রাঙিয়ে দিয়েই বিদায়
ড্রেসিংরুম থেকে সতীর্থরা নেমে এলেন সীমানাপ্রান্তে। প্রতিপক্ষ ভারতের কয়েকজন এসে পিঠ চাপড়ে দিলেন। দর্শকদের প্রায় সবাই দাঁড়িয়ে পড়ল, তুমুল করতালিতে অকল্যান্ডের ইডেন পার্কে কান পাতা দায়। ২২ গজ থেকে ড্রেসিংরুমের রাস্তাটা কি অনেক দীর্ঘ মনে হচ্ছিল তখন ব্রেন্ডন টেলরের? মাঠে আবারও নামবেন, হয়তো সেঞ্চুরিও করবেন। কিন্তু জন্মভূমি জিম্বাবুয়ের হয়ে হয়তো আর নয়। কাল তাঁর চোখের কোণে চিকচিক করা জলই বলে দিচ্ছিল কতটা বিহ্বল হয়ে পড়েছেন!
এমন নয়, দেশের হয়ে খেলার দুয়ারটা চিরতরে বন্ধ হয়ে গেছে। নটিংহ্যামশায়ারের সঙ্গে তিন বছরের কলপ্যাক চুক্তি শেষ হওয়ার পর আবারও খেলতে পারবেন জন্মভূমির হয়ে। তখন তাঁর বয়স হবে ৩২। আপাতত জিম্বাবুয়ের হয়ে আবার ব্যাট করার সম্ভাবনা সুদূর পরাহত—এই কঠিন সত্যিটাই যেন অনুচ্চারে জানিয়ে দিলেন টেলর। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনেও যেসব প্রশ্ন হলো, সেসব সাধারণত অবসরে যাওয়ার আগে একজন ক্রিকেটারকে করা হয়। ‘সবচেয়ে বেশি কী মিস করবেন’, এমন প্রশ্নে টেলর বললেন, ‘দেশের হয়ে জার্সি পরা। আমার মনে হয় সব আন্তর্জাতিক ক্রিকেটারই নিজের দেশের জার্সি নিয়ে খুবই গর্ব বোধ করে। সতীর্থ ও দলের অন্যদের কথাও মনে পড়বে আমার, মনে পড়বে চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে যাওয়া সময়টা।’
সত্যিই তো, যে অগ্নিগর্ভ সময়টা দেখেছেন সেটির আঁচ থেকে বাঁচতে অনেক আগেই চলে যেতে পারতেন। ২০০৪ সালে হিথ স্ট্রিক, গ্রান্ট ফ্লাওয়ারসহ একগুচ্ছ ক্রিকেটারের বিদায়ে টালমাটাল হয়ে পড়ে জিম্বাবুয়ে ক্রিকেট। টেলর তখন সবে স্কুলের গণ্ডি পেরিয়েছেন। ১৮ বছর বয়সে ওয়ানডে ও টেস্ট অভিষেক ওই বছরই, তাঁর মধ্যে জিম্বাবুয়ে ক্রিকেটের মহিরুহ হয়ে ওঠার ছায়া দেখেছিলেন অনেকেই। এর পর থেকেই যেন উল্টো পথে যাত্রা জিম্বাবুয়ে ক্রিকেটের। আরও অনেক ক্রিকেটার ধীরে ধীরে নিজেদের গুটিয়ে নিলেন, মুখ ঘুরিয়ে নিতে শুরু করলেন পৃষ্ঠপোষকেরা। টেলর থাকলেন।
একটা সময় জিম্বাবুয়ের কাছ থেকে কেড়ে নেওয়া হলো টেস্ট খেলার অধিকার। সেই ঘোর অমানিশায়ও টেলর দল ছেড়ে যাননি। এর পর একদফা ভাঙাগড়া হলো জিম্বাবুয়ে ক্রিকেটে, দল ছেড়ে চলে গেলেন কাইল জারভিসের মতো আরও কয়েকজন সম্ভাবনাময় ক্রিকেটার। গত বছর বাংলাদেশের সঙ্গে সিরিজে গুঞ্জন, টেলর বিদেশবিভুঁইয়ে পাড়ি জমাতে পারেন। সে গুঞ্জনটাই সত্যি হলো অবশেষে।
তবে বিদায় দেওয়ার আগে এভাবে রাঙিয়ে দিয়ে যাবেন, নিজেও কী ভাবতে পেরেছিলেন! জিম্বাবুয়ের হয়ে বিশ্বকাপে টানা দুই ইনিংসে সেঞ্চুরি নেই কারও, টেলর সেটাও করে দেখালেন। বিশ্বকাপের এক আসরে তাঁর চেয়ে বেশি রানও (৪৩৩) নেই কোনো জিম্বাবুইয়ান পূর্বসূরির, ওয়ানডেতেই তাঁর চেয়ে বেশি রান করেছেন শুধু দুই ফ্লাওয়ার ভাই। জয় পেলে সেটা হতো এক চিত্রনাট্যের সফল পরিণতি, হলো না। কিন্তু দেশত্যাগী হওয়ার সিদ্ধান্ত নিয়ে কি কোনো আক্ষেপ থেকে গেল? টেলর সামনেই তাকাচ্ছেন, ‘দেশ ছাড়তে খুবই কষ্ট হচ্ছে, কিন্তু এই সিদ্ধান্তকে ইতিবাচকই দেখছি। আশা করি, সামনের সময়টা ভালো কাটবে আমার।’
সেটা হয়তো কাটবে, কিন্তু জিম্বাবুয়ের ডুবন্ত ক্রিকেট যে আরেকটু ডুবল!
এই বিশ্বকাপে টেলর
প্রতিপক্ষ
৪০ দক্ষিণ আফ্রিকা
৪৭ আরব আমিরাত
৩৭ ওয়েস্ট ইন্ডিজ
৫০ পাকিস্তান
১২১ আয়ারল্যান্ড
১৩৮ ভারত