রাজনীতির আঁচে উদ্বিগ্ন মিসবাহ
ক্ষীণ হয়ে আসছে ভারত-পাকিস্তান সিরিজের সম্ভাবনা। দুই দেশের সম্পর্কে দেখা দিয়েছে নতুন করে টানাপোড়েন। উগ্রবাদী সংগঠন শিবসেনার বাধায় দুই দেশের বোর্ডের মধ্যে আলোচনাই হতে পারেনি। রাজনীতির আঁচ এভাবে ক্রিকেটের গায়ে লাগায় উদ্বিগ্ন মিসবাহ-উল-হক। পাকিস্তান টেস্ট অধিনায়ক হতাশা প্রকাশ করেছেন অস্ট্রেলিয়া বাংলাদেশ সফর বাতিল করায়ও।
দ্বিপক্ষীয় সিরিজ নিয়ে আলোচনা করতে ভারতে এসেছিলেন পিসিবি সভাপতি শাহরিয়ার খান। আর তাঁর এই সফর ঘিরেই শুরু হয় উত্তপ্ত পরিস্থিতির। গত সোমবার বিসিসিআই অফিসে ধর্মভিত্তিক রাজনৈতিক দল শিবসেনা ঢুকে পড়ে। শুধু পাকিস্তানের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করাই নয়, চলমান ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে আম্পায়ার আলিম দারকেও সরানোর দাবি করে তারা।
পরিস্থিতি পর্যবেক্ষণ করে দারকে ভারত থেকে সরিয়ে নিয়েছে আইসিসি। থাকছেন না ধারাভাষ্য দিতে আসা ওয়াসিম আকরাম ও শোয়েব আখতারও। সব মিলিয়ে যখন দুই দেশের সম্পর্কে যখন চূড়ান্ত উত্তেজনা, সেই সময় ভারতে অনুষ্ঠেয় দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ থেকে সরে গেল পাকিস্তান। জানুয়ারিতে ওই টুর্নামেন্ট হওয়ার কথা। পরের মাসে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপও আছে। ধারণা করা হচ্ছে, পাকিস্তান শেষ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটও করতে পারে।
রাজনীতি ক্রিকেটকে জড়িয়ে ধরেছে অক্টোপাসের মতো। মিসবাহ কাল বলেছেন, এখানেই তাঁর ভয়, ‘ক্রিকেটার হিসেবে আমরা একে অন্যের সঙ্গে খেলতে চাই। খেলার সঙ্গে আমরা কোনো রাজনীতি দেখতে চাই না।’ বলেছেন, ‘শুধু ভারত বা পাকিস্তানের জন্য নয়, যেখানে ঘটুক এসব ঘটনা দুঃখজনক। আমার মনে হয় ক্রিকেট থেকে রাজনীতিকে আলাদা রাখা উচিত। কিছুদিন আগে অস্ট্রেলিয়া যখন বাংলাদেশ সফরে এল না, সেটাও ছিল দুঃখজনক।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ পাকিস্তান বয়কট করবে কি না, এ নিয়ে মিসবাহ কিছু বলেননি। সেটা স্পষ্ট করে বলার সময়ও আসেনি। তবে নিজের উদ্বেগও লুকাননি, ‘মাঠের বাইরের এসব ঘটনা আপনার মনে নানা প্রভাব ফেলে। আমি জানি না কী হবে, কিন্তু এসব অনেক বড় উদ্বেগের ঘটনা। আমরা সবখানেই খেলতে চাই, খেলাটা উপভোগ করতে চাই।’ ক্রিকইনফো।