রাজনীতিক-ব্যবসায়ী মুক্ত ভারতীয় ক্রিকেটে?
ভারতীয় ক্রিকেটকে স্বচ্ছতা ও জবাবদিহির মধ্যে আনার জন্য খুব শিগগিরই নিজেদের প্রতিবেদন জমা দিতে যাচ্ছে বিচার বিভাগীয় কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশে ভারতের সাবেক প্রধান বিচারপতি আর এম লোধার নেতৃত্বে গঠিত কমিশনের এই প্রস্তাব গৃহীত হলে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে ভারতীয় ক্রিকেটে।
ভারতের শীর্ষ দৈনিক টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আগামী ৪ জানুয়ারি সুপ্রিম কোর্টের কাছে লোধা কমিশন যে প্রতিবেদনটি জমা দিতে যাচ্ছে, তাতে নাকি রাজনীতিক ও ব্যবসায়ীদের ক্রিকেট থেকে দূরে রাখার প্রস্তাব করা হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) জবাবদিহির মধ্যে আনার পাশাপাশি বোর্ডকে গণমানুষের আস্থার প্রতিষ্ঠানে পরিণত করতেই নাকি নিজেদের প্রতিবেদনে এমন প্রস্তাব করতে যাচ্ছে ‘লোধা কমিশন’ নামে পরিচিত এই বিচার বিভাগীয় কমিটি।
লোধা কমিশনের প্রতিবেদনে নতুন বছরে বিসিসিআইয়ের কাঠামো, ব্যবস্থাপনা এমনকি কর্ম পদ্ধতিতেও পরিবর্তন আনার কথা বলা হয়েছে। বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের ব্যাপারে বলা হয়েছে, ক্রিকেট খেলাটা খেলেছেন, ক্রিকেটের সঙ্গে সাংগঠনিকভাবে সংশ্লিষ্টতা আছে, এমন ব্যক্তিই কেবল বিসিসিআইয়ের নেতৃত্বে আসতে পারবেন। কোনো রাজনীতিক ক্ষমতার জোরে কিংবা একজন ব্যবসায়ী, কেবল তাঁর বিত্তের কারণেই বোর্ড কর্মকর্তার পদ দখল করতে পারবেন না। সাবেক ক্রিকেটার, সমাজের বিভিন্ন গণমান্য ব্যক্তিসহ সর্বস্তরের মানুষের সঙ্গে আলাপ-আলোচনা করেই লোধা কমিশন এমন প্রস্তাব দিতে যাচ্ছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। বিভিন্ন আঞ্চলিক ক্রিকেট সংস্থার ক্ষেত্রেও লোধা কমিশন একই প্রস্তাব রাখতে যাচ্ছে।
রাজনীতিকদের সম্পর্কে লোধা কমিশনের পর্যবেক্ষণও প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া। প্রতিবেদনে বলা হয়েছে, বোর্ডে ঢুকে পড়া রাজনীতিকদের মধ্যে নিজেদের শহরের ভেন্যুতে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের একটা প্রবণতা দেখা যায়। রাজনীতিক-বোর্ড কর্মকর্তা যদি ক্ষমতাসীন হন, তাহলে এই প্রবণতাটা যেন আরও বেশি করে প্রকাশ পায়। ক্রিকেটকে তারা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেন।
কমিশন বোর্ডের রাজস্ব ভাগাভাগির ব্যাপারেও নতুন প্রস্তাব রাখতে যাচ্ছে বলে জানা গেছে। টাইমস অব ইন্ডিয়ার মতে, রাজস্ব ভাগাভাগির ব্যাপারে কমিশনের প্রস্তাব গৃহীত হলে তুলনামূলক ছোট ও দুর্বল আঞ্চলিক ক্রিকেট সংস্থাগুলোর আয় আগের চেয়ে বেড়ে যাবে অনেকাংশেই।
লোধা কমিশনের প্রস্তাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের বহু শীর্ষ কর্তাদেরই কপাল পুড়তে পারে। এই মুহূর্তে বিসিসিআই ও এর আঞ্চলিক সংস্থাগুলোর বেশিরভাগ শীর্ষ পদই দখল করে আছেন রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা।