রাঙিয়ে দিতে চান তাঁরাও

একজন দলের অধিনায়ক, আরেকজন সবচেয়ে অভিজ্ঞ। দুজনই ঘোষণা দিয়েছেন, বিশ্বকাপ দিয়েই ইতি টানবেন ক্যারিয়ারের। পাকিস্তানের বিশ্বকাপ অভিযানের সঙ্গে তাই ওয়ানডে ক্যারিয়ারও শেষ হবে মিসবাহ-উল-হক ও শহীদ আফ্রিদির। আজ অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার সঙ্গে কোয়ার্টার ফাইনালই কি দুজনের বিদায়-অভিনন্দন? মিসবাহ বা আফ্রিদি—দুজনের কেউই এমনটা চাইছেন না।
মিসবাহর মতে, বিশ্বকাপ বা ক্যারিয়ার, কোনোটিই শেষ হয়ে যায়নি তাঁর, ‘আমরা টুর্নামেন্টে এগিয়ে যেতে চাই। কালকের (আজ) ম্যাচ জেতার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টাটাই করব। এটাই আমাদের লক্ষ্য ও স্বপ্ন, দেখা যাক কী হয়। আমি ভালো ক্রিকেটই খেলতে চাই, সেরা পারফরম্যান্সই দিতে চাই।’
আফ্রিদিরও চাওয়া শেষটা হোক ভালোভাবেই, অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচে তাই নিজেকে উজাড় করে দিতে চান এই অলরাউন্ডার, ‘দল যা চায়, আমি তা-ই করতে চাই। দর্শকদের প্রত্যাশা পূরণ করতে চাই। দল তাহলেই জিতবে। একটা মধুর সমাপ্তি চাই আমি। পাকিস্তান অস্ট্রেলিয়ার সঙ্গে সেরাটাই দেবে।’
তবে যা-ই ঘটুক, নিজেদের ক্যারিয়ার নিয়ে সন্তুষ্ট দুজনই। মিসবাহর মতে, তিনি ও আফ্রিদি, দুজনেই দলকে কিছু দিতে পেরে তৃপ্ত, ‘আসলে আমরা যা কিছু অর্জন করেছি, সবচেয়ে বড় সন্তুষ্টির ব্যাপার হলো আমরা দল ও দেশকে সবকিছুই দিয়েছি, আমাদের সর্বোচ্চ চেষ্টাই করেছি। এটিই আপনাকে অনেক তৃপ্তি দেবে।’
আর আফ্রিদির কাছে নিজের ক্যারিয়ারটাই যেন বিস্ময়! ১৯ বছরের উত্থান-পতনময় ক্যারিয়ারের সবকিছুই তিনি উপভোগ করেছেন, ‘১৯ বছর ধরে খেলা যথেষ্টর চেয়েও বেশি কিছু। ভালো-মন্দ সব মিলিয়েই তো ক্যারিয়ার। আমি পাকিস্তানের হয়ে এত দিন খেলব, এটিই কখনো ভাবিনি। পাঁচটি বিশ্বকাপ খেলাও অনেক বড় ব্যাপার। আপনি কখনো পারফর্ম করবেন, কখনো করবেন না। আপনাকে চাপে পড়তে হবে, কারণ লোকে আপনার কাছে প্রত্যাশা করবে অনেক। আমার ক্যারিয়ারেও এমনই ঘটেছে। তবে এটা ছিল অনেক উপভোগ্য।’
মিসবাহর কাছে ওয়ানডে সেঞ্চুরিটা এখনো অধরা। আর আফ্রিদিকে হাতছানি দিচ্ছে ক্রিকেটে ৮০০০ রান ও ৪০০ উইকেটের প্রথম ‘ডাবল’ অর্জনের গৌরব। এ জন্য দরকার আর ৫টি উইকেট।
বিদায়বেলায় আক্ষেপ কি ঘুচবে দুজনের! এএফপি।