রহস্যজনক ছুটিতে বাংলাদেশ দলের সহকারী কোচ

• শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজের পরই ছুটিতে যাওয়া রিচার্ড হ্যালসল এখনো ফেরেননি।
• বিসিবির প্রধান নির্বাহী দাবি করলেন, হ্যালসল এখনো বিসিবির সঙ্গে আছেন।
• তবে হ্যালসল যে শ্রীলঙ্কা সফরে থাকছেন না, সেটিও নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী।
শ্রীলঙ্কার টি-টোয়েন্টি সিরিজের পরই ছুটিতে গেছেন রিচার্ড হ্যালসল। নিদাহাস ট্রফি দোরগোড়ায় অথচ বাংলাদেশ দলের সহকারী কোচের খোঁজ নেই! বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানালেন, নিদাহাস ট্রফিতেও তিনি দলের সঙ্গে থাকছেন না!
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষেই দেশে চলে গেছেন হ্যালসল। কোর্টনি ওয়ালশ যদিও এ সময়ে ব্যস্ত থেকেছেন ১৪ পেসার ও ৫ ব্যাটসম্যানের বিশেষ ক্যাম্প নিয়ে। সিরিজ শেষে একজন কোচ ছুটিতে যেতেই পারেন। কিন্তু নতুন সিরিজের আগে তো তাঁর আবার দলে যোগ দেওয়ার কথা। হ্যালসল যেহেতু যোগ দিচ্ছেন না, তাই প্রশ্ন উঠেছে, বাংলাদেশ দলের অধ্যায় তবে শেষ করে ফেলেছেন তিনি?
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন অবশ্য দাবি করলেন, হ্যালসল এখনো বিসিবির সঙ্গেই আছেন, ‘বিষয়টি এমন নয়। রিচার্ড হ্যালসল এখনো আমাদের সহকারী কোচ। নিদাহাস ট্রফি যেহেতু টি-টোয়েন্টি টুর্নামেন্ট, এখানে হাই পারফরম্যান্স ইউনিটের প্রধান কোচ সায়মন হেলমট ব্যাটিং কোচ হিসেবে বাংলাদেশ দলের সঙ্গে থাকবে। বোলিং কোচ হিসেবে চম্পাকা রমানায়েকেকে যুক্ত করেছি। এই দুজন বাড়তি সদস্য হিসেবে টিম ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত হচ্ছেন। এটা সংক্ষিপ্ত সময়ের একটি সফর, তাই আমরা ঠিক করেছি এই কজনের মধ্যে আমরা সীমিত রাখব।’
তবে নিজামউদ্দিন জানালেন, হ্যালসল শ্রীলঙ্কা সফরে দলের সঙ্গে থাকছেন না, ‘আপাতত তিনি ছুটিতে আছেন। ওয়েস্ট ইন্ডিজ সফর ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নিয়ে আমাদের কথা চলছে। যদি হয় ওই সময়ে তিনি দলে যোগ দেবেন।’
গুঞ্জন আছে, হ্যালসলের না ফেরার সম্ভাবনাই বেশি। কিন্তু কেন ফিরবেন না? তাঁকে তো প্রধান কোচের বিকল্প হিসেবে ভাবছিল বিসিবি। হ্যালসলের বিষয়টি আপাতত এড়িয়ে যেতে চাইছে বিসিবি। তবে শোনা যাচ্ছে, সিনিয়র দু-একজন ক্রিকেটারকে নিয়ে হ্যালসলের কর্মকাণ্ডে অসন্তুষ্ট বিসিবি। আবার সাবেক এই জিম্বাবুইয়ান ক্রিকেটারও নাকি আর থাকতে চান না বাংলাদেশে।
নিদাহাস ট্রফির ডামাডোলে বিসিবি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের জন্য কিউরেটর নিয়োগ চূড়ান্ত করতে চাইছে। মিরপুরের প্রধান কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গে কাজ করবেন আরও দুই কিউরেটর। ‘হোম অব ক্রিকেট’ মিরপুরের পাশে বারবার আইসিসির লাল কালি পড়া আর ডিমেরিট পয়েন্ট যোগ হওয়ায় চিন্তিত বিসিবি। গামিনিকে ঘিরে বিতর্ক তৈরি হওয়ায় বিসিবি সিদ্ধান্ত নিয়েছে নতুন কিউরেটর নিয়োগ দেওয়ার। এরই অংশ হিসেবে কাল সাক্ষাৎকার দিয়েছেন ভারতীয় কিউরেটর প্রবীণ হিংনিকার। নিজামউদ্দিন জানালেন, সবকিছু ঠিক থাকলে শিগগিরই কাজে যোগ দেবেন তিনি।