রাজ্জাকের 'এলাহি কাণ্ড'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
৩৫ পাড়ি দিয়েও রাজ্জাক এখনো ক্ষুরধার। ছবি: প্রথম আলো
৩৫ পাড়ি দিয়েও রাজ্জাক এখনো ক্ষুরধার। ছবি: প্রথম আলো
• চার বছর পর দলে ফিরে দ্যুতি ছড়াচ্ছেন রাজ্জাক।
• শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ৬৩ রানে ৪ উইকেট নিয়েছেন রাজ্জাক।

৩৫ পার করলেই বেশির ভাগ ক্রিকেটার যেখানে নিজের শেষ দেখতে পান, সেখানে আবদুর রাজ্জাক ৩৫ পার করে যেন নতুন দিনের স্বপ্ন দেখছেন!

বাংলাদেশের হয়ে সর্বশেষ টেস্ট খেলেছেন ২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে। চট্টগ্রামে ড্র হওয়া সেই টেস্ট শেষ হয়েছিল ৮ ফেব্রুয়ারি। অর্থাৎ কাঁটায় কাঁটায় চার বছর পর সাদা পোশাকের এই ফেরাকে রাজ্জাক বাঁধিয়ে রাখলেন ৪ উইকেটের রঙিন ফ্রেমে!
টেস্টে ৩৫ পার করা ক্রিকেটারদের এমন রঙিন ফেরা কিন্তু এই প্রথম নয়। আমির এলাহিকে কেউ চেনেন? হাতে গোনা যে ১২ জন ক্রিকেটারের দুটি দেশের প্রতিনিধিত্ব করার সৌভাগ্য হয়েছে, এলাহি তাঁদের একজন। লাহোরে জন্ম নেওয়া প্রয়াত এ ক্রিকেটার তাঁর নিজ দেশ পাকিস্তান ও ভারতের হয়ে টেস্ট খেলেছেন।
ভারতের হয়ে এলাহির টেস্ট অভিষেক ঘটেছিল ৩৯ বছর ১০৮ দিন বয়সে। দীর্ঘ ৪ বছর ৩০৩ দিন পর পরবর্তী টেস্ট খেলার সুযোগ পেয়েছিলেন এলাহি। পাকিস্তানের হয়ে সেই টেস্টে মাঠে ফিরে ভারতের প্রথম ইনিংসে ১৩৪ রানে ৪ উইকেট নিয়েছিলেন এলাহি। রাজ্জাক ৪ উইকেট নিয়েছেন ৬৩ রানে। চার থেকে পাঁচ বছর পর্যন্ত বিরতির পর টেস্টে প্রত্যাবর্তন ঘটানোদের মধ্যে অন্তত বোলিংয়ে এলাহি ও রাজ্জাকই এগিয়ে।
অস্ট্রেলিয়ান ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা স্টাইলিশ ব্যাটসম্যান চার্লি ম্যাকার্টনি ৩৫ বছর ১৫৫ দিন বয়সে ৩০তম টেস্ট খেলার পর ৪ বছর ১৯৫ দিন দলের বাইরে ছিলেন। ১৯২৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে নটিংহাম টেস্ট দিয়ে ফিরলেও ম্যাচটি অকালেই ড্র হওয়ায় ব্যাট হাতে নেওয়ার সুযোগ পাননি ম্যাকার্টনি। ইংল্যান্ডের প্রয়াত ওপেনার পার্সি হোমস ৪ বছর ১৩৮ দিন পর ফিরেছিলেন জাতীয় দলে। প্রত্যাবর্তনের সেই ম্যাচে ব্যাট হাতে কিছুই করতে পারেননি হোমস।
টেস্টে পাঁচ থেকে ছয় বছর পর দলে ফেরাদের তালিকায় রয়েছেন আট ক্রিকেটার। এ তালিকায় একমাত্র উইলফ্রেড রোডসের সঙ্গেই রাজ্জাকের এ পারফরম্যান্স মানায়। সবচেয়ে বেশি বয়সে (৫২ বছর) টেস্ট খেলার রেকর্ডধারী এ কিংবদন্তি ইংলিশ অলরাউন্ডার ৫ বছর ৭৬ দিন বিরতির পর ফিরেছিলেন সাদা পোশাকে। ১৯২৬ সালে কেনিংটন ওভালের সেই ম্যাচে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ২ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়েছিলেন রোডস।
টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ৯ বছর ১৪৩ দিন পর দলে ফেরার রেকর্ডও আছে। ১৮৯৬ সালে কেনিংটন ওভালে ৩৫ বছর ১৩৩ দিন বয়সে টেডি ওয়েনইয়ার্ডের অভিষেক ঘটেছিল টেস্টে। ১৯০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্ট দিয়ে জাতীয় দলে ফেরার সময় ওয়েনইয়ার্ডের বয়স ছিল ৪৪ বছর ২৭৬ দিন। সে ম্যাচে অবশ্য ব্যাটে কিংবা বলে তেমন কিছুই করতে পারেননি।
আসলে দীর্ঘ বিরতির পর টেস্টে ফিরে ভোঁতা ধার নিয়ে হাজির হওয়া ‘বুড়ো’ ক্রিকেটারের সংখ্যাই বেশি। তা তিনি ব্যাটসম্যানই হোন, কিংবা বোলার। টেস্টে চার বছর কিংবা এর চেয়ে বেশি সময় বাইরে থাকার পর ফিরে ৪ উইকেট নেওয়ার কীর্তিই আছে দুজনের। এলাহির পর সেই এলাহি কাণ্ড করে দেখালেন কেবল রাজ্জাক।
আফসোস একটাই, এমন স্মরণীয় প্রত্যাবর্তনের দিনে সতীর্থ ব্যাটসম্যানরা কীভাবে ডোবালেন! রাজ্জাককে না এবার ব্যাট হাতেও কিছু করে দেখাতে হয়!