ক্রাইস্টচার্চ টেস্ট : আগামীকাল থেকে ক্রাইস্টচার্চে শুরু ম্যাককালামের বিদায়ী টেস্ট
রাঙিয়ে দিতে পারবেন ম্যাককালাম?

যেন উত্তেজনায় ভরা কোনো সফর শেষ হয়ে আসার অনুভূতি। একটা শূন্যতাবোধ, পেছনের স্মৃতিগুলোর জন্য একটু মন কেমন করা...আগামীকাল থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্টের আবহজুড়ে এই অনুভূতিটাই প্রবল। টেস্টের ফল নিয়ে কথা হচ্ছে, দল নিয়ে আলোচনাও, পিচ নিয়েও চলছে জল্পনা-কল্পনা। তবে সবকিছু ছাপিয়ে গেছে নেপথ্যে বেজে চলা বিদায় রাগিণী—এই টেস্টেই শেষবারের মতো মাঠে নামবেন ব্রেন্ডন ম্যাককালাম।
সিরিজটার অঘোষিত নামই হয়ে গেছে ‘ম্যাককালামের বিদায়ী সিরিজ’। তাসমান সাগরের এপার-ওপারের দুই প্রতিবেশীর প্রবল লড়াই, অথচ প্রতিটি সংবাদ সম্মেলনে তাঁর অদৃশ্য উপস্থিতি। নিজের দল হোক আর প্রতিপক্ষ, সবার মুখেই কিউই অধিনায়কের স্তুতি। হবে নাই-বা কেন? ক্রিকেট উপভোগের মন্ত্র ছিল তাঁর ব্যাটিংয়ের প্রতিশব্দ। অধিনায়ক হয়ে এই ‘স্ম্যাশ অর ক্র্যাশ’ দর্শনকেই পুরো দলের খেলার ধরনে ফুটিয়ে তুলেছেন তিনি। সেই ব্যাটসম্যান, অধিনায়ক ম্যাককালামের প্রতি তো এসব সামান্য অর্ঘ্য মাত্র।
তার ওপর গত টেস্টটি ছিল ম্যাককালামের ক্যারিয়ারে শততম। তা-ও বিরতিহীন। ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে কোনো বিরতি ছাড়া এক থেকে এক শ টেস্ট খেললেন কিউই ব্যাটসম্যান। কী দারুণ পেশাদারি, কী দুর্দান্ত ফিটনেস! তাঁর প্রশংসা তো হবেই। যদিও মাইলফলকটা একদমই রাঙাতে পারেননি ম্যাককালাম। নিজে দুই ইনিংসে করেছেন ০ ও ১০, দলও ম্যাচটা হেরে গেছে ইনিংস ব্যবধানে। যাওয়ার আগে কি রাঙিয়ে দিয়ে যেতে পারবেন ম্যাককালাম?
অধিনায়ককে বিদায়ী উপহার দেওয়ার একটা তাড়না তো আছেই কিউই খেলোয়াড়দের। পরশু সংবাদ সম্মেলনে কিউই পেসার ট্রেন্ট বোল্ট বললেন, ‘সত্যি বলতে, ওর শেষ টেস্ট—ভাবতেই খারাপ লাগছে। দলের সবার সঙ্গে ওর সম্পর্ক অসাধারণ। সবাই শেষবারের মতো ওর সঙ্গে মাঠে নামতে উন্মুখ।’ অধিনায়কের জন্য অকুণ্ঠ প্রশংসাও ঝরেছে বোল্টের কণ্ঠে, ‘একভাবে দেখলে খেলাটাকেই বদলে দিয়েছে ও। নিউজিল্যান্ডের মানুষ যে এখন ক্রিকেট নিয়ে, দল নিয়ে এত উচ্ছ্বসিত, সেটি ওর কারণেই। ওর খেলার ধরন, আক্রমণাত্মক অধিনায়কত্বের কারণে। ওর অভাব অনেক বেশিই বোধ করব।’
নিউজিল্যান্ড ম্যাককালামকে নিয়ে ভাবাবেগে ভাসতে পারে, অস্ট্রেলিয়ার তো সেই দায় নেই। স্টিভ স্মিথদের বরং অন্য লক্ষ্য—সিরিজ জিতে ওয়ানডের মতো টেস্ট র্যাঙ্কিংয়েরও শীর্ষে ওঠা। ম্যাককালামের বিদায়ী সংবর্ধনাকে পণ্ড করার সর্বোচ্চ চেষ্টাই করবেন স্মিথরা। তবে প্রতিপক্ষ অধিনায়কের জন্য কিছু প্রশংসা বরাদ্দ থাকছে অস্ট্রেলীয় অধিনায়কের, ‘ও দুর্দান্ত খেলোয়াড়। নিউজিল্যান্ড ক্রিকেটের জন্য অনেক করেছে।’
ম্যাককালাম যদি এই টেস্টের আগে এক নম্বর আলোচ্য হন, দুই নম্বরে থাকছে উইকেট। ওয়েলিংটনের চেয়েও বেশি সবুজ উইকেট চেয়েছেন নিউজিল্যান্ড কোচ মাইক হেসন। তবে চোট দুই দল থেকেই কেড়ে নিয়েছে গুরুত্বপূর্ণ দুই পেসারকে। অস্ট্রেলিয়া পিটার সিডলকে পাচ্ছে না, নিউজিল্যান্ড ডগ ব্রেসওয়েলকে।
শেষটা রাঙিয়ে দেওয়ার স্বপ্ন তো থাকবেই, সেটির সঙ্গে সিরিজ বাঁচানোর দায়টা মিলেমিশে যাচ্ছে। ম্যাককালাম প্রেরণা খুঁজতে পারেন ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে এর আগের একমাত্র টেস্টটি থেকেই। যেটিতে নিউজিল্যান্ডের জয়ে বড় ভূমিকা ছিল তাঁর ১৯৫ রানের ইনিংসের।
এবারও কি তেমন কিছুই? রূপকথা তো কখনো কখনো মাটিতেও নেমে আসে! এএফপি, ক্রিকইনফো।