রাঙিয়ে যাওয়া হলো না আফ্রিদির

মিসবাহ-উল-হক সংবাদ সম্মেলনে আসতেই কয়েকজন পাকিস্তানি সাংবাদিক উঠে দাঁড়িয়ে হাততালি দিলেন। শহীদ আফ্রিদিকে সঙ্গে নিয়ে এলে হাততালির আওয়াজটা নিঃসন্দেহে আরও জোরে শোনা যেত।
তা শহীদ আফ্রিদিকে নিয়ে এলেই পারতেন মিসবাহ! প্রায় সাড়ে ১৮ বছর ধরে বিনোদনের ফেরিওয়ালা হয়ে থাকার পুরস্কার হিসেবে বিদায়ী একটা সংবাদ সম্মেলন প্রাপ্যই ছিল আফ্রিদির। হয়তো পাকিস্তানে ফিরে তা করবেন। হয়তো বা দেশে ফিরে যাওয়ার আগে এখানেই। তবে তাতে তো শুধু পাকিস্তানি সাংবাদিকেরাই থাকবেন। সেটি অন্যায়ই হবে, আফ্রিদি তো পাকিস্তানের হয়েও আসলে বিশ্ব ক্রিকেটের। তাঁর বিদায়টা সর্বজনীন উদ্যাপনের উপলক্ষই হওয়া উচিত।
যদিও বিদায়টা মোটেই উদ্যাপন করার মতো কিছু হলো না। যাওয়ার আগে রাঙিয়ে দিয়ে যাওয়া দূরে থাক, উল্টো মহাবিবর্ণ। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায়। সেই বিদায়েও নেতিবাচক অর্থে আফ্রিদির বড় ভূমিকা। ব্যাটিংয়ে ১৫ বলে ২৩ রান করার পর ৪ ওভার বোলিং করে ৩০ রান দিয়ে উইকেটশূন্য। শুধু নামের জোরেই এই বিশ্বকাপে খেলে গেছেন, এমন অপবাদও সইতে হচ্ছে। সেটিকে অন্যায়ই বা বলবেন কীভাবে!
৬ ইনিংসে মোট ১১৬ রান, সর্বোচ্চ মাত্র ২৮। বেশ কয়েক বছর ধরে ব্যাটিংয়ের চেয়ে যে বোলিংয়েই নিজেকে বেশি মেলে ধরেছেন, তাতে তো আরও ব্যর্থ। ৭ ম্যাচের মাত্র একটিতেই উইকেট পেয়েছেন, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৩৫ রানে ২ উইকেটই বোলার আফ্রিদির সম্বল। গড়ে ১৭১ বলে ১ উইকেট, বিশ্বকাপে কমপক্ষে ৫০ ওভার বোলিং করেছেন এমন বোলারদের মধ্যে এর চেয়ে বাজে স্ট্রাইক রেট আছে শুধু একজনের।
এতবার অবসর নিয়েছেন যে, কাল অ্যাডিলেড ওভালের প্রেসবক্সে রসিকতা হচ্ছে—বলা যায় না, শহীদ আফ্রিদি ২০১৯ বিশ্বকাপেও খেলে ফেলতে পারেন! এই বিশ্বকাপের ফাইনাল খেললে সেটি হতো আফ্রিদির ৪০০তম ম্যাচ। সেটি যে হচ্ছে না, তা অনুমান করে কোয়ার্টার ফাইনালের আগের দিনই এই সিদ্ধান্ত পরিবর্তন করার কোনো সম্ভাবনা আছে কি না জানতে চেয়েছিলেন সাংবাদিকেরা। মিসবাহ নিজের কথা তো বলেছেনই, আফ্রিদির হয়েও জানিয়ে দিয়েছেন, এটাই ফাইনাল। কালও এই প্রসঙ্গ উঠল। পাকিস্তানকে তো নেতৃত্ব দেওয়ার মতো কেউ নেই, কাউকে গড়ে তোলার জন্য মিসবাহ কি তাহলে আরও কিছুদিন থেকে যাবেন? মিসবাহ সেই সম্ভাবনা উড়িয়ে দিয়ে বললেন, দলের তরুণদের মধ্যে কাউকে দায়িত্ব দিলে সে ঠিকই পারবে। তাঁর যা দেওয়ার ছিল, সব দিয়েছেন। এবার বিদায় নেওয়ার পালা।
২০১১ বিশ্বকাপ সেমিফাইনালে হেরে যাওয়ার পর শহীদ আফ্রিদির কাছ থেকেই অধিনায়কত্ব পেয়েছিলেন মিসবাহ। শেষটাও হলো একই সঙ্গে। দুজনের মিল বলতে এটুকুই। চরিত্রে পুরো ভিন্ন দুই মেরুর মানুষ। আফ্রিদি ছটফটে, সদা চঞ্চল, উত্তেজনায় টগবগে। মিসবাহ ধীরস্থির-স্থিতধী বললে যাঁকে আরও ভালো করে বোঝানো যায়। এই চারিত্রিক বৈশিষ্ট্যের কারণেই তাঁর সময়ে পাকিস্তান দল বিতর্ককে ছায়াসঙ্গী করে রাখার সেই দিনগুলোকে পেছনে ফেলে আসতে পেরেছে। কাল বিদায়ী সংবাদ সম্মেলনেও পাকিস্তান ক্রিকেটের বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে এমন সুন্দর গুছিয়ে বললেন, সত্যিকার নেতাই যা বলতে পারেন।
শেষ ম্যাচে অধিনায়কের ভূমিকায় তিন হাজার রানের মাইলফলক ছুঁলেন। ইমরান খান ছাড়া পাকিস্তানের আর কোনো অধিনায়কের যে কীর্তি নেই। এর মধ্যেও বড় একটা অপূর্ণতা—৪২টি হাফ সেঞ্চুরি করলেও কখনো সেঞ্চুরির দেখা পাননি। তবে কী পাননি, তার হিসাব না মিলিয়ে মিসবাহ যা পেয়েছেন তাতেই খুশি থাকার দর্শনে বিশ্বাসী, ‘হ্যাঁ, সেঞ্চুরিটা পাওয়া হয়নি। চেষ্টা করেছি, হয়নি। কী করা যাবে? তবে এ নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। যা পেয়েছি তাতেই আমি তৃপ্ত।’
শহীদ আফ্রিদিরও তা-ই থাকার কথা। পেয়েছেন তো আর কম নয়। জীবনের প্রথম ওয়ানডেতে ব্যাটিং করারই সুযোগ পাননি। দ্বিতীয় ম্যাচে প্রথম ব্যাটিং করতে নেমেই ৩৭ বলে প্রলয়ংকরী এক সেঞ্চুরি। যে রেকর্ড ভেঙেছে এই মাত্র কিছুদিন আগে। ওয়ানডেতে দ্রুততম ৬টি সেঞ্চুরির দুটি তাঁর, আট হাজারের ওপরে রান, চার শ ছুঁই-ছুঁই উইকেট। তবে এসব পরিসংখ্যান দিয়ে কি আর আফ্রিদিকে বোঝানো যায়! টি-টোয়েন্টি ক্রিকেটের জন্মের অনেক আগেই ওয়ানডেতে টি-টোয়েন্টি ব্যাটিংয়ের প্রবর্তক বললেই বরং তাঁকে কিছুটা বোঝানো যায়। মাইকেল ক্লার্ক কাল সংবাদ সম্মেলনে তাঁকে বিদায়ী শুভেচ্ছা দিলেন এভাবে, ‘বুম বুম আফ্রিদি সম্পর্কে নতুন আর কী বলা যায়? ওর সঙ্গে কাউকে মেলানো কঠিন। সত্যিকারের এক এন্টারটেইনার।’
সেই ‘এন্টারটেইনার’ পরিচয়টা লেখা আছে আফ্রিদির স্ট্রাইক রেটে—১১৭! ওয়ানডেতে কমপক্ষে পাঁচ হাজার রান করেছেন যে ৭৩ জন ব্যাটসম্যান, তাঁদের মধ্যে আর শুধু ভারতের বীরেন্দর শেবাগেরই এক শর বেশি স্ট্রাইক রেট। তবে শেবাগও অনেক পিছিয়ে (১০৪.৩৩)।
তবে ‘বুম বুম’ নামের আসল রহস্য তো লুকিয়ে অন্য পরিসংখ্যানে। কাল ১৫ বলে ২৩ রানের ইনিংসেও যা একটি থাকল। ওয়ানডে ক্যারিয়ারের ৩৫১তম ছক্কা! টি-টোয়েন্টির দাবি আর ভারী ব্যাট মিলিয়ে ছেলেখেলায় পরিণত ছক্কার যুগেও আফ্রিদির এই রেকর্ড ভাঙাটা খুব সহজ হবে বলে মনে হয় না।
আফ্রিদির চলে যাওয়া মানে টেলিভিশনে খেলা দেখতে দেখতে আনমনা হয়ে যাওয়া দর্শক আর নড়েচড়ে বসবেন না—এই যে আফ্রিদি নামছে!