রাজ্জাক বোঝালেন ফুরিয়ে যাননি তিনি

জাতীয় লিগে খুলনার ম্যাচটি যে ফল দেখবে, সেটি অনুমান করা যাচ্ছিল কালই। প্রথম স্তরের এই ম্যাচটি জিততে হলে শেষ দিনে বরিশালকে করতে হতো ৩৭১ রান। হাতে ছিল ১০ উইকেট। কিন্তু খুলনা অধিনায়ক আবদুর রাজ্জাকের স্পিন-জাদুতে কঠিন এই পথটি পাড়ি দিতে পারেনি বরিশাল, হেরেছে ২৩৯ রানে।
ফজলে রাব্বী-রাফসান আল মাহমুদের ওপেনিং জুটিতে ৫৮ রান যোগ করার পর বরিশালের বিপর্যয় শুরু মঈনুল ইসলামের বাঁহাতি স্পিনে। ১০ রানের মধ্যে বরিশালের প্রথম যে তিন উইকেট পড়েছে, প্রতিটি ২০ বছর বয়সী খুলনার এই বাঁহাতি স্পিনারের বলে। মঈনুল শুরু করেছিলেন। বাকিটা শেষ করেছেন রাজ্জাক। রাজ্জাক-মঈনুলদের দুর্দান্ত বোলিংয়ে বরিশাল যখন কাঁপছে, যা একটু লড়েছেন ওপেনার ফজলে। দলের শেষ উইকেট হিসেবে রাজ্জাকের শিকার হওয়ার আগে করেছেন ৮৮ রান।
রাজ্জাক পেয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেটে ২৯তম পাঁচ উইকেট। ম্যাচে ৯ উইকেট। জাতীয় দলের দরজাটা বন্ধ হয়ে গেছে কবেই, তবুও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ভালো খেলে রাজ্জাক বুঝিয়ে যাচ্ছেন, ফুরিয়ে যাননি তিনি!
অনুমিতভাবেই ড্র হয়েছে ঢাকা-রংপুর বিভাগের ম্যাচটি। সাইমন আহমেদ, জাহিদ জাভেদ, সোহরাওয়ার্দী শুভ ও নাসির হোসেনের ফিফটিতে রংপুর ২ উইকেটে ২৩৭ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে। রনি তালুকদারের ফিফটিতে ঢাকা বিভাগ করে ৩ উইকেট ১৫০ রান।