
ম্যাড়মেড়ে চার দিনের পর পঞ্চম দিনে হঠাৎই রাজকোটে রোমাঞ্চ। ভারতীয় দর্শকদের জন্য রোমাঞ্চ না বলে বলা উচিত শ্বাসরোধী ও স্নায়ুক্ষয়ী কিছু মুহূর্ত। ছুটির দিনের শেষ বিকেলটা তাঁদের প্রায় নখ কামড়ে পার করে দিতে হলো। ইংল্যান্ডের মূল একাদশের বাইরে থাকা ফিন-ব্যাটিরা হয়ে গেছেন ‘বলবয়’। ছাতার মতো ফিল্ডাররা ঘিরে ধরেছেন কোহলিদের। রান তাড়া করে জেতাতেই অভ্যস্ত বিরাট কোহলি। অথচ কাল ভারত অধিনায়ককে প্রাণপাত করতে হলো ম্যাচ বাঁচাতে। শেষ পর্যন্ত ভারতকে বাগে পেয়েও হারাতে পারেনি ইংল্যান্ড। তবে অ্যালিস্টার কুক আফসোস আর আনন্দের একটা মিশ্র অনুভূতি নিয়েই হয়তো মাঠ ছেড়েছেন।
আনন্দের কারণটা তো স্কোরকার্ডই বলে। আরও একবার ভারতে তিন অঙ্ক ছুঁয়েছেন ইংলিশ অধিনায়ক, বাংলাদেশ সফরের হতাশাটাও ভুলেছেন। পুরো টেস্টেই কখনো ইংল্যান্ড ‘ব্যাকফুটে’ থাকেনি, সেটা অবশ্যই তৃপ্তির। ভারতের মাঠে চার বছর পর কোনো ম্যাচে লিড নেওয়া, তার ওপর পাঁচ দিন খেলে ড্র করা তো আছেই। ম্যাচ না জিতলেও পরের টেস্টের জন্য আত্মবিশ্বাসের জ্বালানিটা ভরে নিয়েছে ইংল্যান্ড।
তবে স্কোরকার্ড বলছে না, কুক খানিক আগে ইনিংস ঘোষণা করলে ফলটা অন্য রকমও হতে পারত। সকালের পুরো সেশনটা প্রায় নির্বিঘ্নেই পার করে দিয়েছিল ইংল্যান্ড। কুক আর অভিষিক্ত হাসিব হামিদ—কে কার আগে সেঞ্চুরি পাবেন সেটিরও যেন প্রচ্ছন্ন প্রতিযোগিতা চলছিল। হামিদ না পেলেও লাঞ্চের আগেই সেঞ্চুরি পেয়ে যান কুক। কত রানের লিড নিয়ে ম্যাচ ছাড়বেন সেটা নিয়েই তখন জল্পনা-কল্পনা।
শেষ পর্যন্ত কুক ঝুঁকি নিলেন না। ৪৯ ওভারে ৩১০ রানের লক্ষ্য—ভারতের জন্য এটি আসলে কষ্টকল্পনা। বরং দ্বিতীয় ওভারেই অশনিসংকেত দেখতে শুরু করল কোহলির দল, স্কোরবোর্ডে কোনো রান না জমতেই আউট গম্ভীর। চা-বিরতির আগে ফিরে যেতে পারতেন মুরালি বিজয় ও চেতেশ্বর পূজারাও। ১৩ রানে বিজয়ের ক্যাচ ছেড়েছেন আনসারি, আর পূজারার ১০ রানে তাঁর ক্যাচ নিতে পারেননি ব্রড। প্রথম ইনিংসের দুই সেঞ্চুরিয়ান তখন আউট হলে কাঁপতেই হতো ভারতকে। পূজারা আউট হন আরও ৮ রান করে, দলের রান তখন ২ উইকেটে ৪৭। বিজয় ও রাহানেকে স্পিনজালে ধরে খানিক পরই ভারতকে ৪ উইকেটে ৭১ রানে পরিণত করে ইংল্যান্ড।
জয়ের সুবাস পেতে থাকে ইংল্যান্ড, ২৬ ওভারে আর ৬ উইকেট নিলেই তো হয়! কিন্তু এক প্রান্তে যে ছিলেন কোহলি। রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে দুলতে থাকা নৌকার হাল ধরেন। ৪৭ রানের জুটি গড়ার চেয়ে ১৫ ওভার একসঙ্গে কাটিয়ে দেওয়াটাই দুজন বেশি গুরুত্বপূর্ণ মানবেন। অশ্বিন ও ঋদ্ধিমান ৫ ওভারের মধ্যে আউট হয়ে যাওয়ায় আবার আশা জেগে ওঠে কুকদের। কিন্তু বাকি সময়ে আর কোনো বিপদ হতে দেননি কোহলি-জাদেজা। দর্শকেরা চেপে রাখা নিশ্বাসটা হয়তো তখনই ছাড়তে পেরেছেন।
জয়ের সুবাস পেয়েও সেটি মিলিয়ে যাওয়ায় কুকরা হতাশ হতেই পারেন। তবে এই ম্যাচ থেকে যা পেয়েছেন তা-ই বা কম কিসে? সূত্র: স্টার স্পোর্টস।