রাজ্জাক কেন অপাঙ্ক্তেয়, প্রশ্ন আমিনুলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমিনুল চান রাজ্জাককে ছবি: প্রথম আলো
আমিনুল চান রাজ্জাককে ছবি: প্রথম আলো

‘এই মুহূর্তের বাস্তবতায়’ বাঁ হাতি স্পিনার আবদুর রাজ্জাককে নিয়ে ভাবছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচক কমিটি। সে কারণে অনেক আয়োজনের হাই পারফরম্যান্স (এইচপি) স্কোয়াডে রাখা হয়নি তাঁকে। গত ১০ বছরেরও বেশি সময় ধরে যে খেলোয়াড়টি জাতীয় দলকে দুই হাতে দিয়ে গেলেন তাঁকে বর্তমানের ‘বাস্তবতায়’ দূরে সরিয়ে রাখার হেতুই খুঁজে পাচ্ছেন না জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম। রাজ্জাকের অভিজ্ঞতা, দেশের হয়ে তাঁর অর্জনকে অমূল্য আখ্যা দিয়ে তিনি মনে করেন, দেশের এই অভিজ্ঞ ক্রিকেট তারকাকে অন্তত একবার নিজেকে ফিরে পাওয়ার সুযোগটা করে দেওয়া উচিত।
প্রথম আলোর সঙ্গে এক আলাপচারিতায় আমিনুল বলেন, এই মুহূর্তে রাজ্জাকের বিকল্প কী তৈরি হয়েছে? নির্বাচকেরা যদি আরাফাত সানি কিংবা তাইজুলকে এখনই রাজ্জাকের বিকল্প ভাবা শুরু করেন, তাহলে বলার কিছু নেই। তবে টেস্ট ক্রিকেটে দেশের হয়ে প্রথম সেঞ্চুরিয়ানের বক্তব্য এ ক্ষেত্রে খুব পরিষ্কার, দুর্বলতাগুলোকে কাটিয়ে ওঠার সুযোগটা দিতেই রাজ্জাককে এইচপি স্কোয়াডে ডাকা উচিত ছিল।
অনেকেই মনে করছেন এইচপি স্কোয়াডে ঠাঁই না হওয়ায় এই বাঁ হাতি স্পিনারের আন্তর্জাতিক ক্যারিয়ারও হুমকির মুখে পড়ে গেল। আমিনুল এ ধরনের শঙ্কাকে দুঃখজনক আখ্যা দিয়ে বলেন, রাজ্জাকের এমন কিছু বয়স হয়নি যে তাঁকে জাতীয় দলের হিসাব থেকেই বাদ দিয়ে দিতে হবে। ওকে এইচপিতে না নেওয়াটা দুঃখজনক। বয়সের দিক দিয়ে অভিজ্ঞ খেলোয়াড়েরাও যে নিজেকে ফিরে পেতে পারেন, দারুণ খেলে আবার লাইম লাইটে আসতে পারেন, তার সবচেয়ে বড় প্রমাণ কাল পাকিস্তানের হয়ে জিম্বাবুয়ের বিপক্ষে রেখেছেন শোয়েব মালিক। দীর্ঘ দিন পর দলে ফিরে দারুণ একটা ইনিংস খেললেন তিনি।
আমিনুল প্রশ্ন করেন, শোয়েব মালিক কিংবা মোহাম্মদ সামির ওপর পাকিস্তান দল যদি আস্থা রাখতে পারে, আমরা রাজ্জাকের ক্ষেত্রে কেন রাখব না?
যে খেলোয়াড়টিকে ‘বাস্তবতা’র কারণে এইচপিতে রাখা হয়নি, সেই খেলোয়াড়টি কিন্তু ঘরোয়া ক্রিকেটে খারাপ তো করেনইনি, বরং কোনো কোনো ক্ষেত্রে অন্য অনেকের চেয়েও নিজের পারফরম্যান্সের গ্রাফটা ঊর্ধ্বমুখী রেখেছেন। প্রিমিয়ার ক্রিকেট লিগে কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে ১০ ম্যাচে নিয়েছেন ২১ উইকেট। প্রথম শ্রেণির জাতীয় ক্রিকেট লিগে তাঁর সংগ্রহ ৪১ উইকেট। প্রথম শ্রেণির অপর প্রতিযোগিতা বাংলাদেশ ক্রিকেট লিগেও তিনি স্বরূপেই। এখনো পর্যন্ত ১৮ উইকেট নিয়ে নিজের উইকেট নেওয়ার ক্ষমতার প্রমাণ রেখেছেন তিনি বেশ ভালোভাবেই।
আমিনুলের মতো তাই অনেকেরই প্রশ্ন, আন্তর্জাতিক ক্রিকেটে ২৭৪ উইকেটের মালিক রাজ্জাক কেন অপাঙক্তেয় হয়ে রইবেন?