রাজনীতির মাঠে ইমরান-মিয়াঁদাদের 'জুটি'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজনীতির মাঠে আবারও ইমরান-মিয়াঁদাদ জুটি বাঁধলেন! ছবি: ডন
রাজনীতির মাঠে আবারও ইমরান-মিয়াঁদাদ জুটি বাঁধলেন! ছবি: ডন

ক্ষমতাসীন সরকারের পতন ও প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলন পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি এখন বেশ জটিল হয়ে পড়েছে। এ আন্দোলনের মূল নেতা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) দলের প্রধান ইমরান খান। পাকিস্তানের এই ক্রিকেট কিংবদন্তি তাঁর আন্দোলনে সম্প্রতি পাশে পেয়েছেন আরেক কিংবদন্তি জাভেদ মিয়াঁদাদকে। মিয়াঁদাদ এই আন্দোলনে নিজের পূর্ণ সমর্থনের কথা জানিয়েছেন।
অবশ্য খেলোয়াড়ি জীবন ও খেলা থেকে অবসরের পর ইমরান ও মিয়াঁদাদের মতৈক্য ঘটেছে কমই। অথচ রাজনৈতিক আন্দোলনে দুজন মিললেন একই বিন্দুতে!
ইমরানের আন্দোলনে সমর্থন জানিয়ে মিয়াঁদাদ বলেছেন, ‘ইমরান খান হচ্ছেন বিশাল ঐক্যের নেতা। তার সততা ও উদ্দেশ্য নিয়ে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। তাঁর অতীত রেকর্ড নিষ্কলঙ্ক। পাকিস্তানকে বদলে দেওয়ার তাঁর এ প্রচেষ্টাকে আমি পুরোপুরি সমর্থন করি।’
ইমরান রাজনীতিতে নাম লেখানোর পর তাঁর রাজনীতি নিয়ে তেমন কোনো বক্তব্য-মন্তব্য করতে দেখা যায়নি মিয়াঁদাদকে। নিজের আত্মজীবনীতে ‘বড়ে মিয়া’ লিখেছিলেন, ‘ইমরানের সঙ্গে রাজনৈতিক জুটি হবে না কে বলতে পারে?’ সাংবাদিকেরা পরে এ কথা জানালে পাকিস্তানকে ১৯৯২ বিশ্বকাপ জেতানো অধিনায়ক বলেছিলেন, ‘জুটি যা হওয়ার ছিল শেষ হয়ে গিয়েছে।’
অথচ রাজনীতির কী খেলা—এত দিন পর সেই ইমরানের রাজনৈতিক আন্দোলনকে সমর্থন জানালেন মিয়াঁদাদ। কথাটা বোধ হয় সত্যি—রাজনীতিতে শেষ বলে কিছু নেই! তথ্যসূত্র: ডন