রাজা-ওয়ালারের ঘুরে দাঁড়ানোর গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ানডে সিরিজ জয়েও বড় ভূমিকা ছিল তাঁর। সেই সিকান্দার রাজার ব্যাটই জিম্বাবুয়েকে দেখাচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে একমাত্র টেস্টে অসাধারণ এক জয়ের স্বপ্ন। কাল কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ৯৭ রানের ঝলমলে এক ইনিংস খেলে অপরাজিত ছিলেন রাজা l এএফপি
ওয়ানডে সিরিজ জয়েও বড় ভূমিকা ছিল তাঁর। সেই সিকান্দার রাজার ব্যাটই জিম্বাবুয়েকে দেখাচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে একমাত্র টেস্টে অসাধারণ এক জয়ের স্বপ্ন। কাল কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ৯৭ রানের ঝলমলে এক ইনিংস খেলে অপরাজিত ছিলেন রাজা l এএফপি

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজেও এমন হয়েছে। বারবার জিম্বাবুয়েকে চেপে ধরেছে শ্রীলঙ্কা, প্রায় প্রতিবারই কোনো না কোনোভাবে প্রতিরোধ গড়ে ঘুরে দাঁড়িয়েছে জিম্বাবুয়ে। শেষ পর্যন্ত তো ওয়ানডে সিরিজটাই জিতে নিয়েছে ৩-২ ব্যবধানে। তবে জিম্বাবুয়ের এই প্রতিরোধের সেরা রূপ দেখা গেল কাল কলম্বো টেস্টের তৃতীয় দিনে। ১০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করার পর রঙ্গনা হেরাথের ঘূর্ণিতে ২৩ রানেই ৪ উইকেট নেই। সেটা ৫ উইকেটে ৫৯ হয়ে গেল একটু পরেই। কিন্তু সিকান্দার রাজা-পিটার মুর আর ম্যালকম ওয়ালারের প্রতিরোধে সেই জিম্বাবুয়েই দিন শেষ করেছে ৬ উইকেটে ২৫২ রান নিয়ে!

২৬২ রানের লিড, হাতে এখনো ৪ উইকেট। ক্রিজে থাকা দুই ব্যাটসম্যান রাজা-ওয়ালার দারুণ খেলছেন। আগের দিনই জিম্বাবুয়ে কোচ হিথ স্ট্রিক বলেছিলেন, ২৫০ রানের লিড পেলেই খুশি হবে তাঁর দল। সেটা এরই মধ্যে পেয়ে গেছে জিম্বাবুয়ে। আরও ৫০-১০০ রান লঙ্কানদের জন্য কাজটা ভীষণ চ্যালেঞ্জিং করে দিতে পারে। ওয়ানডে সিরিজ জয়ের পর তাই এখন একমাত্র টেস্টটা জয়ের স্বপ্নও দেখতে পারে জিম্বাবুয়ে।

অথচ দিনের শুরুতে এই জিম্বাবুয়েকেই কী অসহায় লাগছিল! ১৯.৩ ওভারের মধ্যে শ্রীলঙ্কার প্রথম ইনিংসের বাকি ৩টি উইকেট তুলে নিলেও ব্যাটিং করতে নেমে ৪ উইকেট হারিয়ে ফেলে মাত্র ৮.৩ ওভারে! প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া রঙ্গনা হেরাথ এবারও আতঙ্ক হয়ে দাঁড়িয়েছিলেন। তাঁর টার্ন সামলাতে না পেরে সরাসরি বোল্ড হয়ে যান রেজিস চাকাভা, টারিসাই মুসাকান্দা ক্যাচ দিলেন দিমুথ করুনারত্নের হাতে, এলবিডব্লুর ফাঁদে পড়েন হ্যামিল্টন মাসাকাদজা। বোলিং ওপেন করে প্রথম ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন হেরাথ। সেটিও ১৪ বলের মধ্যে কোনো রান না দিয়ে। ওদিকে প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ক্রেগ আরভিনকে ফেরান দিলরুয়ান পেরেরা।

শন উইলিয়ামসকে নিয়ে সিকান্দার রাজা চেষ্টা করেছিলেন এই ধাক্কা সামাল দিতে। কিন্তু মধ্যাহ্নবিরতির পর উইলিয়ামসও ফিরে যান হেরাথের চতুর্থ শিকার হয়ে। জিম্বাবুয়ের ঘুরে দাঁড়ানোর গল্পটা শুরু হয় এরপর থেকে। রাজার সঙ্গে পিটার মুর জুটি বাঁধতেই বদলে যায় দৃশ্যপট। হেরাথসহ শ্রীলঙ্কার বাকি বোলাররাও যেন হঠাৎ করে এই দুজনের সামনে হয়ে পড়েন খুবই সাধারণ। শ্রীলঙ্কানদের রক্ষণাত্মক বোলিং আর ফিল্ডিংয়ের সুযোগ নিয়ে দুজনে গড়েন ৮৬ রানের জুটি। বদলি ফিল্ডার গুনাতিলকার ক্যাচ বানিয়ে লাহিরু কুমারা যখন মুরকে ফেরান, ততক্ষণে ১৫৫ রানের লিড হয়ে গেছে জিম্বাবুয়ের। কিন্তু এখানেই শেষ নয়, ম্যালকম ওয়ালারকে নিয়ে রাজা দিনের বাকি সময়টাও ভুগিয়েছেন লঙ্কান বোলারদের, গড়ছেন ১০৭ রানের অবিচ্ছিন্ন জুটি। ৬২ বলে ফিফটি করা রাজা দিন শেষে অপরাজিত ৯৭ রানে। ৫৭ রানে অপরাজিত সঙ্গী ওয়ালারও ফিফটি করেছেন মাত্র ৫৪ বলে। এ দুজন আজ সকালে আরও কিছুক্ষণ থাকলে জিম্বাবুয়ে ক্রিকেটের ঘুরে দাঁড়ানোর গল্পে আরেকটি অধ্যায় যোগ হয়ে যেতে পারে এই টেস্টে। ক্রিকইনফো।

সংক্ষিপ্ত স্কোর

জিম্বাবুয়ে: ৩৫৬ ও ৬৮ ওভারে ২৫২/৬ (মাসাকাদজা ৭, চাকাভা ৬, মুসাকান্দা ০, আরভিন ৫, উইলিয়ামস ২২, রাজা ৯৭*, মুর ৪০, ওয়ালার ৫৭*; হেরাথ ৪/৮৫, কুমারা ১/৪৩, দিলরুয়ান ১/৬৯)। শ্রীলঙ্কা ১ম ইনিংস: ১০২.৩ ওভারে ৩৪৬ (থারাঙ্গা ৭১, চান্ডিমাল ৫৫, গুনারত্নে ৪৫, ম্যাথুস ৪১; ক্রেমার ৫/১২৫, উইলিয়ামস ২/৬২, তিরিপানো ১/৩৮)।