রাজশাহীর ম্যাচ কক্সবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩১ অক্টোবর থেকে শুরু জাতীয় লিগের শেষ পর্বে ম্যাচ ছিল রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামেও। কিন্তু এখন আর তা হবে না। রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বিসিবির সাবেক পরিচালক মাহমুদ জামাল এক মাঠকর্মীকে মারধর করায় নিরাপত্তার কারণে ম্যাচটি কক্সবাজার স্টেডিয়ামে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবির টুর্নামেন্ট কমিটি।
বিসিবির টুর্নামেন্ট কমিটির প্রধান আকরাম খানই কাল নিশ্চিত করেছেন, ‘শৃঙ্খলার ব্যাপারে বর্তমান বোর্ড খুবই কঠোর। গ্রাউন্ডসম্যানকে মারধরের ঘটনায়ও বিসিবি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আপাতত নিরাপত্তার কারণে আমরা জাতীয় লিগের শেষ রাউন্ডে রাজশাহীতে ম্যাচ দিচ্ছি না।’
ঘটনার সূত্রপাত জাতীয় লিগের চলতি পঞ্চম রাউন্ডের প্রথম দিন। রাজশাহীতে রাজশাহী-বরিশাল ম্যাচ শুরুর আগে সকালে উইকেটে পানি ঢালা হয়েছে—এমন অভিযোগে মাঠের প্রধান মাঠকর্মী রাসেলকে মারধর করেন মাহমুদ জামাল। ঘটনার পরদিন রাসেল রাজশাহীর রাজপাড়া থানায় মাহমুদ জামালকে অভিযুক্ত করে একটি সাধারণ ডায়েরিও করেছেন। রাজশাহী মহানগর পুলিশের সহকারী কমিশনার এ টি এম শাহীন আহমেদ মুঠোফোনে ডায়েরি করার কথা নিশ্চিত করে বলেছেন, ‘আমরা অপরাধের তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেব।’
মাঠকর্মীকে মারধরের ঘটনাটি অবশ্য অস্বীকার করেছেন মাহমুদ জামাল। মুঠোফোনে তাঁর দাবি, ‘এগুলো বানোয়াট কথা। আমি পাগল নাকি মারতে যাব! তবে খেলার আগে পিচে পানি ঢালায় আমি ওকে গালাগাল করেছি।’ জামালের পাল্টা অভিযোগ, ম্যাচের দিন সকালে পিচে পানি দেওয়ার নিয়ম না থাকলেও টাকার বিনিময়ে রাসেল সেটা করেছে। এ ব্যাপারে মধ্যাহ্নবিরতির সময় ম্যাচ রেফারির কাছে লিখিত অভিযোগ করার পরও নাকি কোনো সাড়া পাননি তিনি। জানা গেছে, ম্যাচের আগে উইকেট ‘অপ্রস্তুত’ বলে খেলা পেছাতে বলেছিলেন রাজশাহীর অধিনায়ক মুশফিকুর রহিমও। ‘উইকেট ভেজা থাকায় আমরা বলেছিলাম এক-দুই ঘণ্টা পরে ম্যাচ শুরু করতে। কিন্তু ম্যাচ অফিশিয়ালরা সেটা শোনেননি’—বলেছেন মাহমুদ জামাল।
প্রহৃত গ্রাউন্ডসম্যান রাসেল এ নিয়ে কোনো কথা বলতে রাজি হননি। তবে বিসিবির গ্রাউন্ডস কমিটির প্রধান হানিফ ভূঁইয়া বলেছেন, ‘ও লিখিতভাবে আমাদের ঘটনাটা জানিয়েছে। আমরা বিষয়টা তদন্ত করে দেখব।’ রাসেল তিন বছর ধরে শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামের ভারপ্রাপ্ত কিউরেটরের দায়িত্ব পালন করছেন।