রাজশাহীর কী দারুণ জয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তৃতীয় উইকেটে ১৯৯ রান যোগ করে রাজশাহীকে জিতিয়েই মাঠ ছাড়ছেন জুনায়েদ সিদ্দিক (বাঁয়ে) ও ফরহাদ হোসেন। সেঞ্চুরি পেয়েছেন দুজনেই। কাল চট্টগ্রামে চট্টগ্রামের বিপক্ষে জাতীয় লিগে l সৌজন্য ছবি
তৃতীয় উইকেটে ১৯৯ রান যোগ করে রাজশাহীকে জিতিয়েই মাঠ ছাড়ছেন জুনায়েদ সিদ্দিক (বাঁয়ে) ও ফরহাদ হোসেন। সেঞ্চুরি পেয়েছেন দুজনেই। কাল চট্টগ্রামে চট্টগ্রামের বিপক্ষে জাতীয় লিগে l সৌজন্য ছবি

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কাল কত দর্শক ছিল? কিংবা দর্শক কি আদৌ ছিল? তবে কাল চট্টগ্রাম-রাজশাহী ম্যাচের শেষ দিনটা যাঁরা দেখেছেন, তাঁরা অবশ্যই ভাগ্যবান। এমন রোমাঞ্চকর ম্যাচের দেখা সচরাচর মেলে না। জুনায়েদ সিদ্দিক ও ফরহাদ হোসেনের দুর্দান্ত দুই সেঞ্চুরিতে ৩৮৫ রানের পাহাড়সমান লক্ষ্য অনায়াসে টপকে গেছে রাজশাহী।
৩১৪ রানে এগিয়ে থেকে তৃতীয় দিনটা শেষ করেছিল চট্টগ্রাম। কাল আরও ৭০ রান যোগ করে ৩ উইকেটে ২৯৯ রানে ইনিংস ঘোষণা করে তারা। তাসামুল হক অপরাজিত ১০০ রানে। নবম ব্যাটসম্যান হিসেবে জাতীয় লিগে 

জোড়া সেঞ্চুরি পেলেন তাসামুল। তিন অঙ্ক ছুঁয়েছেন চট্টগ্রাম অধিনায়ক ইয়াসির আলীও। রাজশাহীর সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৮৫ রান। তখন দিনের খেলা বাকি ৭৪ ওভার। আলোকস্বল্পতার ঝুঁকি এড়াতে ৬৫ ওভারেই দুর্গম পথ পাড়ি দিয়ে ফেলল রাজশাহী।

.
.

দুই ওপেনার মাইশুকুর রহমান ও মিজানুর রহমানের ওপেনিং জুটিতেই রাজশাহী পায় ১৪৩ রান। তবে ম্যাচের সবচেয়ে আকর্ষণীয় পর্বটার শুরু এরপরই। অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে জুনায়েদ-ফরহাদের ১৫১ বলে ১৯৯ রানের জুটিটাই বদলে দিয়েছে ম্যাচ। ম্যাচসেরা জুনায়েদ প্রথম বাউন্ডারিটা পান ৫৪তম বলে। কিন্তু ফিফটি পেয়ে গেছেন ৫৯ বলে। জুনায়েদ ফিফটি থেকে সেঞ্চুরিতে যেতে বল খেলেছেন ৩৪টি, অপরাজিত ১০৪ রানে। তাঁর ইনিংসে চার-ছক্কার ছড়াছড়ি নেই, ৮০ রানই নিয়েছেন দৌড়ে। তবে একের পর এক বাউন্ডারিতে চট্টগ্রামের বোলারদের আত্মা কাঁপিয়ে দিয়েছেন ফরহাদ। ৬৯ বলে করেছেন সেঞ্চুরি! ঝকঝকে ইনিংসটা সাজিয়েছেন ৯ চার আর ৫ ছয়ে। অপরাজিত তিনি ৭৭ বলে ১১৩ রান করে।
৬৫.২ ওভারেই লক্ষ্য পেরিয়ে যায় রাজশাহী। জাতীয় লিগে এটি তৃতীয় সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড। ‘প্রথম টায়ারে ওঠার প্রতিযোগিতায় টিকে থাকতে হলে ম্যাচটা আমাদের জিততেই হতো। এটা মাথায় রেখে জয়ের লক্ষ্যেই খেলেছি আমরা’—মুঠোফোনে বলছিলেন জুনায়েদ। জাতীয় লিগে দ্বিতীয় স্তরের পয়েন্ট তালিকায় রংপুর-রাজশাহীর লড়াইটা এখন জমাট। পাঁচ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষে রংপুর আর ৫৯ পয়েন্ট নিয়ে দুইয়ে রাজশাহী।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রংপুরের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে সিলেট অলআউট ১৫০ রানে। ২৫ রানের সহজ লক্ষ্যটা ১০ উইকেট হাতে রেখে পেরিয়ে যায় রংপুর। জাতীয় লিগের বাকি দুটি ম্যাচে ফল আসেনি। বিকেএসপিতে ৮৫ রান যোগ করে ২২৩ রানে অলআউট ঢাকা মহানগর। ২৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বরিশাল ৬ উইকেটে করে ১৭১। ফতুল্লায় খুলনা-ঢাকা বিভাগের ম্যাচটাও নিষ্প্রাণ ড্র। ৩০৩ রানের লক্ষ্যে খেলতে নেমে খুলনা ৩ উইকেটে করেছে ৯২ রান, যদিও আলোকস্বল্পতায় খেলা হয়নি ১৫ ওভার।
** জাতীয় লিগের বাইরে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে জোড়া সেঞ্চুরি পেয়েছেন শুধু শাহরিয়ার হোসেন, ২০০০ সালে জাতীয় দলের হয়ে এমসিসির বিপক্ষে