রাজিনের দ্বিতীয় সেঞ্চুরি
১৩ ম্যাচে ১৩ হার। আশ্চর্য ধারাবাহিকতা দেখিয়েই ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ শেষ করল ওল্ড ডিওএইচএস। কাল রেলিগেশন লিগে নিজেদের শেষ ম্যাচে পারটেক্স স্পোর্টিংয়ের কাছে ৮৮ রানে হেরেছে প্রথম পর্ব শেষেই অবনমন নিশ্চিত হওয়া দলটি। অবনমনে ওল্ড ডিওএইচএসের সঙ্গী কে হবে সেটা জানতে এখন অপেক্ষা কালকের কলাবাগান ক্রীড়াচক্র-পারটেক্স ম্যাচের। ১২ ম্যাচ শেষে দুই দলের পয়েন্ট সমান ৬।
কাল ফতুল্লা আউটার স্টেডিয়ামে রাজিন সালেহর (১০৭*) সেঞ্চুরি ও জনি তালুকদারের (৯৩) হাফ সেঞ্চুরিতে ৫ উইকেটে ২৬৯ রান করে পারটেক্স। এবারের লিগে রাজিনের এটা দ্বিতীয় সেঞ্চুরি। জবাবে ওল্ড ডিওএইচএস অলআউট ১৮১ রানে।
সংক্ষিপ্ত স্কোর
পারটেক্স: ৫০ ওভারে ২৬৯/৫ (রাজিন ১০৭*, জনি ৯৩, মেহরাব জু. ২৮; সালেহ ৩/৪২)। ওল্ড ডিওএইচএস: ৪৭.২ ওভারে ১৮১ (রায়হান ৪৪, নেহাদুজ্জামান ৩১, রনি ২৫, রুবেল মিয়া ২৪, জয়রাজ ২৪; নুরুজ্জামান ৩/৩০, শফিউল আলম ৩/৩০, নিয়ামুল ২/৩২)।
ফল: পারটেক্স ৮৮ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: রাজিন সালেহ।