রাওয়ালপিন্ডির ভুল করাচিতে শোধরাচ্ছে অস্ট্রেলিয়া
রাওয়ালপিন্ডি টেস্টে দুই ইনিংস মিলিয়ে উইকেটের জন্য মাথা কুটে মরেছেন অস্ট্রেলিয়ার বোলাররা। চার পেসারের পাশাপাশি মাত্র এক বিশেষজ্ঞ স্পিনার থাকায় রাওয়ালপিন্ডির মরা উইকেটে আরাম করে খেলেছেন পাকিস্তানি ব্যাটসম্যানরা। মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, প্যাট কামিন্সদের নিয়ে গড়া বিশ্বসেরা গতি আক্রমণ উইকেট নিতে পেরেছেন মাত্র একটি (পাকিস্তানের দুই ইনিংস মিলেই উইকেট পড়েছে মাত্র ৪টি)। একমাত্র বিশেষজ্ঞ স্পিনার নাথান তেমন কিছু করতে পারেননি।
পাকিস্তান আবার দলে দুই স্পিনার খেলিয়ে সফল। অস্ট্রেলিয়া নিজেদের একমাত্র ইনিংসে অলআউট হয়েছিল। এর সাতটি উইকেটই পেয়েছেন দুই পাকিস্তানি স্পিনার নোমান আলী ও সাজিদ খান।
বিশেষভাবে নোমানের কথা বলতেই হয়। ১০৭ রানে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা বোলিং করেছেন এই স্পিনার। সব দেখেশুনে অস্ট্রেলিয়ার বোধোদয় হয়েছে, পাকিস্তানের স্পিনবান্ধব পিচে বাড়াতে হবে নিজেদের স্পিনশক্তি। যে কারণে করাচির দ্বিতীয় টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন পেসার জশ হ্যাজলউড।
অভিষেক হতে যাচ্ছে লেগ স্পিনার মিচেল সোয়েপসনের। ২০০৯ সালের পর এই প্রথম কোনো বিশেষজ্ঞ লেগ স্পিনার অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট খেলতে যাচ্ছেন। শেন ওয়ার্ন বেঁচে থাকলে সোয়েপসনের অর্জনে গর্বিত হতেন, এটা নিশ্চিত!
অধিনায়ক প্যাট কামিন্স নিজেই নিশ্চিত করেছেন বিষয়টা, ‘সোয়েপসন অনেক বেশি রোমাঞ্চিত ব্যাপারটা নিয়ে। সত্যি বলতে কী, আমরা সবাই ওর এই অর্জনে রোমাঞ্চিত। দুই বছর ধরে ও শুধু আমাদের হয়ে পানিই টেনে গেছে, না খেললেও আমাদের স্কোয়াডের গুরুত্বপূর্ণ অংশ সে। মূল একাদশে খেলার জন্য ও একদম প্রস্তুত। ওকে সুযোগ পেতে দেখে আমরা অনেক আনন্দিত। এখানকার উইকেট বেশ শুষ্ক, ঐতিহ্যগতভাবে স্পিনবান্ধব।’
২৮ বছর বয়সী সোয়েপসন ৫১টা প্রথম শ্রেণির ম্যাচে ৩৪.৫৫ গড়ে ১৫৪ উইকেট নিয়েছেন। সোয়েপসনের অর্জনে অস্ট্রেলিয়ানরা যে কতটা গর্বিত, সেটা বোঝা গেছে স্টিভেন স্মিথের একটা টুইটে, যিনি নিজেও মাঝেমধ্যে লেগ স্পিন করে থাকেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে সে ব্যাপারটাই তুলে ধরেছেন স্মিথ, ‘অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট ক্রিকেটে একজন লেগ স্পিনারের অভিষেক হচ্ছে—এমন ঘটনা বহুদিন দেখেনি কেউ। আগের লেগ স্পিনারটার চেয়ে (নিজেকে ইঙ্গিত করে) মিচ সোয়েপসন যে অনেক সফল হবে, তা নিয়ে আমার কোনো সন্দেহই নেই। বন্ধু, তোমাকে শুভকামনা! তোমার সঙ্গে মাঠে নামার জন্য তর সইছে না আমার!’
আগামীকাল শুরু হতে যাওয়া করাচি টেস্টের একাদশে সোয়েপসন ছাড়াও আছেন অধিনায়ক প্যাট কামিন্স, ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন, মিচেল স্টার্ক, অ্যালেক্স ক্যারি ও নাথান লায়ন।