রাজ্জাক একাদশে না থাকার কারণ তাহলে এই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তড়িঘড়ি করে স্কোয়াডে ডেকে একাদশে রাখা হয়নি রাজ্জাককে। প্রথম আলো ফাইল ছবি
তড়িঘড়ি করে স্কোয়াডে ডেকে একাদশে রাখা হয়নি রাজ্জাককে। প্রথম আলো ফাইল ছবি
>• সাকিব আল হাসান চোটে পড়ায় জরুরি ভিত্তিতে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে রাজ্জাককে।
• কিন্তু বাঁহাতি স্পিনারকে খেলানো হয়নি এই টেস্টে।
• কেন রাজ্জাক একাদশে সুযোগ পাননি, সেটি আজ জানিয়েছেন দলের টেকনিক্যাল ডিরেক্টর।

চট্টগ্রাম টেস্টে আবদুর রাজ্জাককে কখনো ডাগআউটে দেখা যাচ্ছে। কখনো ড্রেসিংরুমে। পানি পানের বিরতিতে মাঠেও আসতে দেখা যাচ্ছে মাঝেমধ্যে। জাতীয় দলে ফেরার আশা তাঁর সব সময়ই ছিল। কিন্তু যেভাবে ফিরলেন, এভাবে নিশ্চয়ই চাননি।

সাকিব আল হাসান চোটে পড়ায় জরুরি ভিত্তিতে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে রাজ্জাককে। প্রায় চার বছর পর জাতীয় দলে ফিরে নিজেই চমকে গিয়েছিলেন ৩৫ বছর বয়সী স্পিনার। যেহেতু আকস্মিক ডাক পড়েছে, শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে হয়তো তাঁকে খেলাবে টিম ম্যানেজমেন্ট, এমন ধারণা ছিল অনেকের। কিন্তু রাজ্জাকের জায়গায় খেলানো হয়েছে কোনো টেস্ট না খেলা সানজামুল ইসলামকে।

রাজ্জাককে উপেক্ষা করা নিয়ে অনেক কথাই হয়েছে গত তিন দিনে। কিন্তু টিম ম্যানেজমেন্টের ব্যাখ্যা পাওয়া যায়নি। আজ দলের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ বললেন, ‘বিশেষ কোনো কারণ নেই। রাজ্জাকের আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে, তবে অনেক দিন সে জাতীয় দলের সেটআপে ছিল না। সানজামুলের প্রতি আমাদের আত্মবিশ্বাস বেশি ছিল। সে সেটআপে ছিল, অনেক দিন ধরে আছে জাতীয় দলের সঙ্গে। রাজ্জাকের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন নেই। আমরা ভেবেছি যে সানজামুল হয়তো এই কন্ডিশনে বেশি দিতে পারবে। এখানে অন্য কোনো কারণ নেই।’

তাই যদি হবে, তবে আকস্মিকভাবে রাজ্জাককে শুধু শুধু কেন ডাকা? খালেদ মাহমুদ যদিও দাবি করলেন, পরিকল্পনা ছিল বলেই রাজ্জাককে নেওয়া হয়েছে দলে, ‘রাজ্জাককে নিয়েও পরিকল্পনা ছিল। হঠাৎ করে নিয়ে আসা হয়নি। তবে দল নির্বাচনে যখন আমরা বসেছি, অধিনায়ক ছিল, আমরা চিন্তা করেছি রাজ্জাককে একটু সময় দেওয়া দরকার। আরেকটু কাজ করলে হয়তো ওর জন্য সহজ হবে।’

মাঝে শোনা গিয়েছিল, রাজ্জাককে হয়তো পরের টেস্টে স্কোয়াডেই রাখবে না টিম ম্যানেজমেন্ট। চট্টগ্রাম থেকেই তাঁকে ছেড়ে দেওয়া হবে। চট্টগ্রাম থেকে তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এলেও শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টে রাজ্জাকের দলে থাকাটা অনিশ্চিতই।