রাইট-ঝড়ে সাসেক্সের রেকর্ড
ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছিল আগেই। শেষ ম্যাচে শীর্ষে থাকা সাসেক্সকে হারানোর সান্ত্বনার আশায় ছিল এসেক্স। টম ওয়েস্টলির ৫৮ বলে ১০৯ ও জেসি রাইডারের ৩৭ বলে ৭৫ রানে এসেক্স তুলেছিল ২২৫। টি-টোয়েন্টি ক্রিকেটে এত রান তাড়া করে আগে জেতেনি কোনো দল। কিন্তু সান্ত্বনার সেই জয়ও জুটল না এসেক্সের। লুক রাইটের অসাধারণ এক ইনিংসে সাসেক্স ওই রান তাড়া করে ফেলল ৯ বল আর ৭ উইকেট হাতে রেখেই!
রান তাড়ায় ১৪ রানেই ২ উইকেট হারিয়েছিল সাসেক্স, তৃতীয় উইকেট হারিয়েছিল ৬৭ রানে। এরপর উইকেট হারায়নি আর একটিও, ম্যাট মাচানকে নিয়ে ৭৩ বলে ১৫৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন রাইট। জুটিতে স্রেফ সঙ্গ দিয়ে গেছেন মাচান (২৬ বলে ৪১*), ১২ চার ও ১১ ছক্কায় ৬৬ বলে ১৫৩ করে অপরাজিত রাইট। টি-টোয়েন্টিতে রান তাড়ার আগের রেকর্ডটি ছিল কেপ কোবরার। ২০১১ সালে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টিতে টাইটানের ২২২ রান তাড়ায় ৫ উইকেটে জিতেছিল কোবরা। রয়টার্স, ক্রিকইনফো।