রাজ্জাকের ম্যাচে জিতল উত্তরাঞ্চল
প্রথম শ্রেণির ক্রিকেটে ৪০০ উইকেট। অষ্টমবারের মতো ম্যাচে ১০ উইকেট। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট নিয়ে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়া। এবারের বিসিএলের প্রথম ম্যাচটায় মনে রাখার মতো কত কীর্তি আবদুর রাজ্জাকের! কিন্তু এসবে কি আর সান্ত্বনা পাচ্ছেন প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের অধিনায়ক?
এত কিছু করার পরও যে হেরে গেছে তাঁর দল। ২৩১ রানের লক্ষ্য, হাতে ছিল প্রায় পুরোটা দিন। কিন্তু রাজশাহীতে উত্তরাঞ্চল স্পিনারদের ঘূর্ণি বলে দিশেহারা দক্ষিণাঞ্চল অলআউট ৪৭.৫ ওভারেই, ১৫৬ রানে। বিসিবি উত্তরাঞ্চল তাই জিতল ৭৪ রানে।
উত্তরের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ৩৮ রানে নিয়েছেন ৫ উইকেট। ছুঁয়েছেন ১৫০ উইকেটের মাইলফলক। ক্যারিয়ার-সেরা বোলিং করেছেন নাসির হোসেনও (৩/১৪)। দক্ষিণের হয়ে যা লড়ার একাই লড়েছেন শাহরিয়ার নাফীস। ৭৪ রান করে এই ওপেনার আউট হয়েছেন নবম ব্যাটসম্যান হিসেবে।
এর আগে দিনের শুরুতে ধ্বংসলীলা চালিয়েছেন রাজ্জাক। ৪ উইকেটে ১৫৬ রান নিয়ে দিন শুরু করা উত্তর ১২.২ ওভারের মধ্যেই অলআউট আর মাত্র ২৬ রান যোগ হতেই। ৫৮ রানে ৭ উইকেট নিয়েছেন রাজ্জাক, এর ৫টিই কাল সকালে। সানজামুলকে ফিরতি ক্যাচ বানিয়ে ৪০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন জাতীয় দলের বাইরে থাকা স্পিনার।
বগুড়ায় সম্ভাবনা জাগিয়েও জিততে পারেনি ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। জয়ের জন্য ৪৬ ওভারে ২০৮ রানের লক্ষ্য পায় পূর্বাঞ্চল। ওপেনার তাসামুল হক দারুণ ব্যাটিং করে দলকে নিয়েও যাচ্ছিলেন সেই পথে। কিন্তু পূর্বাঞ্চল ৪১ ওভারে ৫ উইকেটে ১৮৩ রান তুলতেই বাগড়া দিল আলোকস্বল্পতা। ম্যাচের সমাপ্তি ওখানেই। তাসামুল অপরাজিত ছিলেন ৯১ রানে।
সংক্ষিপ্ত স্কোর
বিসিবি উত্তরাঞ্চল-প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল, রাজশাহী
উত্তরাঞ্চল: ৩৯২ ও ৬৮.২ ওভারে ১৮২ (জুনায়েদ ৫৯, ফরহাদ ৪৮, নাঈম ২২; রাজ্জাক ৭/৫৮)।
দক্ষিণাঞ্চল: ৩৪৪ ও ৪৭.৫ ওভারে ১৫৬ (শাহরিয়ার ৭৪, মেহেদী ২৬, সোহাগ ২২; তাইজুল ৫/৩৮, নাসির ৩/১৪, শুভাশিস ২/৩৭)। ফল: উত্তরাঞ্চল ৭৪ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: তাইজুল ইসলাম (উত্তরাঞ্চল)।
ওয়ালটন মধ্যাঞ্চল-ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল, বগুড়া
মধ্যাঞ্চল: ৩৯৪ ও ৬৩.২ ওভারে ১৬৮ (তানভীর ৪৬, শামসুর ৩০, মার্শাল ২৫; জায়েদ ৪/৪৩, হাসান ৩/৫৪, অপু ২/২৫)।
পূর্বাঞ্চল: ৩৫৫ ও ৪১ ওভারে ১৮৩/৫ তাসামুল ৯১*, অলক ৩৯; সৈকত ৩/৩৪)।
ফল: ড্র। ম্যান অব দ্য ম্যাচ: তানভীর হায়দার (মধ্যাঞ্চল)।