রাজিন এখনো পারেন

আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অভিষেক হয়েছিল দারুণ প্রতিশ্রুতি নিয়ে। ২০০৩ সালে করাচিতে অভিষেক টেস্টে শোয়েব আখতারের গতি সামলেছিলেন দারুণ প্রত্যয় নিয়েই। দেশের হয়ে তাঁর পথচলাটাও মন্দ ছিল না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কীভাবে যেন হারিয়ে গেলেন। ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামার পর আর রঙিন জার্সি পরা হয়নি। ২০০৮ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন ক্যারিয়ারের শেষ টেস্ট। ২০০৪ সালে নিয়মিত অধিনায়ক হাবিবুল বাশারের অনুপস্থিতিতে যিনি চ্যাম্পিয়নস ট্রফিতে একটি ম্যাচে দেশকে নেতৃত্ব দিয়েছিলেন, সেই রাজিন সালেহই কিনা তলিয়ে গেছেন বিস্মৃতির অতলে!
সেই রাজিনই দারুণ এক সেঞ্চুরিতে নিজেকে মনে করালেন আজ। জাতীয় দলের ভাবনা বাদ দিয়েছেন অনেক দিন আগেই। মন দিয়ে ঘরোয়া ক্রিকেটটা খেলেন। খুব যে খারাপ পারফরম্যান্স তা কিন্তু নয়। এবারের প্রিমিয়ার লিগে তরুণ খেলোয়াড়দের নিয়ে গড়া ক্রিকেট কোচিং স্কুলকে (সিসিএস) নেতৃত্ব দিচ্ছেন। আজ ফতুল্লার খান সাহেব ওসমান স্টেডিয়ামে তাঁর ১০৬ রানের ওপর ভর করেই লিজেন্ড অব রূপগঞ্জের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৪২ রান তুলেছে তাঁর দল।
লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি রাজিন সালেহর ৫ম সেঞ্চুরি। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর সেঞ্চুরি অবশ্য একটি, ২০০৬ সালে কেনিয়ার বিপক্ষে। আজ ১৩৮ বলে ৮ চার ও ১ ছয়ে সাজানো তাঁর এই ইনিংসটির পাশাপাশি অমিত মজুমদারের ৫৬ রান সিসিএসের সংগ্রহ ভূমিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দলের সংগ্রহটা আরও বড় হতে পারত। কিন্তু মিডল অর্ডারের ব্যর্থতায় তা হয়নি। উদ্বোধনী ব্যাটসম্যান পিনাক ঘোষ করেছেন ৩০। এ ছাড়া সাঈদ সরকারের ব্যাট থেকে এসেছে ২২। গতবার প্রিমিয়ার লিগেও দুটি সেঞ্চুরি ছিল রাজিনের। এবার আজই প্রথম।
২৪৩ রান তাড়া করতে নেমে জয়ের পথেই আছে রূপগঞ্জ। এখনো পর্যন্ত ৪৫ ওভারে ৩ উইকেটে ২১৬ রান তুলেছে তারা। সৌম্য সরকার ২২ রানে ফিরলেন। মোহাম্মদ মিঠুন আর আসিফ আহমেদের অনবদ্য দুই অপরাজিত ইনিংসে জয়টা এখন সময়েরই ব্যাপার তাঁদের জন্য। মিঠুন শতক থেকে দাঁড়িয়ে আছেন ১১ রান দূরে। আসিফ অপরাজিত ৬৩ রানে।