রাওয়ালপিন্ডি টেস্টের দল ঘোষণা, ফিরলেন রুবেল

পাকিস্তানে প্রথম টেস্টের জন্য ঘোষিত দলে ফিরলেন রুবেল হোসেন
রাওয়ালপিন্ডি টেস্টের জন্য পিসিবি পাকিস্তান দল ঘোষণা করেছে আজ দুপুরের আগে। বাংলাদেশ দলে বাঁহাতিদের প্রাধান্য মাথায় রেখে দলে অফ স্পিনার নিয়েছে পাকিস্তান। এর কয়েক ঘণ্টা পর আজ সন্ধ্যায় বিসিবিও ঘোষণা করেছে রাওয়ালপিন্ডি টেস্টের ১৪ সদস্যের বাংলাদেশ দল। দলে চার বাঁহাতি ব্যাটসম্যান। স্পিনার তাইজুল ইসলামসহ বাঁহাতি মোট পাঁচজন।
প্রতিপক্ষ কী ভাবছে তার চেয়ে বেশি নিজেদের শক্তির জায়গা ভেবেই দল সাজানো হয়। সম্ভবত এ কারণেই নির্বাচকদের ১৪জনের স্কোয়াডে চার বাঁহাতি ব্যাটসম্যান। এর মধ্যে গত সেপ্টেম্বরে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের পর টেস্ট দলে ডাক পেয়েছেন সৌম্য সরকার। বাংলাদেশ ক্রিকেট লিগে আজ ‘ডাবল সেঞ্চুরি’ করা তামিম ইকবাল তো ‘অটোমেটিক চয়েজ’ই ছিলেন। আজ তাঁর সঙ্গী হিসেবে সেঞ্চুরি তুলে নেওয়া মুমিনুল হক আছেন যথারীতি টেস্ট দলের নেতৃত্বে। দলে চতুর্থ বাঁহাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। দেশের হয়ে তিনি সর্বশেষ টেস্ট খেলেছেন সিলেটে, ২০১৮ সালের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে।
ভারতের বিপক্ষে গত নভেম্বরে সর্বশেষ টেস্ট সিরিজ খেলে বাংলাদেশ দল। সে সিরিজের দল থেকে বাদ পড়েছেন পেসার মোস্তাফিজুর রহমান ও মোসাদ্দেক হোসেন। মোস্তাফিজের ফিটনেস এমনিতেই একটা সমস্যা। এ ছাড়াও ক্রিকেটমহলে গুজব— কোচ রাসেল ডমিঙ্গো তাঁকে সাদা বলের খেলার বোলার হিসেবেই বেশি পছন্দ করেন। আর মোস্তাফিজের নিজের তো টেস্ট নিয়ে একটা ভীতি আছেই। ভারত সফরে ইডেন গার্ডেনে বাংলাদেশের সর্বশেষ টেস্ট দলেও ছিলেন না মোস্তাফিজ। কলকাতা টেস্টের দল থেকে বাদ পড়েছেন ওপেনার সাদমান ইসলাম, ইমরুল কায়েস ও মেহেদী হাসান মিরাজ। এ তিন ক্রিকেটারসহ মোসাদ্দেকও আছেন চোটে। আর মুশফিকুর রহিম তো পাকিস্তান সিরিজ থেকে আগেই নাম প্রত্যাহার করেছেন।
দলে ‘বিশেষজ্ঞ’ ব্যাটসম্যান মোট ৮জন—তামিম ইকবাল, মুমিনুল হক, সাইফ হাসান, নাজমুল হোসেন, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, লিটন দাস ও সৌম্য সরকার। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম ম্যাচেই রান পেয়েছেন তামিম ও মুমিনুল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ অপরাজিত ২২২ রানের ইনিংসে দারুণভাবেই রাওয়ালপিন্ডি টেস্টের প্রস্তুতি সেরেছেন তামিম। মুমিনুলের ব্যাট থেকে এসেছে ১১১ রান। পাকিস্তানে ভালো কিছুর সম্ভাবনা দেখাচ্ছে ৩৩৩ মিনিট উইকেটে কাটিয়ে সাইফ হাসানের খেলা ৫৮ রানের ইনিংসটিও।
লম্বা সময় ব্যাটিংয়ের জন্য সুনাম আছে এখনো জাতীয় দলে খেলার অপেক্ষায় থাকা ডানহাতি এ ওপেনারের। সৌম্য ও লিটনকে ধরলে তামিম-নাজমুল ও সাইফকে দিয়ে টেস্ট দলে ওপেনার মোট পাঁচজন। লিটন অবশ্য বিসিএলে রান পাননি। বিসিএলে বড় ইনিংস খেলে যেতে না পারার অতৃপ্তি সঙ্গী হবে মাহমুদউল্লাহর পাকিস্তান সফরেও।
বাংলাদেশ দল বিশেষজ্ঞ পেসার চারজন, মিডিয়াম পেসার সৌম্যকে ধরলে সংখ্যাটা পাঁচ। রাওয়ালপিন্ডির কন্ডিশন মাথায় রেখেই এমন বোলিং আক্রমণ। পেসারদের মধ্যে ইবাদত হোসেন ও রুবেল হোসেনের শক্তি গতি। সুইংয়ের কথা মাথায় রেখে দলে নেওয়া হয়েছে আবু জায়েদকে। সঙ্গে আছেন ‘স্পট’ বোলিংয়ে বেশ ভালো আল-আমিন। ইবাদত বিসিএলে উত্তরাঞ্চলের হয়ে চলতি ম্যাচে ২ উইকেট পেয়েছেন।
সাকিব আল হাসানের অনুপস্থিতিতে স্পিনে মূল দায়িত্বটা থাকবে তাইজুল ইসলামের কাঁধে। পূর্বাঞ্চলের হয়ে ৫ উইকেট নিয়ে প্রস্তুতি ভালোই সেরেছেন বাঁহাতি এ স্পিনার। তাঁর সঙ্গে আছেন অফ স্পিনার নাঈম হাসান। এই হলো বাংলাদেশের ‘বিশেষজ্ঞ’ স্পিন বিভাগ।
বাংলাদেশ দলের পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা ৫ ফেব্রুয়ারি। রাওয়ালপিন্ডিতে ৭ ফেব্রুয়ারি শুরু প্রথম টেস্ট। এর আগে লাহোরে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ দল।
প্রথম টেস্টে বাংলাদেশ দল: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন, আবু জায়েদ, আল-আমিন ও রুবেল হোসেন।