রাজকোটের ওয়ানডের সামনে রাজনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাত্মা গান্ধী ও নেলসন ম্যান্ডেলার নামে যে সিরিজ, সেটিই পড়ে গেল অশান্তির অশুভ চক্রে। আজ তৃতীয় ওয়ানডে খেলতে নামার আগে ভারত ও দক্ষিণ আফ্রিকা দলকে ক্রিকেটের চেয়ে বেশি ভাবতে হচ্ছে নিজেদের নিরাপত্তা নিয়েই।
গুজরাটের রাজকোটে হতে যাওয়া ম্যাচটির ভবিষ্যৎ নিয়ে একটি বড়সড় প্রশ্নবোধক চিহ্ন পড়ে গেছে বিবদমান দুটি গোষ্ঠীর দ্বন্দ্বে। মাঠে ধোনি-ডি ভিলিয়ার্সরা কেমন খেলবেন সে কথা পরে। তার আগে প্রশ্ন, ম্যাচটি কি আজ আদৌ হবে?
সিরিজে এখন ১-১ সমতা। কোথায় তৃতীয় ওয়ানডে জিতে সিরিজে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করবে ভারত ও দক্ষিণ আফ্রিকা, সেখানে খেলা মাঠে গড়াবে কি না, সেটিই অনিশ্চিত। কোটা সংরক্ষণ নিয়ে গুজরাটে ক্ষমতাসীন বিজেপির সঙ্গে কয়েক মাস ধরেই টানাপোড়েন চলছে সংখ্যালঘু প্যাটেল সম্প্রদায়ের। সেটির প্রভাব এবার পড়ল ক্রিকেটে। প্যাটেল সম্প্রদায়ের সংগঠন পাতিদার আনামত আন্দোলনের (পাস) আহ্বায়ক হার্দিক প্যাটেল ঘোষণা দিয়েছেন, ম্যাচের সময় স্টেডিয়াম ঘেরাও করে রাখবেন তাঁরা। ভারত ও দক্ষিণ আফ্রিকা দলকে স্টেডিয়ামে যাওয়ার পথে বাধা দেওয়ার হুমকিও দিয়েছে সংগঠনটি। ক্ষমতাসীন বিজেপিও প্যাটেলদের কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দিয়েছে।
প্যাটেলদের দাবি, বহু টিকিট অবিক্রীত থাকলেও সেগুলো তাঁদের কাছে বিক্রি করা হয়নি। হার্দিক প্যাটেল এ জন্য দায়ী করেছেন সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনকে, ‘অনেক টিকিট অবিক্রীত থাকার পরও কেন তারা টিকিট শেষ হয়ে যাওয়ার ঘোষণা দিল, সেটির জবাব সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনকে দিতে হবে।’ তাঁর হুমকি, ‘পাস দুই দলের স্টেডিয়ামে যাওয়ার রাস্তা বন্ধ করে দেবে। পুরো স্টেডিয়ামটা আমরা ঘেরাও করে রাখব।’
পাসের বিক্ষোভ কর্মসূচি ভন্ডুল করে দিতে এরই মধ্যে প্রায় ২০ হাজার টিকিট কিনে রেখেছে বিজেপি। শক্তির মহড়া দেখাতে নরেন্দ্র মোদির ছবিওয়ালা টি-শার্ট পরে স্টেডিয়ামে আসার সিদ্ধান্ত নিয়েছে দলটির ক্যাডাররা।
সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিরঞ্জন শাহ প্যাটেলদের দাবির সত্যতা নাকচ করে দিয়ে দুই দলকে যথাযথ নিরাপত্তার আশ্বাস দিয়েছেন। খেলোয়াড়দের নিরাপত্তার জন্য স্টেডিয়ামের চারপাশে নাকি ২১০০ পুলিশ সদস্য মোতায়েন করবে রাজ্য সরকার। ক্রিকইনফো, ক্রিকবাজ।