রশিদ খানও বলছেন, এবারের বিশ্বকাপ হবে স্পিনারদের

বিশ্বকাপে স্পিনাররা দাপট দেখাবে বলেই ধারণা রশিদেরছবি: আইসিসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাসিথ মালিঙ্গার অবিশ্বাস্য কীর্তিটা কাল করে দেখিয়েছেন কার্টিস ক্যাম্ফার। কাল নেদারল্যান্ডসের বিপক্ষে ৪ বলে ৪ উইকেট বা ডাবল হ্যাটট্রিক করেছেন এই আইরিশ। এখন পর্যন্ত এই বিশ্বকাপে সেরা বোলিং কীর্তিটা তাই এক মিডিয়াম পেসারের। তবে বিশ্বকাপ শেষ হতে হতে সেটা আর নাও থাকতে পারে। বিশ্বকাপে দল জেতানোয় মূল ভূমিকা স্পিনাররা রাখবেন বলেই ধারণা করছেন মুত্তিয়া মুরালিধরন।

মুত্তিয়া মুরালিধরনের মতোই স্পিনারদের দাপট দেখছেন আরও একজন—আফগান লেগ স্পিনার রশিদ খান। আইপিএলের জন্য এক মাস ধরে সংযুক্ত আরব আমিরাতে খেলার অভিজ্ঞতা ভালোমতোই নেওয়া হয়ে গেছে তাঁর। আর সে অভিজ্ঞতা বলছে, শারজা, আবুধাবি ও দুবাইয়ে স্পিন ছাড়া গতি নেই।

গতকাল প্রস্তুতি ম্যাচে হেরেছে আফগানিস্তান
ছবি: আইসিসি

গতকাল আক্ষরিক অর্থেই পেস বোলিং দিয়ে নেদারল্যান্ডসকে গুঁড়িয়ে দিয়েছে আয়ারল্যান্ড। ক্যাম্ফারের মালিঙ্গাকে স্পর্শ করার কীর্তি তো ছিলই, মার্ক অ্যাডেইরও ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছেন। তবে এই ম্যাচ ব্যতিক্রম বলেই ধরে নিতে হচ্ছে। ওমান ও আরব আমিরাতে হওয়া বিশ্বকাপের প্রথম পর্বের বাকি তিন ম্যাচেই স্পিনাররা রাজত্ব করেছেন।

প্রথম ম্যাচে ওমানের অধিনায়ক জিশান মাকসুদ এক ওভারে তিন উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন, হয়েছেন ম্যাচসেরা। পরের ম্যাচে বাংলাদেশের দুই স্পিনার সাকিব আল হাসান ও মেহেদী হাসান ৮ ওভারে মাত্র ৩৬ রান দিয়ে ৫ উইকেট পেয়েছেন। আর তাঁদের টেক্কা দিয়েছেন স্কটিশ লেগ স্পিনার ক্রিস গ্রিভস। তাঁর ৩ ওভারে ১৯ রান দেওয়া স্পেলে বাংলাদেশ হারিয়েছে সাকিব ও মুশফিকুর রহিমের মূল্যবান উইকেট। গতকাল নামিবিয়াকে ১০০–এর নিচে গুটিয়ে দিতে বড় ভূমিকা রেখেছেন শ্রীলঙ্কার রহস্য স্পিনার মহিশ তিকশেনা ও বানিন্দু হাসারাঙ্গা।

আইপিএলে কলকাতা স্পিনারদের ব্যবহার করে সাফল্য পেয়েছে
ছবি: আইপিএল

রশিদ খানের কথা সত্যি হয়ে থাকলে এটা কেবল শুরু। ক্রিকেটভিত্তিক মাসিক পত্রিকা ক্রিকেট মান্থলিকে বলেছেন, ‘এখানকার উইকেট বরাবরই স্পিনারদের সাহায্য করে এবং এটা স্পিনারদের বিশ্বকাপ হওয়া উচিত। উইকেট কীভাবে বানানো হয়েছে, তাতে কিছু যায়–আসে না। এখানে স্পিনাররা সব সময় সাহায্য পান। এই বিশ্বকাপে স্পিনাররা খুবই বড় ভূমিকা পালন করবে। আইপিএলে যেমন দেখেছি, স্পিনাররা তাদের দলকে ম্যাচে ফিরিয়েছে। আমার মনে হচ্ছে বিশ্বকাপেও তা–ই হবে। সেরা স্পিনাররা তাদের দলকে খেলায় ফিরিয়ে আনবে এবং জেতাবে।’

২০২০ ও ২০২১ আইপিএলে সংযুক্ত আরব আমিরাতের তিন ভেন্যুতেই স্পিনাররা রান আটকানোয় দারুণ কার্যকর বলে প্রমাণিত হয়েছেন। আর উইকেট তুলে নেওয়ার ব্যাপারেও কম যাননি। দুবাইয়ে ৩০ দশমিক ৮ শতাংশ উইকেট পেয়েছেন স্পিনাররা, শারজায় সেটি ৩০ দশমিক ১ শতাংশ। আর আবুধাবিতেই স্পিনাররা সবচেয়ে বেশি সাফল্য পেয়েছেন। ৩২ দশমিক ১ শতাংশ উইকেট পেয়েছেন সেখানে স্পিনাররা।

রশিদ খান ও মুজীব উর রহমানের স্পিন আক্রমণ আফগানিস্তানের মূল ভরসা
ফাইল ছবি: প্রথম আলো

এই তিন ভেন্যুতেই হবে সুপার টুয়েলভের সব ম্যাচ। সেমিফাইনাল ও ফাইনালের সব ম্যাচও হবে এই তিন ভেন্যুতেই। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যকার এক ম্যাচ দিয়ে স্পিনারদের গুরুত্ব বোঝাতে চেয়েছেন রশিদ। সেদিন দুই দলের হয়ে চার স্পিনার দাপট দেখিয়েছেন—রশিদ, বরুণ চক্রবর্তী, সাকিব ও সুনীল নারাইন।

রশিদের ধারণা, দুবাইয়ের সে ম্যাচকে উদাহরণ মানা উচিত সবার, ‘৩ অক্টোবর আমরা যখন কেকেআরের বিপক্ষে খেললাম, ওদের চারজন স্পিনার ছিল। সবাই ওভার ৪-৫ রান দিচ্ছিল। উইকেট যেমনই হোক না কেন, সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশনে স্পিনাররা সব সময় কার্যকর। তবে আমাদেরও ভালো বল করতে হবে। এমন না যে সবকিছু উইকেটই করে দেবে। না, না, না।’

আফগানিস্তানের স্পিনারের অভাব নেই। রশিদ তো আছেনই, আছেন অধিনায়ক মোহাম্মদ নবী ও মুজিব-উর-রহমান। আর আরব আমিরাতে এখন পর্যন্ত ১৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে সব কটিই জিতেছে আফগানরা। দেখা যাক, বিশ্বকাপে এই শক্তির জায়গাটা কতটা কাজে লাগে তাদের।