
জিম্বাবুয়ের খেলোয়াড় বলে আগে হয়তো সিকান্দার রাজাকে কেউ গোনায়ই ধরেনি। তবে আজ থেকে প্রতিপক্ষ বোলারদের অঙ্ক কষে নামতে হবে তাঁর বিপক্ষে। নামের মতো কী দুর্দান্ত ইনিংসটাই না খেললেন সিকান্দার রাজা। ৪৫ বলে ঝোড়ো ব্যাটিংয়ে ৯৫ রান করেছেন এই জিম্বাবুইয়ান। ৬ মেরেছেন ছয়টি ও নয়টি আছে বাউন্ডারি। তাঁর দুর্দান্ত ব্যাটিংয়ের ওপর ভর করেই সিলেট সিক্সারসের বিপক্ষে ৪০ রানে জিতেছে চিটাগং ভাইকিংস। টানা চার ম্যাচ হেরে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল চিটাগংয়ের। অবশেষে সিকান্দারের ব্যাটে কাঙ্ক্ষিত জয় পাওয়া গেল ঘরের মাঠ চট্টগ্রামে এসে। বিপিএলে মারকুটে ব্যাটসম্যানের অভাব নেই। সিলেট সিক্সারসের বিপক্ষে দুর্দান্ত ইনিংসটির পর সিকান্দার রাজাকে অনেকেই রাখবেন তাঁদের নামের পাশে। জিম্বাবুয়ে ব্যাটসম্যানের হয়তো এরপরও আক্ষেপ থেকে যাবে। এবারের বিপিএলে প্রথম সেঞ্চুরিটা যে হাতছাড়া করেছেন মাত্র ৫ রানের জন্য! শেষ পর্যন্ত তা না হলেও বিপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসের পাশে নিজের নামটা লিখিয়েছেন। অর্থাৎ গেইল-ম্যাককালামদের ছাপিয়ে আপাতত সিকান্দারই ‘রাজা’! পাকিস্তানে জন্ম নিলেও জাতীয় দলের জার্সিতে জিম্বাবুয়ের নাম থাকায় সিকান্দারের অতটা তারকাখ্যাতি নেই। ব্যাপারটা তাঁর জন্য একদিক থেকে শাপে বর। চাপ ছাড়া খেলতে পারেন। আজ তাই হয়তো সিলেট সিক্সারসের বিপক্ষে উইকেটের চারপাশে স্ট্রোকের পসরা সাজিয়ে বসিয়েছিলেন তিনি।