রহস্য লুকিয়ে 'বারো শ বলে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুনে টেস্টের তৃতীয় দিনের শেষ বিকেলের কথা। ম্যাচ নিয়ে রোমাঞ্চ শেষ হয়ে গেছে বহু আগেই। স্টিভ ও’কিফ চেতেশ্বর পূজারাকে তুলে নেওয়ার পর আগ্রহ জাগল অন্য এক বিষয় নিয়ে। ৩৪ রানেই ৬ উইকেট হয়ে গেছে ও’কিফের। ভারতের মাঠে সফরকারী কোনো স্পিনারের সেরা বোলিংটা কি হচ্ছে তাঁর? মাত্র তো আর ২ উইকেটই লাগে। তখনই দৃশ্যপটে নাথান লায়নের আবির্ভাব। ফটাফট ৩ উইকেট নিয়ে ম্যাচটা শেষ করে দিলেন। জেসন ক্রেজাও হয়তো হাঁফ ছেড়ে বাঁচলেন—যাক বাবা রেকর্ডটা তাহলে আরও কিছুদিন দখলে থাকল!
সেই আরও কদিন যে মাত্র সাত দিন হবে, তা িক আর জানা ছিল! এক সপ্তাহ আগে যাঁর কারণে ক্রেজা হাঁফ ছেড়ে বেঁচেছিলেন, বেঙ্গালুরু টেস্টের প্রথম দিনে সেই লায়নই ভেঙে দিলেন রেকর্ডটি। ৫০ রানে তুলে নিয়েছেন ভারতের ৮ উইকেট। শুধু স্পিনার হিসেবেই নয়, সব ধরনের ক্যাটাগরি টপকে ভারতের মাটিতে সফরকারী কোনো বোলারের সেরা বোলিং এখন অস্ট্রেলিয়ান অফ স্পিনারের। মাইকেল ক্লার্কের চোখে, ভারতের কন্ডিশনে সেরা বোলিং এটিই। লায়নের এই সাফল্যের রহস্য? রবিচন্দ্রন অশ্বিন! ‘এখানে আসার আগে অশ্বিনের অনেক ভিডিও দেখে এসেছি। তবে নিজের শক্তির জায়গা—বাউন্সটাই কাজে লেগেছে বেশি। নিজের শক্তি বোঝার মতো যথেষ্ট টেস্ট খেলেছি।’
সেটা যে কাজে লেগেছে তাঁর সাক্ষী পূজারা ও অশ্বিন। এ দুজন স্পিন নয়, লায়নের বাউন্সের কাছেই হার মেনেছেন। প্রথম ম্যাচে ও’কিফের কাছে ম্লান হয়ে গেলেও বেঙ্গালুরুতে ঠিকই মূল স্পিনার হিসেবে রাজত্বটা বুঝে নিয়েছেন লায়ন। কাঠখড় তো কম পোড়াননি এ সিরিজের জন্য, ‘বিগ ব্যাশের আগে থেকেই জন ডেভিসনকে নিয়ে কাজ করছি। প্রতিদিন দুই ঘণ্টা বল করেছি। তিনিও এ সাফল্যের কৃতিত্ব নিতে পারেন। আর সিরিজের আগে দুবাইয়ে প্রায় বারো শ বল করেছি! ভারতে কীভাবে বল করতে হবে, সেটা নিয়ে অনেক আলোচনা করেছি।’
বেঙ্গালুরুতে স্পোর্টিং উইকেটের আশা দেখিয়েছিল ভারত। কিন্তু প্রথম দিনেই িস্পনারদের ৯ উইকেট বুঝিয়ে দিচ্ছে, এখানেও রাজত্ব করবেন স্পিনাররা, ‘উইকেটে কিছু ফাটল আছে। আমিও চেষ্টা করেছি সেখানে বল ফেলতে। অস্ট্রেলিয়ার জন্য দুর্দান্ত একটা দিন ছিল।’ দুর্দান্ত দিনকে পুরো টেস্টে টেনে নিতে দায়িত্বটা ব্যাটসম্যানদের কাঁধেই ঠেলে দিয়েছেন লায়ন, ‘কালকের পরিকল্পনা? লম্বা সময় ধরে ব্যাট করো!’ স্টার স্পোর্টস।