ওয়ানডে স্কোর। মজার ব্যাপার হচ্ছে, সেই ম্যাচেই প্রথম ইনিংসের গোড়াপত্তন করতে মাঠে নেমেছিলেন আজহার। ড্যানি মরিসন, জোনাথন মিলমো, শেন টমসন, মার্টিন স্নেডেনদের বলের বিপক্ষে বুক চিতিয়েই লড়েছিলেন তিনি। জয়-পরাজয় সেসময় কোনো ব্যাপার ছিল না। কিন্তু ৩৩৮ রানের পাহাড়ের সামনে দাঁড়িয়ে মর্যাদা অর্জনের একটা বিষয় সেদিন এসেছিলই। আর বাংলাদেশ সেই মর্যাদা খুব ভালোভাবেই অর্জন করতে পেরেছিল।
দেশের ক্রিকেটের বর্তমান অবস্থায় অসম্ভব আশাবাদী আজহার। তবে তাঁর একটা ভয়ও আছে। সৌম্য-মুস্তাফিজদের মতো তরুণ উদীয়মান প্রতিভাবানদের যত্নটা যেন খুব ভালোভাবে হয়। দেশের ক্রিকেট সাফল্য পেলেও ক্রিকেট পরিচালনার ব্যাপারটিতে পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছেন না জাতীয় দলের সাবেক এই অলরাউন্ডার, ‘ক্রিকেট সাফল্য পাচ্ছে। খুব ভালো লক্ষণ। কিন্তু এই সাফল্যটা যেন অনেক দিন ধরে আসে সেই ব্যাপারে খেয়াল রাখতে হবে। সৌম্য-মুস্তাফিজরা আসছে। কিন্তু এদের যত্ন নেওয়ার প্রক্রিয়াটা খুব একটা স্বস্তিদায়ক নয়। সোহাগ গাজীর অবস্থা দেখুন। কী প্রতিশ্রুতি নিয়েই না সে আবির্ভূত হয়েছিল। বোর্ডকে এ ব্যাপারে এগিয়ে আসতে হবে। খেলোয়াড় আসার পাইপলাইনটাকে আরও চওড়া করতে হবে। যেন সৌম্য-মুস্তাফিজরা সংখ্যায় আরও বেশি করে আবির্ভূত হয়।’